বন্ধু কী খবর বল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে...।’ গুন গুন করে এই গান গাইছিলেন কেউ কেউ। কর্ণফুলী নদী যেখানে এসে সাগরে মিশেছে, সেখানে বহুদিন পর একসঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন তাঁরা। তাই গান, খুনসুটি আর উচ্ছলতায় ভাসবেন তাঁরা এটাই তো স্বাভাবিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বহুদিন পর একে অপরের দেখা পেলেন। চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ব্যাচ (কুসাব) গত শুক্রবার পতেঙ্গায় অবস্থিত চট্টগ্রাম বোট ক্লাবে এই পুনর্মিলনীর আয়োজন করেছিল।শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব প্রাঙ্গণে সৃষ্টি হয়েছিল অন্য রকম আমেজ। হারিয়ে যাওয়া পুরোনো বন্ধুকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরছিলেন কেউ কেউ। ‘কেমন আছিস। বন্ধু কী খবর বল!’ হাওয়ায় ভাসছিল এমন কথা। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৮৩ ব্যাচের সব সদস্য। এরপর হইচই করলেন তাঁরা দিনভর। জাহাজে চেপে ঘুরলেন সাগর-সঙ্গমে। অনাবিল এই আনন্দ অনেকগুণ বাড়িয়ে দিয়েছিল পতেঙ্গা সাগর মোহনার অপরূপ দৃশ্য। আড্ডা আর গনের ফাঁকে স্মৃতি ধরে রাখতে ছবি তোলাও চলছিল সমানে।সুদূর লন্ডন থেকে এই আসরে যোগ দিতে এসেছিলেন জেবা হাসান। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘শুধু এই অনুষ্ঠানে যোগ দিতেই ছুটি নিয়ে দেশে আসা। এখানে এসে মনে হচ্ছে না আমাদের বয়স বেড়েছে। মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের দিনগুলো আবার ফিরে এসেছে।’ জেবা হাসানের কথা লুফে নিলেন ডেইজি মউদুদ। চট্টগ্রামের একটি দৈনিকে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত এই সাংবাদিক বহুদিন পর বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত। ডেইজি বলেন, ‘এ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ৮৩ ব্যাচের সব বিভাগের শিক্ষার্থীরা তিনবার মিলিত হয়েছি। এখানে এসে মনে হয়েছে, আমরা কেউ বদলাইনি। মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জীবন ফিরে পেয়েছি আবার।’ ৮৩ ব্যাচের প্রায় সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এই ব্যাচের সদস্যদের মধ্যে আছেন ব্যাংকার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী এমনকি কবিও। এই ব্যাচের অন্যতম সদস্য নাসির উদ্দিন চৌধুরী বিজিএমইএর প্রথম সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মো. জোবাইদুল ইসলাম যমুনা ব্যাংক লিমিটেডের নির্বাহী সহসভাপতি, আবু গার্সেল সিদ্দিকী ট্রাস্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট, ইফতখার উদ্দিন আহমেদ কেডিএস লজিস্টিক লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। কুসাবের নেতৃত্ব দিচ্ছেন মো. জোবাইদুল ইসলাম। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতিও। তিনি বলেন, ‘৮৩ ব্যাচের তৃতীয় পুনর্মিলনী এটি। গত দুই বারের চেয়ে এবারের পুনর্মিলনী অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে। সামনে আয়োজনগুলো হবে আরও জমজমাট, আরও উপভোগ্য। এ জন্য ব্যাচের সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। দুপুরের খাওয়া-দাওয়া শেষে আড্ডা চলে রাত পর্যন্ত। সবাই মেতে উঠেছিলেন খেলাধুলায়। এর পর বোট ক্লাব প্রাঙ্গণজুড়ে চলে ডিজে পার্টি। রাত বাড়লে বেজে ওঠে বিদায়ের ঘণ্টা। আবার দেখা হবে, অন্য কোনোখানে—এমন প্রতিশ্রতি নিয়ে ও দিয়ে সবাই বিদায় নেন একে অপরের কাছ থেকে।