বন্দীসেলাই ও সংগ্রাম
আলোকচিত্রের তিনটি প্রদর্শনী। তিনটিরই বিষয়দুর্ঘটনা। অগ্নিকাণ্ড, রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনা, কয়েকটি তৈরি পোশাকশিল্প কারখানায় আগুন লাগার আলোকচিত্রের মাধ্যমে দুর্ঘটনার ভয়াবহতা উঠে এসেছে প্রদর্শনীগুলোতে। তিন আলোকচিত্র প্রদর্শনী নিয়ে আজকের আয়োজন

গ্যালারিতে ঢুকতেই কানে বাজে সেলাই মেশিনের শব্দ। যেন কোনো দক্ষ কারিগর সেলাই করে চলেছেন আপন মনে। কিন্তু সেই শব্দ পাশ কাটিয়ে দেয়ালে টাঙানো ছবিতে চোখ রাখতেই মনে জাগে হাজার প্রশ্ন। মূল্যহীন জীবনের এক করুণ উপাখ্যান যেন হাজির করেছেন আলোকচিত্রী এন্ড্রু বিরাজ। পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের জীবন ও দিনযাপন নিয়ে এন্ড্রু বিরাজের এই একক আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম ‘বন্দীসেলাই ও সংগ্রাম’।
২২ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামীকাল ১ মে পর্যন্ত। প্রদর্শনী চলছে তিনটি স্থানে—রাজধানীর দৃক গ্যালারি, সাভার কেন্দ্রীয় হাসপাতাল ও শাহবাগের ছবির হাটে। প্রদর্শনীর প্রতিটি ছবি গত পাঁচ বছরে ঘটে যাওয়া পোশাকশ্রমিকদের নানা বঞ্চনার প্রামাণ্য দলিল। শুধু কি পাঁচ বছর, শ্রমিক শোষণের শত শত বছরের ঐতিহ্যও নয় কি ছবিগুলো! কথা হয় প্রদর্শনীতে আসা সত্যজিৎ সাহার সঙ্গে, ‘কতটা মূল্যহীন মানুষগুলোর জীবন। ভাবতেই কষ্ট হয় বিদেশি নামীদামি ব্র্যান্ডের পোশাক এইসব শ্রমিকের হাতেই তৈরি হয়, যাঁদের ঘামে রিজার্ভ বাড়ে কেন্দ্রীয় ব্যাংকে।’

এন্ড্রু বিরাজ তাঁর আলোকচিত্রগুলোর মাধ্যমে তুলে ধরেছেন বৈষম্যের শিকার সাধারণ পোশাকশ্রমিকদের কথা। যেখানে আছে রানা প্লাজা বিপর্যয়, স্পেকট্রাম, তাজরীনের অগ্নিকাণ্ডসহ বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বির্পযয়, ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামায় পুলিশের প্রহার, বস্তিতে বসবাসের নিদারুণ কষ্ট—এমন প্রাত্যহিক জীবনের দুর্দশার খণ্ডচিত্র। যে ছবিগুলো সাক্ষ্য দিচ্ছে ৪০ লাখ শ্রমিকের জীবনের। প্রদর্শনী সম্পর্কে এন্ড্রু বিরাজ জানান, ‘এই প্রদর্শনীর মাধ্যমে নিপীড়িত ও সংগ্রামী শ্রমিকদের কথা পৌঁছে দিতে চাই উঁচুতলার মানুষগুলোকে, ধাক্কা দিতে চাই ঘুমিয়ে পড়া সমাজকে।’
প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি সং, অধ্যাপক আনু মুহাম্মদ, পাভেল পার্থ, ফারজানা রূপা, তাসলিমা আকতার, রানা প্লাজা থেকে উদ্ধার পাওয়া জেসমিন আক্তার প্রমুখ।