বন্ধু কী খবর বল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিখটা বেশ ছন্দময়। ১০.১১.১২। আবহাওয়াটাও অসাধারণ। মিষ্টি রোদে হাসছে প্রকৃতি। সবকিছুতেই কেমন উৎসব উৎসব ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের জন্য দিনটি একটি বিশেষ দিন। হাঁটি হাঁটি পা পা করে বিভাগটি ২০টি বছর পার করে ফেলেছে। এই আনন্দের রেশ ধরেই অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলনী-২০১২। মোকাররম ভবন প্রাঙ্গণ থেকে টিএসসি অভিমুখের এই শোভাযাত্রায় কেক কাটা থেকে শুরু করে রংবেরঙের বেলুন ওড়ানো—জন্মদিন পালনের কোনো কিছুই বাকি ছিল না এই উৎসবে। মূল অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ মোস্তফা ফারুক, চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন সাহিদা রফিক প্রমুখ। বক্তৃতা পর্বে স্মৃতিচারণা করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুতফুর রহমান।চা-বিরতির ফাঁকে ছত্রভঙ্গ প্রাক্তনেরা যেন খুঁজে ফিরছিলেন তাঁদের স্বর্ণসময়ের দিনগুলো। পুরোনো সেই দিনের কথা স্মরণ করে অনেকেই হয়ে পড়ছিলেন স্মৃতিকাতর। পেশাজীবনে ঢুকেছেন বলেই কি তারুণ্যের উচ্ছ্বাস আর বাধ মানে? বয়স-পেশা-বর্তমান ভুলে, ব্যস্ততা আর কাজের কথা ফেলে এক মুহূর্তের জন্য হলেও সবাই ফিরে গিয়েছিলেন হারানো অতীত, মেতে উঠেছিলেন গল্প-আড্ডা-গানে। আর সেই সঙ্গে ধুমসে ছবি তোলার হিড়িক তো ছিলই।নতুনেরা কিন্তু দলবেঁধে পাখির মতো কিচিরমিচির করছিলেন। প্রথম বর্ষের রিফাত তাঁর সহপাঠী সায়মা, প্রিমা, অনন্তার ছবি তুলে দিচ্ছিলেন। কেমন লাগছে, জিজ্ঞেস করতেই তাঁরা একবাক্যে বলে উঠলেন, ‘ভর্তি হওয়ার পর পরই এত বড় উৎসব, বড়দের সঙ্গে পরিচিত হতে পেরে ভালোই লাগছে।’ তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিনাত বলেন, ‘এখানকার সব শিক্ষক আন্তরিক ও বন্ধুবৎসল। মাইক্রোসফটের মতো বড় বড় প্রতিষ্ঠানেও এই বিভাগের শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন।’ তাঁর কথায় সুর মেলালেন রূপা, সাফওয়াত, শাহরিয়ার।কথা হলো বিভাগের শিক্ষক শুভ্রা চক্রবর্তীর সঙ্গে। ‘আমি দশম ব্যাচের শিক্ষার্থী ছিলাম। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগছে।’ এদিকে তৃতীয় বর্ষের মেধাবী মুখ মফিজুল ইসলামের কাছে সবচেয়ে মজার ব্যাপার ছিল শোভাযাত্রায় লাফালাফি করা! ইশতিয়াক অবশ্য শুরুতে কিছুটা নার্ভাস ছিলেন, কারণ আজই তাঁর ব্যান্ডের প্রথম মঞ্চে গান করার কথা, কিন্তু শেষ পর্যন্ত তিনি দারুণ উতরে গেলেন চমৎকার গান গেয়ে। সিএসই বিভাগের ছেলেমেয়েরা যে শুধু পড়াশোনায় ভালো তা নয়, আবৃত্তি আর নাচ-গানেও সমান পারদর্শী, সাংস্কৃতিক পর্বে নবীন-প্রাক্তনদের সক্রিয় অংশগ্রহণে তা সুস্পষ্ট হয়ে উঠল। এসেছিলেন প্রখ্যাত শিল্পী সামিনা চোধুরী, তাঁর গানে মুগ্ধ করলেন সবাইকে। সব শেষে আতশবাজির ছটায় মোহিত হলো সবাই। হালকা শীতের সন্ধ্যায় তারুণ্যের উল্লাস যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল।