বন্দরে এক দিনে ফাঁকা ১০ জেটি!
চট্টগ্রাম বন্দরে এক দিনে ১০টি জেটিতে জাহাজ না থাকার রেকর্ড হয়েছে। বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কমে যাওয়ায় কয়েক মাস ধরে প্রতিদিন তিন-চারটি জেটি খালি পড়ে থাকত। তবে এক দিনে ১০টি জেটি খালি থাকার রেকর্ড নিকট-অতীতে নেই বলে বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। বন্দর সূত্রে জানা যায়, বন্দরে মূল তিনটি টার্মিনালের ১৭টি জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো হয়। গত বৃহস্পতিবার বন্দরে জেনারেল কার্গো বার্থ-জিসিবি টার্মিনালে আটটি এবং অপর দুটি টার্মিনালের দুটি জেটিতে কোনো জাহাজ ছিল না। একই দিন জেটিতে ভেড়ার জন্য বহির্নোঙরে একটি জাহাজও অপেক্ষমাণ ছিল না। আমদানির দলিলপত্র না আসায় চারটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছিল।জানতে চাইলে বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এক দিনে ১০ জেটিতে জাহাজ না থাকা আমাদের জন্য হতাশাজনক। কারণ, জাহাজ না থাকলেও বার্থ অপারেটরদের নিযুক্ত জনবল ও যন্ত্রপাতি খাতে নির্ধারিত ব্যয় পরিশোধ করতে হচ্ছে।’ জাহাজ কম থাকায় শ্রমিকেরাও এখন নিয়মিত কাজ পাচ্ছেন না বলে তিনি জানান। প্রসঙ্গত, বন্দরের জিসিবি টার্মিনালের ১২টি জেটি ১২ জন বেসরকারি বার্থ অপারেটর পরিচালনা করছে। এ ছাড়া চিটাগাং কনটেইনার টার্মিনাল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচটি জেটি বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করছে। বন্দর সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও বন্দরের বহির্নোঙর, মূল জেটি এবং বিশেষায়িত জেটিগুলোতে ৫০ থেকে ৫৫টি পণ্যবাহী জাহাজ অবস্থান করত। গত বৃহস্পতিবার পণ্যবাহী জাহাজ ছিল ৩৭টি। এর মধ্যে বহির্নোঙরে ২৬টি এবং বিশেষায়িত জেটিতে ছিল চারটি জাহাজ। এর বাইরে বন্দরের মূল জেটিতে অবস্থান করছিল মাত্র সাতটি জাহাজ। সূত্র আরও জানায়, জাহাজ কমে আসায় বন্দর সংশ্লিষ্ট শিল্পেও এর প্রভাব পড়েছে। যেমন, চট্টগ্রামে ১৮টি বেসরকারি কনটেইনার ডিপোর কাজ কমে গেছে। এসব ডিপোতে ১৯ ধরনের আমদানি পণ্য খালাস এবং সিংহভাগ রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই ও খালি কনটেইনার সংরক্ষণ করা হয়। কিন্তু বন্দর দিয়ে কনটেইনার পরিবহন কমে যাওয়ায় এই তিন ধরনের কনটেইনার ওঠানো-নামানোর হার কমছে এসব ডিপোতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, টাকার অঙ্কে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় খাদ্যশস্য অর্থাৎ চাল-গম আমদানি কমেছে প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া ভোগ্যপণ্যের মধ্যে ডাল ও মসলা আমদানি কমেছে। শিল্পের মধ্যবর্তী কাঁচামাল বিপি শিট, সিআই শিট, হার্ড কোক আমদানি কমেছে পণ্যভেদে সর্বোচ্চ ৪০ শতাংশ। কাঁচা তুলা আমদানি কমেছে প্রায় ৩০ শতাংশ। মূলধনী যন্ত্রপাতির মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল শিল্পের যন্ত্রপাতি আমদানি কমেছে খাতভেদে প্রায় এক থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ। এ ছাড়া গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ এবং ট্রেইলার্স যন্ত্রাংশ আমদানিও কমেছে। এসব পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এ কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের হারও কমছে। বন্দর কর্মকর্তারা জানান, একদিকে পণ্য আমদানি কমায় জাহাজ আগমনের সংখ্যাও কমে গেছে। আবার অন্যদিকে দ্রুততম সময়ের মধ্যে জাহাজ জেটি ছেড়ে যাচ্ছে। এ কারণে নিয়মিতই বন্দরের অনেক জেটি খালি থাকছে।