বন্দরে পণ্য ওঠানামার নতুন যন্ত্র
চট্টগ্রাম বন্দরে যন্ত্রপাতির সহজলভ্যতা বাড়াতে নতুন যন্ত্র সংগ্রহে তৎপর হয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বছর ৭৮টি যন্ত্র অপারেশনে যোগ করতে প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন যন্ত্র বন্দরের পণ্য ওঠানামায় যুক্ত হলে বন্দরের গতিশীলতা আরও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।বন্দরের দক্ষতার সূচকে দেখা গেছে, পণ্য ওঠানামার হার বাড়লেও সেই হারে যন্ত্র বাড়েনি। ফলে অপারেশনাল কর্মকাণ্ডেও গতি কমে আসে। গত অর্থবছরে যন্ত্রপাতির সহজলভ্যতা ছিল ৪৩ দশমিক ৫০ শতাংশ। অথচ আন্তর্জাতিকভাবে যন্ত্রপাতির সহজলভ্যতার আদর্শ মাত্রা হচ্ছে ৭৫ শতাংশ। বন্দর কর্মকর্তারা জানান, যন্ত্রপাতির সহজলভ্যতা কমলে পণ্য ওঠানামায়ও ব্যাঘাত হয়। কারণ চাহিদা অনুযায়ী যন্ত্র না পেলে পণ্য ওঠানামা ও সরবরাহে নির্ধারিত সময়ের বেশি ব্যয় হয়। এতে আমদানি-রপ্তানিকারকদের সময় গুনতে হয় বেশি।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, যন্ত্রপাতি দ্রুত সংগ্রহ করতে বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এসব যন্ত্র যোগ হলে বন্দরের অপারেশনাল কর্মকাণ্ডে গতি বাড়বে বলে তিনি জানান।বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ৩১টি যন্ত্র আসছে এ বছর। এর মধ্যে ছয়টি স্ট্যাডল ক্যারিয়ার জুলাই থেকে বন্দরের অপারেশনাল কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। পাঁচটি ফর্কলিপ্ট ও পাঁচটি রিচ স্টেকার গত মাসে বন্দরে এসে পৌঁছেছে। এ মাসে আসছে সাধারণ পণ্য ওঠানামার আরও ১৫টি ফর্কলিপ্ট ট্রাক।বন্দর সূত্রে জানা গেছে, এ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় নতুন করে আরও ৪৭টি যন্ত্রপাতি সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে তিনটি কনটেইনার মুভার সংগ্রহের দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। মোট ১৩টি ফর্কলিপ্ট ট্রাকের দরপত্র মূল্যায়ন চলছে। চারটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের দরপত্র খোলা হবে ২৩ নভেম্বর। এ ছাড়া ছয়টি স্ট্যাডল ক্যারিয়ার, দুটি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন, একটি রেল মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন, ১১টি বিভিন্ন ক্ষমতার মোবাইল ক্রেনসহ আরও ২৭টি যন্ত্র সংগ্রহের দরপত্র-দলিল প্রণয়নের কাজ চলছে। এ ২৭টি যন্ত্র সংগ্রহের জন্য এ বছরের মধ্যে দরপত্র ডাকা শেষ হতে পারে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বন্দরের গতিশীলতা বাড়াতে যত দ্রুত সম্ভব যন্ত্রপাতি সংগ্রহ করা উচিত বন্দর কর্তৃপক্ষের। কারণ যন্ত্রপাতির অভাবে পণ্য ওঠানামা ও সরবরাহের গতি কমে যায়।প্রসঙ্গত, বন্দরের দক্ষতা কমার অন্যতম কারণ হচ্ছে যন্ত্রপাতির স্বল্পতা। বন্দর ব্যবহারকারীরাও নতুন যন্ত্র সংগ্রহের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। বন্দর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, উপদেষ্টা কমিটির বৈঠকেও নতুন যন্ত্রপাতি কেনার বিষয়ে জোর দিয়েছেন ব্যবহারকারীরা।