বন্দরে কনটেইনারের স্তূপ স্বাভাবিক ওঠানামা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ২০টি ইয়ার্ডে কনটেইনার সংরক্ষণের ক্ষমতা ৩০ হাজার ৮৮৬ ইউনিট। এক মাস ধরে গড়ে ২৫ হাজার ইউনিট কনটেইনার অবস্থান করছে বন্দরে। অর্থাৎ গড়ে কনটেইনার রাখার ধারণক্ষমতার ৮০ শতাংশই ব্যবহূত হচ্ছে। এক মাস আগেও এই হার ছিল প্রায় ৫৭ শতাংশ। বন্দরের কর্মকর্তারা জানান, কনটেইনার অবস্থানের সংখ্যা বাড়ায় বন্দরে কনটেইনার ওঠানামা ও স্থানান্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারণ মোট ২০টি ইয়ার্ডের কয়েকটিতে নিয়মিতভাবে ধারণক্ষমতার বেশি কনটেইনার রাখতে হচ্ছে। গত এক মাসে বন্দরের কনটেইনারের অবস্থানচিত্র পর্যালোচনা করে দেখা গেছে, জেআর ইয়ার্ড ও খালি কনটেইনার ইয়ার্ডে ধারণক্ষমতার বেশি কনটেইনার পড়ে আছে। নর্থ কনটেইনার ইয়ার্ড ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইয়ার্ডে ধারণক্ষমতার কম কনটেইনার অবস্থান করলেও মূল জেটি থেকে দূরে হওয়ায় সেখানে কনটেইনার আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, আঙ্কটাডের হিসাব অনুযায়ী ধারণক্ষমতার ৬৭ শতাংশ পর্যন্ত ব্যবহার হলে কনটেইনার অপারেশন স্বাভাবিক থাকে। এর বেশি হলে স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম ব্যাহত হয়।’বন্দরের পরিসংখ্যানে দেখা গেছে, বন্দরে কনটেইনার রাখার ধারণক্ষমতা ৩০ হাজার ৮৮৬ ইউনিট (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। গত শুক্রবার ২৫ হাজার ৭৪ ইউনিট এবং শনিবার ২৪ হাজার ৫৬২ ইউনিট কনটেইনার পড়েছিল বন্দরে। অর্থাৎ ধারণক্ষমতার গড়ে ৮০ শতাংশই এখন কনটেইনার ভর্তি হয়ে আছে বন্দর ইয়ার্ডে। এক থেকে দেড় বছর ধরে ধারণক্ষমতার ৫৭ শতাংশ ব্যবহূত হতো। বন্দর পরিবহন বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জেসিবি ইয়ার্ডে ধারণক্ষমতার বেশি কনটেইনার পড়ে থাকলেও সিসিটি, এনসিটি ও নর্থ কনটেইনার ইয়ার্ডে ধারণক্ষমতার কম কনটেইনার পড়ে আছে। কিন্তু দূরত্বের কারণে জেসিবি ইয়ার্ড থেকে এসব ইয়ার্ডে কনটেইনার আনা-নেওয়া করা হচ্ছে না। কনটেইনার অবস্থানের সংখ্যা বাড়ায় অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে চলতি মাসের প্রথম সপ্তাহে উদ্যোগ নিতে শুরু করে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে গত শনিবার থেকে খালি কনটেইনার রাখার ভাড়া চার গুণ বাড়িয়েছে। বন্দর কর্তৃপক্ষ মনে করছে, ভাড়া বাড়ানোর কারণে জাহাজ কোম্পানির প্রতিনিধিরা বন্দর ইয়ার্ড থেকে কনটেইনার অপসারণ করে বেসরকারি কনটেইনার ডিপোতে স্থানান্তর কিংবা জাহাজে বোঝাই করবে। বন্দরের এই উদ্যোগে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন আপত্তি জানিয়েছে। সংগঠনের সহসভাপতি পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরে খালি কনটেইনার অবস্থানের সংখ্যা খুব বেশি বাড়েনি। বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও খালি কনটেইনার পরিবহনের হার বাড়ছে। বন্দরে কনটেইনার অবস্থান সংখ্যা কমাতে বেসরকারি কনটেইনার ডিপোতে এ পর্যন্ত ১৭ ধরনের পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানি পণ্যও এখন এসব বেসরকারি ডিপোতে কনটেইনারে বোঝাই করা হয়। যে হারে কনটেইনার পরিবহনের সংখ্যা বাড়ছে সে হারে বন্দর ইয়ার্ড থেকে বাইরে কনটেইনার সরবরাহ না বাড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা।