বন্দরে কনটেইনার পরিবহন ১৮ লাখ ছাড়িয়ে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরে কনটেইনার ওঠানো–নামানো হচ্ছে l ফাইল ছবি
বন্দরে কনটেইনার ওঠানো–নামানো হচ্ছে l ফাইল ছবি

চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে যেতে পারে। অর্থবছরের প্রথম আট মাসে কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এ পূর্বাভাস পাওয়া গেছে।
বন্দর সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথম আট মাসে কনটেইনার ওঠানো-নামানো হয়েছে ১১ লাখ ৮৭ হাজার ২৭২টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)। গত অর্থবছর একই সময়ে ওঠানো-নামানো হয় ১০ লাখ ৫২ হাজার ৭৬০টি। এ হিসাবে আট মাসে কনটেইনার পরিবহন বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৬২টি।
শতকরা হিসাবে এই কনটেইনার পরিবহন বাড়ার হার ১২ দশমিক ৮১ শতাংশ। বন্দরের পূর্বাভাস অনুযায়ী, বছরে কনটেইনার পরিবহন বাড়ার হার ১০ থেকে ১২ শতাংশ। বন্দরের পূর্বাভাসের চেয়েও বেশি হারে বাড়ছে কনটেইনার পরিবহন।
বন্দরের কনটেইনার পরিস্থিতি বিশ্লেষণ করে বন্দর পর্ষদের সাবেক সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, যেভাবে কনটেইনার পরিবহন বাড়ছে, তাতে এ অর্থবছর শেষে তা ১৮ লাখ একক ছাড়িয়ে যেতে পারে। এ জন্য বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এ বছরের মধ্যে চালু করা উচিত। অন্যথায় আগামী বছরে কনটেইনার পরিবহনে বিপদে পড়তে পারে বন্দর।
বন্দর সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধেও গত দুই মাসে কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা কমেনি। গত জানুয়ারি মাসে হরতাল-অবরোধের সময় দিনে গড়ে কনটেইনার ওঠানো-নামানো হয়েছে ৪ হাজার ৮৬৬টি।
গত ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৭৫টি। অবশ্য হরতাল-অবরোধের প্রভাব পড়তে সময় লাগবে আরও এক-দুই মাস। কারণ, হরতাল-অবরোধে যেসব পণ্য এসেছে, সেগুলোর ঋণপত্র খোলা হয়েছে হরতাল-অবরোধের আগে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের অর্থনীতির গতিশীলতার জন্য বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যাও বাড়ছে। উৎপাদন সচল আছে। ফলে শিল্প-কারখানার কাঁচামাল আসছে কনটেইনারে। আবার রপ্তানিও বাড়ছে। এসবের প্রভাবে কনটেইনার পরিবহন বাড়ছে। এ জন্য বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দ্রুত চালুর জন্য কাজ চলছে।
বন্দরের তথ্য অনুযায়ী, জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর জন্য বন্দরে বর্তমানে ১০টি জেটি ব্যবহৃত হচ্ছে। নিউমুরিং কনটেইনার টার্মিনালের দুটি জেটি সনাতন পদ্ধতিতে ব্যবহৃত হলেও তিনটিতে এখনো কনটেইনার জাহাজ ভেড়ানো হচ্ছে না। নির্মাণের সাত বছর পেরিয়ে গেলেও এই টার্মিনালে এখনো আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চালু করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, কনটেইনারে আমদানি পণ্যের মধ্যে রয়েছে পোশাকশিল্পের কাঁচামাল, গৃহস্থালি পণ্য, ভোগ্যপণ্য ইত্যাদি। কনটেইনারে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ ইত্যাদি।