কেউ হাতের আঙুলের ছাপ দিচ্ছেন। কেউ বলছেন নিজের পূর্ণাঙ্গ ঠিকানা। আর তা র্যা ব সদস্যরা কম্পিউটারে লিপিবদ্ধ করছেন। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কার্যালয়ের দ্বিতীয় তলায় দেখা গেছে এ চিত্র। দায়িত্বরত র্যা ব সদস্যরা জানিয়েছেন, ৬ মে থেকে কারাগারে ‘র্যা ব প্রিজন ইনমেইড ডেটাবেইস’–এর কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে গড়ে তোলা হচ্ছে বন্দীদের তথ্যভান্ডার।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির চৌধুরী তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, কারাগারে আটক সব বন্দীর ডেটাবেইস তৈরি করছে র্যা ব। দৈনিক গড়ে দেড় শ বন্দীর ডেটাবেইস তৈরি হচ্ছে। র্যা ব সদস্যরা কাজটি করলেও কারাগারের কয়েকজন কর্মকর্তাকেও তাঁরা প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে কার্যক্রমটি শেষ হওয়ার পর নতুন কোনো বন্দী কারাগারে এলে তাঁকেও ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা যায়। এ ডেটাবেইসে বন্দীর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা, শনাক্তকরণের চিহ্নসহ কয়টি মামলা রয়েছে তার উল্লেখ থাকবে। কোন মামলায় কী সাজা হয়েছে সেসব তথ্যও থাকবে। ফলে কোনো সন্ত্রাসী কিংবা বন্দী সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এ ডেটাবেইসে। এ কারণে কোনো দুর্ধর্ষ বন্দী জামিনে যাওয়ার পর ফের কারাগারে এলে তাঁর সঠিক পরিচয় জানা যাবে।
একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ছিঁচকে সন্ত্রাসী ও মামলার আসামিরা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর নিজের নাম–পরিচয় গোপন করে থাকে। ফলে তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলো সম্পর্কে পুলিশ কিছুই জানে না। যে ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয় শুধু ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তাঁরা কিছুদিনের মধ্যেই জামিন নিয়ে বেরিয়ে যেতে পারেন। কারাগারে বন্দীদের ডাটাবেজ তৈরির ফলে কোনো বন্দী নিজের নাম পরিচয় গোপন করে থাকার সুযোগ পাবেন না।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কার্যালয়ের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, সাতকানিয়া থানার নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আজম আঙ্গুলের ছাপ দিচ্ছেন। আনোয়ারা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইলিয়াছ দিচ্ছেন আই স্ক্যান। নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আবদুর সবুর আঙুলের ছাপ ও আই স্ক্যান দেওয়ার পর তাঁর পূর্ণাঙ্গ ঠিকানা বলছেন। এ দিকে লাইনে দাঁড়িয়ে আছেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. শামীম ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীপক দত্ত ওরফে ভোলাসহ বেশ কয়েকজন কয়েদি।
উল্লেখ্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৫ হাজার ৮৪ জন বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে অনেক সন্ত্রাসী ও জঙ্গিও রয়েছে।