
বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসে অচলাবস্থা কেটেছে ২ মে। ১২ দিন পেরিয়ে গেলেও শনিবার পর্যন্ত পণ্যজট কাটেনি। পরিবহনসংকট রয়েই গেছে।
ব্যবসায়ীরা জানান, বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রোজা ও বাজেট সামনে রেখে পণ্য আমদানি বাড়ছে। সাগর উত্তাল ও একদফা বৃষ্টির কারণে গত শুক্রবার বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরের কাজেও ব্যাঘাত হয়েছে। ফলে বহির্নোঙরে খালাসের অপেক্ষায় থাকা জাহাজ ও পণ্যের পরিমাণ কমছে না।
গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে টানা ১১ দিনের অচলাবস্থার পর ২ মে থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহন শুরু হয়। মজুরি বাড়ানোর দাবিতে প্রথমে শ্রমিকদের ধর্মঘট এবং পরে যুক্তিসংগত মজুরি নির্ধারণের দাবিতে মালিকদের জাহাজ না চালানোর কর্মসূচির কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।
বন্দর সূত্রে জানা গেছে, অচলাবস্থার অবসান হওয়ার সময় ২ মে বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের সংখ্যা ছিল ৫৬টি। এসব জাহাজে খালাসের অপেক্ষায় ছিল ১৫ লাখ ৮৭ হাজার টন পণ্য। অচলাবস্থা অবসানের পর বড় জাহাজ থেকে পণ্য খালাস শুরু হলেও চাহিদানুযায়ী লাইটার জাহাজ পাচ্ছেন না আমদানিকারকেরা। আবার প্রতিদিন বন্দরের বহির্নোঙরে ভিড়ছে পণ্যবাহী বড় জাহাজ। খালাসের তুলনায় পণ্য আসার হার বেড়ে যাওয়ায় পণ্যের স্তূপ কমছে না। ৬ মে বন্দরের তথ্যে দেখা যায়, বন্দরের বহির্নোঙরে ৬২টি জাহাজে খালাসের অপেক্ষায় ছিল সোয়া ১৪ লাখ টন পণ্য। সর্বশেষ গত বৃহস্পতিবার বন্দরের জাহাজ আসা-যাওয়ার সময়সূচিতে দেখা যায়, বহির্নোঙরে পণ্য খালাস করতে হবে এমন জাহাজের সংখ্যা ৬৬টি। গত শুক্র ও শনিবার বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে আরও ১৩টি জাহাজ। এসব জাহাজে সিমেন্ট শিল্পের কাঁচামাল, গম, মটর ডাল, মসুর ডাল, অপরিশোধিত চিনি, ভোজ্যতেল, পাথর ইত্যাদি পণ্য রয়েছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিনিয়ত পণ্য আমদানি বাড়লেও তা দেশের অভ্যন্তরীণ নৌপথে পরিবহন করার জন্য নতুন লাইটার জাহাজ যোগ হচ্ছে না। বরং উল্টো লাইটার জাহাজ নির্মাণের অনুমোদন বন্ধ করে রাখা হয়েছে। ফলে লাইটার জাহাজের সংখ্যা কম থাকায় এই সমস্যা হচ্ছে। পণ্য পরিবহনের এই সমস্যা দূর করতে লাইটার জাহাজ নির্মাণের অনুমোদন দিতে হবে।
আমদানিকারকেরা নির্ধারিত সময়সীমার মধ্যে বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে হয়। নাহলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থানের জন্য আমদানিকারকদের জরিমানা দিতে হয় জাহাজ পরিচালনাকারীকে। বড় জাহাজ থেকে খালাস ধীরগতিতে হলে এই জরিমানা দেওয়ার শঙ্কা বেড়ে যায়।
বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারকেরা ওয়াটার ট্রান্সপোর্ট সেল নামের একটি বেসরকারি সংস্থা থেকে লাইটার জাহাজ বরাদ্দ নেন। বন্দরের
বহির্নোঙরে থেকে পণ্য স্থানান্তরের জন্য এই সংস্থার আওতায় রয়েছে নিয়মিত চলাচলকারী ৭৫০টি লাইটার জাহাজ। অচলাবস্থার সময় এই সংস্থার ৭৩২টি জাহাজে সোয়া আট লাখ টন পণ্য আটকে ছিল। অচলাবস্থা অবসানের পর বিভিন্ন ঘাটে থাকা এসব লাইটার জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। খালাস শেষে এসব লাইটার জাহাজ খালি হওয়ার পর আবার বরাদ্দ দেওয়া হচ্ছে। লাইটার জাহাজ খালি হওয়ার পরপরই বরাদ্দ দিয়েও আমদানিকারকদের চাহিদা মেটাতে পারছে না সংস্থাটি।
বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জমান প্রথম আলোকে বলেন, অচলাবস্থার অবসান হলেও এখনো সংকট পুরোপুরি কাটেনি। অচলাবস্থার সময় পণ্য স্থানান্তরের জন্য কোনো জাহাজ পাওয়া যায়নি। এখন দুটি লাইটার জাহাজ চাইলে একটি পাওয়া যাচ্ছে। ফলে পণ্য খালাসেও পুরো গতি ফিরে আসেনি।
আমদানিকারকের পক্ষে পণ্য পরিবহনের নিয়োজিত প্রতিষ্ঠান মেরিন এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক অমল চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, এখন বন্দরের বহির্নোঙরে জাহাজের সংখ্যা অনুযায়ী লাইটার জাহাজের দরকার অন্তত ১৫০টি। চাহিদা থাকলেও বড়জোর পাওয়া যাচ্ছে ৫০টি।
তবে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজের কার্যত সংকট নেই। বরং বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া বিভিন্ন ঘাটে লাইটার জাহাজ থেকে সময়মতো পণ্য খালাস করা হচ্ছে না। সময়মতো পণ্য খালাস হলে সংস্থার বহরে থাকা জাহাজ দিয়ে বর্তমানের চেয়ে পাঁচ গুণ বেশি পণ্য খালাস করা যাবে।
চট্টগ্রাম বন্দরের যত পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশই বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে স্থানান্তর করে পরিবহন করা হয়। জেটিতে বড় জাহাজ ভিড়তে না পারার কারণে বহির্নোঙরে এ কার্যক্রম সম্পন্ন করতে হয়। লাইটার জাহাজের মাধ্যমে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরের পর অভ্যন্তরীণ নদীপথ ব্যবহার করে দেশের ৩৬টি ঘাট অঞ্চলে নিয়ে পণ্য খালাস করা হয়।