বন্ধু, বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরের স্বচ্ছ টলমল পানিতে গাছের সবুজ ছায়া খেলা করছে। সেই ঘাটের এক কোণে শীতল ছায়ায় আড্ডায় মশগুল কিছু শিক্ষার্থী। সেই ঘাট বরাবর এগোই। কাছে গিয়ে বুঝতে পারি, সবার চোখে-মুখে কী যেন হারানোর বেদনা কাজ করছে। ব্যাপার কী? আচমকা প্রশ্ন শুনে ফিরে তাকান শিক্ষার্থীরা।প্রশ্নের উত্তরে প্রায় একসঙ্গে সবাই জবাব দেন, তাঁদের পড়াশোনার পর্ব শেষ। ক্যাম্পাসের কাটানো রঙিন দিনগুলো তাড়িয়ে বেড়াচ্ছে সব বন্ধুকে। এবার ক্যাম্পাস ফেলে তাঁদের শিক্ষাবর্ষের সবার নির্দিষ্ট গন্তব্যে ফেরার পালা। কিন্তু মন যে একেবারেই মানছে না। এ অবস্থা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থীদের।পরমাণু কৌশল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘এই যে পুকুরঘাট দেখছেন, একে কখনো ভুলব না। এখানে বসে কত আড্ডা-ইয়ার্কি করেছি, তার কোনো হিসাব নেই। এখান থেকে সবাই স্বপ্ন দেখতাম, তথ্যপ্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এখন পড়াশোনা শেষ। এবার স্বপ্নের পথে পা বাড়ানো শুরু হলো।’পুরকৌশল বিভাগের ইমরান আকন্দ বলেন, ‘জীবনের চারটি বছর মিশে আছে এই ক্যাম্পাসের ঘাস, পাখি, পুকুর, প্রশাসনিক ভবনসহ কত কিছুর সঙ্গে। এ মধুময় স্মৃতি ভুলি কেমনে?’মাসুদুর রহমান ও প্রিয়াংকা দাশ একটু বাস্তববাদী হয়ে জানান, পড়াশোনা শেষ। তাই ক্যাম্পাস ছাড়তেই হবে—এটাই চিরায়ত নিয়ম। যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, তাই এখন সবার উচিত নিজ নিজ ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী হিসেবে গড়ে ওঠা। তবেই আমাদের সবার স্বপ্নগুলো টিকে থাকবে।সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার ও ইলেকট্রো মেডিকেল ইঞ্জিনিয়ারিং—এই সাত অনুষদে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০ একর জায়গা নিয়ে এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে।কথায়-আড্ডায় সময় গড়ায়। বিকেলে শীতের হিম এসে গায়ে লাগে। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা গন্তব্যে ফেরা শুরু করে দিয়েছেন। শানবাঁধানো সেই ঘাটের এক কোণে একজন শিক্ষার্থী লিখে রাখেন—বন্ধু, বিদায়।