বন্দীর মাথায় 'লাল টুপি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা পাঁচ হাজারের বেশি। হাজতিদের গায়ে সাধারণ পোশাক। কয়েদিদের পরনে বিশেষ পোশাক—সাদার ওপর ডোরাকাটা, মাথায় সাদা টুপি। কিন্তু বন্দীদের মধ্যে একজন ব্যতিক্রম। তাঁর মাথায় রয়েছে ‘লাল টুপি’। তিনি মীর হোসেন (২২)। ডাকাতির প্রস্তুতির একটি মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি। গ্রেপ্তার হয়ে আবারও আসেন কারাগারে। পালানোর কারণে কারা কর্তৃপক্ষ তার মাথায় ‘লাল টুপি’ পরিয়েছে। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের শেখ রাসেল ভবন-৪–এ রয়েছেন তিনি। কারা কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা যায়।
কারা বিধি অনুযায়ী, যেসব বন্দী পালিয়ে গিয়ে ধরা পড়েন তাঁদের মাথায় ‘লাল টুপি’ ও শাস্তির কারণে রেয়াদ সুবিধা বঞ্চিতদের নীল রঙের টুপি পরানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাবিধি অনুযায়ী কারাগার থেকে আদালতে হাজিরা দিতে গিয়ে পালানোর কারণে বন্দী মীর হোসেনকে ‘লাল টুপি’ পরানো হয়েছে। কারাগারে তিনিই একমাত্র ‘লাল টুপি’ পরিহিত বন্দী।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে জানান, গত ২ অক্টোবর জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছুরিসহ মীর হোসেন ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে যান আসামি। ওই মামলায় ১২ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসেন মীর হোসেন। হাজিরা শেষে প্রিজন ভ্যানে ওঠার আগে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করে পুলিশ। দুই দিন পর জোরারগঞ্জ থেকে মীর হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম বলেন, ১৫ অক্টোবর থেকে মীর হোসেনকে কারাগারে লাল টুপি পরিয়ে রাখা হয়েছে।
মীর হোসেনের বাবা সুরুজ মিয়া মুঠোফোনে জানান, ছেলেকে দেখতে কয়েকবার কারাগারে এসেছেন। এ সময় তিনি ছেলের মাথায় লাল টুপি দেখেছেন।
কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৫ হাজার ২৫৮ বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে হাজতি (যাঁদের সাজা হয়নি) ৪ হাজার ৪৪২ জন, কয়েদি (যাঁদের সাজা হয়েছে) ৮১৬ জন। রয়েছে ২০ জন দুর্ধর্ষ বন্দী ও ৫৯ জঙ্গি। কনডেম সেলে রয়েছে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ৫৩ বন্দী। তাঁদের কাউকে লাল টুপি পরানো হয়নি।