চোরাই পণ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই কর্মচারীসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বন্দরের পরিবহন বিভাগের কর্মচারী নজিবুর রহমান, পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারী (জেটি সরকার) আনিসুর রহমান, বেসরকারি পরিবহন সংস্থার কর্মচারী আলমগীর ও ওবায়েদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বন্দরের যন্ত্রচালক আবুল হোসেনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তবে পাচারের মূল হোতা হিসেবে চিহ্নিত আলী হায়দায় পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানা গেছে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার বন্দর চত্বরে ইস্টার্ন এন্টারপ্রাইজের লোহার পাত ট্রাকে বোঝাইয়ের পর ‘পি শেড’ থেকে একটি গাড়ির ইঞ্জিন বোঝাই করা হয়। ইঞ্জিনটির কোনো কাগজপত্র না থাকায় ট্রাকচালক ফিরোজ আলম এটি ট্রাকে তুলতে আপত্তি জানান। এর পরও ইঞ্জিনটি ট্রাকে তোলা হয়। বিষয়টি বন্দরের নিরাপত্তা বিভাগের সহ-উপপরিদর্শক আবু রায়হান সরকারের নজরে এলে তিনি ইঞ্জিনটি চোরাই পণ্য হিসেবে চিহ্নিত করেন এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর ভ্রাম্যমাণ আদালত এসে দায়ী ব্যক্তিদের কারাদণ্ড দেন।