বন্ধু আড্ডা গান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্দিকে হইচই রবে একাকার। গরম চায়ের সঙ্গে অ্যাকুয়াস্টিকের স্টিংয়ে ঝড় তুলছেন কেউ কেউ। কাছে গিয়ে হাজির হলাম। কী করছেন? প্রশ্ন করতেই পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী হাসান মাশরুরের একদমে জবাব— ‘আড্ডা দিচ্ছি, মজা করছি...বন্ধুরা মিলে সংগীতের গভীর সিন্ধুতে ডুব দিচ্ছি।’ঠিক উল্টো অবস্থানটিতে মিনিট পাঁচেকের ব্যবধানে ঘাঁটি গেড়ে বসল অপর একটি গ্রুপ। কথার ফাঁকে উচ্চ স্বরে সবার হাসাহাসি। কেউ বা মাথা দোলাচ্ছে। ক্ষণে ক্ষণে করতালির তরঙ্গে সরগরম হয়ে উঠছে পুরো এলাকা। গ্রুপের একজন ফার্মেসি বিভাগের আফিয়া আফরোজ। তাঁর কাছে জানতে চাই, এত আনন্দের কারণ কী? ‘সারা দিনের ক্লাস, ল্যাবের ব্যস্ততা। তাই ফুরসত পেলেই কড়া লিকারে এক কাপ চায়ের টান, ধুমছে আড্ডা আর মনভরে মজা করতে এখানে ছুটে আসি। বন্ধুরা মিলে এ-কথা সে-কথা বলে কত্ত মজা পাচ্ছি তা বুঝতে আপনাকে কিছু সময়ের জন্য আমাদের সারথি হতে হবে!’জম্পেশ আড্ডার এমন রকমারি দৃশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকবেষ্টিত ট্রান্সপোর্ট চত্বরে হরহামেশাই দেখা মেলে। পড়ন্ত বিকেলে টিউশনি, শপিংয়ের জন্য ঢাকা যাওয়ার জন্য বাস ধরবে কিংবা সহপাঠীদের সঙ্গে অবসর সময়ে গান, গল্প, আড্ডায় ভাগাভাগি করতে অনেক শিক্ষার্থীই পড়ন্ত দুপুরে এখানে ভিড় জমান। নানা রঙের এই আড্ডা ননস্টপ গতিতে চলে সন্ধ্যা পেরিয়ে রাত অবধি। এসব গল্পের পরিধি জানা-অজানা, হাস্যরসাত্মক, অদ্ভুত আর গাম্ভীর্যপূর্ণ কথাবার্তায় আবদ্ধ। বাদ পড়ে না চলমান রাজনীতির আলোচনা-সমালোচনাও। ক্লান্তি, দুশ্চিন্তা যেভাবেই তাঁদের ঘিরে ধরুক, ট্রান্সপোর্টের নির্মল আড্ডায় সব কর্পূরের মতো গায়েব হতে বাধ্য।শুধু আড্ডাতেই নয়, পুরোনো কলা ভবনসংলগ্ন খোলা ময়দানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সৈকত ঘোষ প্রায়ই ক্রিকেট, ফুটবল নিয়ে দুর্দান্ত সময় কাটান। ব্যাচগুলোর বর্ষপূর্তি আয়োজনে স্থান নির্ধারণেও এক ধাপ এগিয়ে বিশ্ববিদ্যালয়ের এই প্রাণকেন্দ্র। ট্রান্সপোর্ট চত্বরের শেষ সীমানা ফজিলাতুন্নেসা হলের সামনে প্রায়ই আড্ডামুখর অবস্থায় পাওয়া যায় মশিউজ্জামান ও বুশরা রাব্বিকে। বুশরার মতো অনেক শিক্ষার্থীর পছন্দের তালিকায় টিএসসি, টারজান পয়েন্ট, বটতলা শীর্ষে থাকলেও দূরত্বের বিবেচনায় গল্পের ঝুড়ি নিয়ে এখানে এসেই আসর জমান তাঁরা।আড্ডার মধ্য দিয়ে গড়ে ওঠে শিক্ষার্থীদের পারস্পরিক সখ্য। বন্ধুত্বের মাত্রা হয় আরও সুদৃঢ়। একসঙ্গে প্রাণভরা আনন্দে ভেসে চলা, হূদয় জুড়ানো উচ্ছ্বাস আর মনখোলা হাসিতে পুরো সময় পার করেন তাঁরা প্রত্যেকে।ট্রান্সপোর্ট চত্বরজুড়ে আনন্দ-বেদনার উপাখ্যান। সঙ্গে ভালোবাসার খুনসুটি। না পাওয়ার আক্ষেপ। আর কিছু পাওয়ার উচ্ছ্বাস। কারও পক্ষেই বলা সম্ভব নয় ব্যাচ-পরম্পরায় চলতে থাকা এই আড্ডার শেষ কোথায়।