বন্দরের অর্জন আছে ব্যর্থতাও কম নয়
বছরের শেষ সময়ে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি এবং তেজস্ক্রিয়া শনাক্তকরণ পদ্ধতির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালুর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের অর্জনের ভান্ডার সমৃদ্ধ হয়েছে। প্রায় এক দশক আগের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছর। এ ছাড়া বন্দরের গতিশীলতা ও দক্ষতা বাড়ার মতো অনেক সুখবর আছে বিগত বছরে। তবে সবচেয়ে বড় প্রকল্প নিউ মুরিং কনটেইনার টার্মিনালের অপারেটর নিয়োগের দরপত্র আহ্বান করতে না পারার মতো বড় ব্যর্থতাও আছে গত বছরের হিসাবে। চট্টগ্রাম বন্দরের গত এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। তবে সাফল্যের পাল্লা ভারী হলেও এসব অর্জন, বিশেষ করে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি ধরে রাখা নিয়ে সংশয়ও আছে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর সূত্র জানায়, পরিচালন কর্মকাণ্ড ও শ্রম অসন্তোষকে কেন্দ্র করে ২০১০ সালে পিছিয়ে পড়েছিল বন্দর। এসব কিছুই ঘটেনি বিগত বছরে; বরং দক্ষতার সূচকে লেগেছে পালাবদলের হাওয়া। জাহাজের গড় অবস্থান সময় কমে চার থেকে তিন দিনে নেমে এসেছে। উৎপাদনশীলতাও বেড়েছে। নির্ধারিত সময়ে জেটিতে জাহাজ ভেড়ার আধুনিক পদ্ধতি উইনডো বার্থিংও চালু হয়েছে। অর্থাৎ দক্ষতার সব সূচকেই কম-বেশি উন্নতি হয়েছে এ সময়। পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করে কনটেইনার ওঠানো-নামানোর যে দক্ষতা দেখিয়েছে এ বন্দর, তা এশিয়ার ৬৯টি বন্দরের মধ্যে সেরা হিসেবে এক গবেষণায় উঠে এসেছে। কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যার দিক দিয়ে বিশ্বের সেরা ১০০টি বন্দরের মধ্যেও দুই ধাপ এগিয়ে ৮৮তম অবস্থানে উন্নীত হয়েছে এই বন্দর। এক বছরের বন্দরকেন্দ্রিক ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, এ সময়ে শ্রম-অসন্তোষের কারণে বন্দর এক দিনও বন্ধ থাকেনি। কিছু অসন্তোষ থাকলেও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য মজুরি কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। চালু করা হয়েছে শ্রম শাখাও। শ্রমিক সংগঠনগুলোর দাবি পুরোপুরি বাস্তবায়িত না হলেও ধারাবাহিক পদক্ষেপের কারণে বড় আকারের অসন্তোষ হয়নি বলে মনে করেন বন্দর কর্মকর্তারা। তবে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ মনে করেন, কাগজপত্রে শ্রমিকদের দাবি বাস্তবায়িত হলেও বাস্তবে তা হয়নি। তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে সভা করে আমাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে।’এদিকে অনেক নতুন উদ্যোগও ছিল গত বছরে। চীনের সঙ্গে সরাসরি কনটেইনার জাহাজ সার্ভিস চালু হওয়া এই নতুন উদ্যোগের একটি। এই উদ্যোগের কারণে দুই-দেশের মধ্যে সাত বিলিয়ন মার্কিন ডলারের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে খরচ ও সময় সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হয়েছে।বড় অর্জন অনেক থাকলেও প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতাও আছে। প্রায় দেড় হাজার কোটি টাকার নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পে বেসরকারি অপারেটর নিয়োগে দ্বিতীয় দফায় প্রাকেযাগ্য প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে এ বছর। কিন্তু মূল দরপত্র আহ্বান করা যায়নি। দরপত্র আহ্বান করতে না পারার ব্যর্থতা বন্দর কর্তৃপক্ষের নয় বলে মনে করেন বন্দর কর্মকর্তারা। মন্ত্রণালয়ের বারবার সিদ্ধান্ত বদলের কারণে এই দীর্ঘসূত্রতা হয়েছে বলে মনে করেন তাঁরা। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নিজেও প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, দরপত্রের কিছু ব্যাখ্যার কারণে দেরি হচ্ছে। বন্দরের নানা বিষয় নিয়ে আলাপ-আলোচনায় বন্দর চেয়ারম্যান কমডোর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘বন্দরের গতিশীলতা ও দক্ষতা বাড়াতে ধারাবাহিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক বছরে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের গতিশীলতা ও দক্ষতা আরও বাড়বে।’