বন্ধ হচ্ছে না কাঠ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কাঠ পাচার বন্ধ করা যাচ্ছে না। চোরাকারবারিরা দুর্গম পাহাড় থেকে গাছ কেটে কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি সকাল নয়টায় নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের ফুলতলী বিওপির টহল দল উপজেলার দক্ষিণ ফুলতলী গ্রামের একটি পাহাড়ে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ছয় হাজার ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ফুলতলী বিওপির নায়েক সুবেদার মো. আলমগীর হোসেন বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা জঙ্গলে আত্মগোপন করায় ধরা সম্ভব হয়নি। এসব পাহাড়ি গাছ কেটে চোরাকারবারিরা কক্সবাজার পাচার করছিল।
বিজিবি সূত্র জানায়, এর আগে গত ২৯ জানুয়ারি বিকেলে ফুলতলী গ্রামে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা আরও প্রায় ২৩ লাখ টাকার ১৩ হাজার ২৫০ ফুট অবৈধ কাঠ জব্দ করেন।
৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান বলেন, গত জানুয়ারি মাসে বিজিবি সদস্যরা উপজেলার ফুলতলী ও চাকঢালা গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুটি ট্রাকসহ প্রায় অর্ধকোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেন। কাঠ পাচার বন্ধ করতে বিজিবি টহল জোরদার করা হয়েছে।