বন্ধ করো নারী নির্যাতন

‘কথায় কথায় স্বামী আমার গায়ে হাত তোলে। কিছু কইলে জবাব দেয় না। কয়, “তোর কাজ হইল রান্ধা করা, তুই রানবি। তোর লগে আর কুন কথা নাই। বেশি বাড়াবাড়ি করলে লাত্থাইয়্যা বাপের বাড়িতে দিয়া আসুম।” বলতে বলতেই কেঁদে ফেলেন এক সন্তানের মা রিনা বেগম (২৭)। থাকেন রাজধানীর আজিমপুর এলাকার একটি বস্তিতে। স্বামী পেশায় রিকশাচালক। রিনা জানান, ‘দাবি অনুযায়ী যৌতুক না দেওয়ায় তাঁর ওপর এই নির্যাতন চলছে। বাপের বাড়িতে যেতে চাইলে স্বামী একেবারেই চলে যেতে বলেন।’
নাজমা আক্তার (২৫) থাকতেন শরিয়তপুরে। এখন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পানি বিক্রি করেন। তিনি বলেন, ‘বিয়ার পর থেইক্যাই স্বামী আমারে মারত। বাপের বাড়িতে যামু, হের উপায়ও নাই। বাপে কয়, মাইর খাইলেও শ্বশুরবাড়িতেই থাকতে হইব। বিয়া হইলে শ্বশুরবাড়িই নিজের বাড়ি। এক রাইতে মাইয়্যারে লইয়্যা আইস্যা পড়লাম ঢাকায়। এহন পানি বেচি।’
শুধু রিনা বা নাজমাই নির্যাতনের শিকার হয়েছেন তা নয়। আমাদের দেশে নারী নির্যাতনের এ রকম চিত্র হরহামেশাই চোখে পড়ে।
নারীরা পরিবারে, সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতন। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে দেখা গেছে, দেশের বিবাহিত নারীদের ৮৭ দশমিক ৭ শতাংশ স্বামীর দ্বারা কোনো না কোনো সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৪ দশমিক ৬ শতাংশ বলেছেন, তাঁরা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, ৩৬ দশমিক ৫ শতাংশ যৌন নির্যাতন, ৮১ দশমিক ৬ শতাংশ মানসিক নির্যাতন এবং ৫৩ দশমিক ২ শতাংশ বলেছেন, তাঁরা অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে চার হাজার ৭৭৭টি।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, নারী-পুরুষের সমতার অভাব, পুরুষতান্ত্রিক মানসিকতা, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং মতামত প্রদানের সুযোগ না থাকা, সুশাসনের অভাব, আইনের সঠিক প্রয়োগ না হওয়া নারীর প্রতি সহিংসতার জন্য দায়ী। এ ছাড়া মামলার দীর্ঘসূত্রতা, সামাজিক চাপ, প্রশাসনিক দুর্নীতি-সর্বোপরি সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারীরা সহিংসতার শিকার হচ্ছে। তিনি আরও বলেন, নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পতির জন্য ভারতের মতো এ দেশেও ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ চালু করা প্রয়োজন।
১৯৯৩ সালে জাতিসংঘের নারীর প্রতি সহিংসতা বিলোপসংক্রান্ত একটি বিলে উল্লেখ করা হয়েছিল, ‘যেকোনো ধরনের কাজ, যা নারীর দৈহিক বা মানসিক ক্ষতির কারণ হয়, অথবা সামাজিক ও ব্যক্তিজীবনে নারীর স্বাধীনতাকে হরণ করে, তা-ই নারীর প্রতি সহিংসতা।’
নারী নির্যাতন বন্ধ করতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার একটি অংশ হিসেবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন আন্তর্জাতিকভাবে পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।
১৯৬০ সালের ২৫ নভেম্বর ডমিনিকান রিপাবলিকের এক স্বৈরশাসক সে দেশের তিন বোনকে নির্যাতন করে হত্যা করে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, ওই তিন বোনের স্মরণে প্রতিবছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর গৃহীত এক সিদ্ধােন্ত ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণা করে। আমাদের দেশে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে আছে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস।
এ বছরও নারী নির্যাতন পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবারের স্লোগান ‘ঘরে ঘরে শান্তি, বিশ্বের শান্তি।’ এ স্লোগানের মূল প্রতিপাদ্য হলো পরিবার-সমাজে-রাষ্ট্রে শান্তি আনতে হলে, স্বৈরতন্ত্র ও নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।
এ বছর জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে একটা প্রচারণার আয়োজন করেছে। কিশোর-তরুণদের অংশগ্রহণে দুটো সাইকেল র্যালির আয়োজন করা হবে। সাইকেল আরোহীরা শহরের গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বস্তিগুলোতে যাবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে মানুষের মতামত বা প্রতিশ্রুতি লেখার জন্য তাদের কাছে থাকবে সাদা সাইনবোর্ড বা কাগজ। সেখানে স্বাক্ষরকারীদের বয়সও লেখা থাকবে। প্রত্যেক জায়গায় স্বাক্ষরসহ মতামত সংগ্রহের জন্য তিন-চারজনের একটা দল থাকবে।