ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য, নেপাল ও ভুটানের পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত এখন চূড়ান্ত পর্যায়ে। বন্দর কর্তৃপক্ষ বলছে, রেল, সড়ক ও নৌপথের অবকাঠামোগত উন্নতি হলে ট্রানজিটের পণ্য ওঠানো-নামানোতে তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এ জন্য বন্দরের জেটি, ইয়ার্ডের উন্নয়ন, যন্ত্রপাতি সংগ্রহের ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। কিন্তু দেশের ব্যবসায়ীরা বলছেন, দেশের প্রধান এই সমুদ্রবন্দর দিয়ে পণ্য পরিবহনে ভোগান্তির অন্ত নেই। ঘাটে ঘাটে ঘুষ-বকশিশ না দিলে পণ্য ও কন্টেইনার ওঠানো-নামানো বিলম্বিত হয়। কন্টেইনার ও পণ্য ওঠানো-নামানোর যন্ত্রপাতির স্বল্পতা রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধার কাঠামোর কোনো চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হয়নি। শ্রমিক-ব্যবস্থাপনা নিয়েও সমস্যা আছে। এ কারণে অসন্তোষ চলছে প্রায় সময়।আমদানিকারকদের অভিযোগ, খাদ্যশস্য ও ভোগ্যপণ্যবাহী জাহাজকে জেটিতে ভেড়ানোর জন্য সময়মতো জেটি খালি পাওয়া যায় না। এ জন্য এসব জাহাজকে বহির্নোঙরে অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের পর দিন। ফলে পণ্যের আমদানি খরচ বাড়ছে। শেষ পর্যন্ত পণ্যমূল্য বেড়ে গিয়ে ক্রেতাসাধারণের ওপরই চাপ পড়ে। বন্দরকে বিদেশি পণ্য পরিবহনের ট্রানজিট দেওয়ার আগে এসব সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। সেটা না হলে ট্রানজিট চালুর পর দেশের ব্যবসায়ীদের ভোগান্তি আরও বাড়বে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের বড় ব্যবহারকারী সংস্থা তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কন্টেইনার ডেলিভারিতে বিলম্ব, আমদানিপণ্য লুটপাটসহ বন্দরের অভ্যন্তরে এখনো অনেক সমস্যা আছে। ট্রানজিট চালুর আগে এগুলোর সমাধান দরকার। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী মনে করেন, ট্রানজিট চালুর আগে জাহাজের পণ্য দ্রুত খালাসের স্থায়ী ব্যবস্থাসহ বন্দরের অভ্যন্তরীণ কিছু অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবস্থাপনার উন্নয়ন দরকার।চট্টগ্রাম বন্দরের নিজস্ব বিশ্লেষণে দেখা যায়, বন্দরের পণ্য ও কন্টেইনার ওঠানো-নামানোর যন্ত্রপাতির ৪০ শতাংশের ঘাটতি রয়েছে। যেগুলো আছে তার অর্ধেকেরও বেশি যন্ত্রপাতির ভারবহন ক্ষমতা পুরোনো হওয়ার কারণে হ্রাস পেয়েছে। এ কারণে বিদ্যমান যন্ত্রপাতির শতভাগ কাজে লাগানো সম্ভব হয় না।পরিসংখ্যানে দেখা যায়, বন্দরে কন্টেইনার ওঠানো-নামানোর মূল যন্ত্রপাতি রয়েছে মোট ৮৬টি। এর মধ্যে সম্পূর্ণ অকেজো যন্ত্রের সংখ্যা ১৯টি। প্রতিদিন এসব যন্ত্রপাতির গড়ে ৮০ থেকে ৮৫ শতাংশ ব্যবহার করা যাচ্ছে। একইভাবে পণ্য জাহাজে ওঠানো-নামানোর যন্ত্রপাতি রয়েছে ১৬১টি, যার মধ্যে ২৬টিই বিকল। গড়ে প্রতিদিন সচল যন্ত্রপাতির ৮৪ থেকে ৮৫ শতাংশ ব্যবহার করা সম্ভব হচ্ছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) খায়রুল মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই আমরা কিছু না কিছু যন্ত্রপাতি কিনছি, যা পুরোনো ও বিকলগুলোকে প্রতিস্থাপন করছে। ট্রানজিটের পণ্য পরিবহনের চিন্তা মাথায় রেখে আমরা বাড়তি কিছু যন্ত্রপাতিও সংগ্রহের উদ্যোগ নিয়েছি।’কন্টেইনার থেকে পণ্য নামিয়ে ট্রাক কিংবা কাভার্ড ভ্যানে নিয়ে যেতে আমদানিকারকদের ভোগান্তির কথা স্বীকার করে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পণ্য খালাস করে সিঅ্যান্ডএফ এজেন্ট, আর শ্রমিক নিয়ন্ত্রণ করে বার্থ অপারেটর প্রতিষ্ঠান। এ কারণে পণ্য খালাসে অনেক সমস্যা হচ্ছে। বাড়তি ঘুষ-বকশিশ না দিলে শ্রমিকেরা আমাদের কাজ সময়মতো করতে চান না।’ অভিযোগ আছে, বন্দরের কাজে নিয়োজিত ডক শ্রমিকদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার কোনো কাঠামো চূড়ান্ত করা সম্ভব হয়নি দীর্ঘ দিনেও। এ জন্য কিছু দিন পরপর দাবিদাওয়া তুলে ডক শ্রমিক-নেতারা আন্দোলনের হুমকি দেন।এ প্রসঙ্গে ডক শ্রমিক নেতা আহাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডক শ্রমিকদের বেতন-ভাতা নির্ধারণ করার জন্য কমিটি গঠনের নামে বন্দর কর্তৃপক্ষ আমাদের শুধু ভাওতাই দিচ্ছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না। ফলে ডক শ্রমিকেরা এখন দিনমজুরের মতো কাজ করছে, কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না।’বেতন-ভাতা নিয়ে বন্দরের নিজস্ব কর্মচারীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ রয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর সিবিএর যুগ্ম সম্পাদক ফখরুল আলম প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র বেতন স্কেলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এ জন্য আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ তাদের আয়ের একটি বড় অংশ বন্দর কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার জন্য ব্যয় করে। কিন্তু চট্টগ্রাম বন্দরে তা হচ্ছে না। তাঁর দেওয়া তথ্যমতে, শ্রীলঙ্কার কলম্বো বন্দরের মোট আয়ের ৬২ শতাংশ আর পকিস্তানের করাচি বন্দরে ২৬ শতাংশ ব্যয় হয় বন্দরের কর্মচারীদের খাতে। আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারী খাতে ব্যয় করছে মোট আয়ের মাত্র ৬ দশমিক ১ শতাংশ। এটা বাড়ানোর জন্য আমরা আন্দোলন করছি।’