সকাল সাড়ে সাতটা থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠতে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সুদৃশ্য টিশার্ট আর ক্যাপে ঝলমল করছে ১৭, ২৫ কিংবা ২৮ সংখ্যাগুলো। সব ব্যাচের শিক্ষার্থীই নিজেদের এভাবে জানান দিতে চাইলেন আলাদা করে। যেন বলছিলেন আমরাও আছি। এসেছি আবার এই ক্যাম্পাসে।
স্টেশনের মউর দোকান, জারুলতলা কিংবা কলা ভবনের পাশের ঝুপড়িতে খণ্ড খণ্ড জমায়েত। সবখানে উচ্ছল হাসি। প্রত্যাবর্তনের আনন্দ। বন্ধুকে খুঁজে পাওয়ার উচ্ছ্বাস। আসরের জমকালো সাজসজ্জার বাইরে এই হৃদয়ের কথাটাই ছিল মুখ্য।

গতকাল ১৯ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিল সারা জীবন মনে রাখার মতো একটি দিন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে এভাবে পুরোনো ক্যাম্পাসে ফিরে আসার স্মৃতি অক্ষয় হয়ে থাকবে।
সকাল নয়টার কিছু আগে থেকে ক্যাম্পাসের নানা স্থান থেকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে শোভাযাত্রা বের করেন। সবার গন্তব্য ছিল কেন্দ্রীয় খেলার মাঠ। মূল আয়োজনটা সেখানেই। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসরের উদ্বোধন করেন। এরপর দুপুর বারোটা পর্যন্ত চলেছে আলোচনা সভা। তবে তার ফাঁকে কেউ আলাপ জমিয়েছেন নিজেদের মাঝে। কেউ–বা কোনো সহপাঠীর খোঁজে ঘুরছেন এদিক সেদিক। দেখা হলে সমস্বরে উল্লাস প্রকাশ করে তুলছেন সেলফি।

বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী নুরুল হক ও হোসনে আরা বেগমের প্রেম-পরিণয়ের সঙ্গে জড়িয়ে আছে এই ক্যাম্পাস। দুই সহপাঠী শিক্ষাজীবন শেষে সুখের সংসারও পেতেছেন। বর্তমানে নুরুল হক সোনালী ব্যাংকে কর্মরত আর হোসনে আরা বেগম ইউসেফের পরিচালক। হোসনে আরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে খুব বেশি মিস করি। ক্যানটিনে আড্ডা দিতাম বন্ধুদের নিয়ে। এই শাটল ট্রেনেই নুরুল আমাকে প্রপোজ করেছিল। সেই স্মৃতি আজ খুব মনে পড়ছে। এসব তো ভোলার নয়।’
১৬তম ব্যাচের শিক্ষার্থী বিভূতি ভূষণ দত্ত। তিনি বর্তমানে একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। তিনি বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে। টুল বাজিয়ে গাইছিলেন গান। কথা বলতে চাইলে উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি অভিভূত বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আসতে পেরে। আবার ছাত্রজীবনে ফিরে এলাম। আমি এই শাহজালাল হলেই থাকতাম। এ হলের সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে, বিভিন্ন ক্যানটিনে, ছাত্রী হলের সামনে আড্ডা দিতাম চুটিয়ে। এখন এসব আবার করছি। আমি আসলে একরকম হারিয়ে গেছি।’
নবম জাতীয় সংসদের চিফ হুইফ ও বর্তমান সাংসদ আবদুস শহীদ এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ফিরে এলাম প্রাণের ক্যাম্পাসে। বাঁধ ভাঙা উল্লাস মনকে তরুণ করে তুলেছে। সুযোগ থাকলে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতাম।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী নিয়ে বর্তমান শিক্ষার্থীরাও বেশ উল্লসিত। তাঁরা নিজ নিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফারহানা আফরোজ। তিনি ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। নিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও সহপাঠীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন কলা অনুষদের ঝুপড়িতে। ফারহানা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব পেলাম এখানে পড়া অবস্থায়। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। বিভাগের সাবেক শিক্ষার্থীরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’
এর আগের দিন শুক্রবার রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত ওয়েলকাম নাইটের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্মানে। সেই আসরে রুনা লায়লা, ÿসুবীর চৌধুরী, সন্দীপন আচার্য ও হৈমন্তী রক্ষিত মান গান করেছেন। অনুষ্ঠান চলেছে মধ্যরাত অবধি। এরপর সাবেক শিক্ষার্থীদের অনেকে নগরের যে হোটেলে উঠেছেন সেখানেও রাত জেগে আড্ডা দিয়েছেন। প্রায় নির্ঘুম রাতই কেটেছে অনেকের। এর আগে দিনভর শহরে শোভাযাত্রায় অংশও নিয়েছেন সবাই। ২৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আবু নাইম মাহাতাব মোর্শেদকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘শহরে শোভাযাত্রায় অংশ নিয়ে, রাতভর আড্ডা দিয়ে আবার সকালে ক্যাম্পাসে এসেছি। একটুও ক্লান্তি লাগছে না। সব বন্ধুকে একসঙ্গে পেয়েছি। এই দিনটি তো আর আসবে না। আজও যতটা সম্ভব ক্যাম্পাসে থাকব, আড্ডা দেব আর উদ্যাপন করব।’