বন্দীদের দুর্দশার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা কারাগারে ধারণক্ষমতার প্রায় চারগুণ বন্দী রয়েছে। বর্তমানে একটি চারতলা ও দুটি টিনের ছাউনির ভবন মিলিয়ে ফেনী করাগারে বন্দী ধারণক্ষমতা ১৭২ জন। কিন্তু গত রোববার সকাল পর্যন্ত বন্দীর সংখ্যা ছিল ৬৯৩ জন।নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য কারামুক্ত একাধিক বন্দী প্রথম আলোকে ফেনী কারাগারের অভ্যন্তরে নানা সমস্যার কথা জানান। কারাগারের চারতলা ভবনে ১০০ বন্দী থাকার কথা থাকলেও রয়েছেন ৪৮০ জন। ফলে রাতে বন্দীদের ঘুমাতে কষ্ট হয়। শীতে গাদাগাদি করে কোনো রকমে কেটে গেলেও গরমের দিনে বন্দীদের বেশ কষ্ট পেতে হয়। লাইন ধরে নাওয়া-খাওয়া, গোসল করতে হয়। রাতে ঘুমের জন্যও অপেক্ষা করতে হয়। একচিলতে জায়গায় কোনো রকমে শুতে হয়। দুটি টিনের ছাউনির ভবনের মধ্যে বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ৬৫ জনকে রাখা হয়েছে। অন্যটিতে আছেন ৮০ জন সাধারণ বন্দী। দুজনের ধারণক্ষমতাসম্পন্ন একমাত্র মহিলা ওয়ার্ডে বন্দী রয়েছেন ২৪ জন। সেখানে মায়েদের সঙ্গে রয়েছে আরও তিন শিশু। সেখানে এসব মহিলা বন্দী গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারাগারের দুপাশে রয়েছে দুটি সড়ক। সড়কে দাঁড়িয়ে বহিরাগত লোকজন প্রতিদিন কারাগারের বন্দীদের সঙ্গে কথা বলেন বলে অভিযোগ আছে। তা ছাড়া বাইরে থেকে কখনো কখনো বন্দীদের দিকে মাদকদ্রব্য ছুড়ে দিতেও দেখেছেন পথচারীরা।কারা তত্ত্বাবধায়ক মনির আহম্মদ ফেনী কারাগারে প্রায় চারগুণ বন্দী থাকার সত্যতা নিশ্চিত করেছেন। কারাগারের অন্য সমস্যার ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি হননি।