বন্ধু, শুনতে কি পাও...
গোলাপের পাপড়িগুলো দিয়ে বেশ মায়াভরা হাতে ‘বন্ধু’ শব্দটি লিখছিল পাপিয়া। কেকটা সুন্দর করে এরই মধ্যে সাজিয়ে ফেলেছে তুলি। সিঁথি তখনো বসে বসে বানিয়ে যাচ্ছিল বন্ধুদের জন্য রাখি। ‘১২টা বেজে গেছে রে’ প্রভার চিৎকারে সবাই কাজ ফেলে ব্যস্ত হয়ে পড়ল বন্ধুত্বের উষ্ণ ভালোবাসা ছড়াতে। শোভা ও তওফা সবার হাতে হাতে বেঁধে দিল রাখি। শ্যামা আর অরিন একসঙ্গে বলে উঠল, ‘চল্ চল্ চল্, কেক জবাই করি।’ হলো কেক কাটা। তারপর ছুরি দিয়ে টুকরো টুকরো করা হলো নরম পেজো তুলোর মতো কেকটাকে। কিসের খাওয়াখাওয়ি। সবার নাকে-মুখে ততক্ষণে কেকের ক্রিমে ক্রিমে একাকার অবস্থা। ল্যাপটপে বাজছিল তখন ‘ও বন্ধু, তুমি শুনতে কি পাও...এ গান আমার...।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে বন্ধু দিবসের প্রথম প্রহরে এই যখন অবস্থা, তখন টিএসসির খোলা মাঠের আকাশজুড়ে খেলা করছিল তারাবাজির আলো। রোকেয়া হলের তামান্না, নাদিয়া, তওফা ও রুনুরাও হলের মাঠে নেমে গেছে। সেখানেই চলল বন্ধুদের খুনসুটি। ১ আগস্ট বন্ধু দিবসের ভোরের ছবি তো আরও রঙিন। সবার হাতে হাতে রাখি দেখেই আলাদা করে বোঝা যাচ্ছিল আজকের দিনটি শুধুই বন্ধুদের। যাদের ক্লাস ছিল তারাও যদি একটু বিরস বদনে ছিলে। তবে ক্লাস শেষে পুষিয়ে নিয়েছে তারা। শরীফ, রিনি, অর্ক, রাসেল, লাবণী, সুমন, জাকারিয়া, সৌরভ ও শারমিনদের সব বন্ধুকে দেখা গেল এক পোশাকে। গাঢ় বেগুনি রঙে তাদের মানিয়েছিল বেশ। রুম্মানের মনটা অবশ্য বেশি ভালো নেই। সবচেয়ে প্রিয় বন্ধুটি আজ তার পাশে নেই। টিএসসিতে বসে মেইল করে বন্ধু দিবসের সুন্দর একটি কার্ড পাঠিয়ে দিল সে। অবশ্য অনেক ফাঁকিবাজই ফেসবুকে রঙিন রঙিন সব উপহার পাঠিয়ে বেঁচে গেছে এবার।ওদিকে কার্জন হলের রসি, সবুজ, মিটি ও ঝুমনও ক্লাস ফাঁকি মেরে বসে বসে চায়ের কাপে আড্ডা জমিয়েছে। রুনা ও কণা পরে এসেছে হলুদ শাড়ি। সব বন্ধুর জন্য নিয়ে এসেছে হলুদ গোলাপ। বন্ধুত্বের রং নাকি হলুদ, তাই। দুপুরে সব বন্ধুকে নিয়ে সবুজ ঘাসে হলো খাওয়া-দাওয়া করাও। বিকেলের দিকে যেন উৎসব লেগে গেছে প্রাঙ্গণজুড়ে। টিএসসি, কলাভবন, কার্জন হল ও মলচত্বর সবখানে বসেছিল বন্ধুদের মিলনমেলা। সন্ধ্যার দিকে অফিস শেষে কেউ কেউ বা চলে এসেছেন তাঁদের প্রাণের টিএসসিতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা মিলে যে মাঠে বসে কেটেছে কত বিকেল, আজকের দিনটায় সেটা তাঁরা ভোলেন কী করে। ফোনে ফোনে খোঁজ দেওয়া হয়ে গেছে সবাইকে। রাকিব, হাসান, মিজান, বেবী, মানিক, রুবি হোসেন সবাই ছুটে এসেছেন বন্ধুদের প্রাণের টানে। স্বপন মামার চায়ের দোকানজুড়ে রীতিমতো কোলাহল চলছিল তখন। এ কোলাহল কি আর থামে, চলল একেবারে রাত ১১টা পর্যন্ত। এরপর যার যার ঘরে ফেরা। আমতলায় তখন গিটার নিয়ে দুষ্টু ছেলেদের দলটা গেয়ে যাচ্ছিল বন্ধু নিয়ে একের পর এক গান। একসময় ওরাও চলে গেল যার যার হলে। পুরো প্রাঙ্গণজুড়ে তখন নিশ্চুপতার খেলা। একটা রাতজাগা পাখির একলা কথা চলছিল ঘুমিয়ে পড়া শুকতারার সঙ্গে। এখনো কে যেন একমনে বাঁশিতে তুলছে করুণ সুর। হয়তো পাশে না থাকা বন্ধুটির কাছে রাতের নিশ্চুপতা ভেদ করে পৌঁছাবে সে সুর। অথবা হয়তো কখনোই পৌঁছাবে না সে সুর। তাতে কি! বন্ধুত্বের অমলিন বন্ধনটা তো চিরদিনেরই, তাই না?