একই ঘটনা। অথচ সেটা শুনে একেক বন্ধুর একেক রকমের প্রতিক্রিয়া। গতকাল ছিল বন্ধু দিবস। সেটা মনে রেখে বন্ধুদের চেনার এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে হাজির হয়েছেন পাঠকবান্ধব আলিয়া রিফাত

আপনি
দোস্ত, পাপড়ি না আমাকে ছ্যাঁকা দিয়েছে!

বৈষয়িক বন্ধু
ধুর! টাকা থাকলে কত পাপড়ি আসবে-যাবে। চল দোস্ত, ম্যানপাওয়ারের ব্যবসাটা এবার শুরু করেই ফেলি।

ধান্দাবাজ বন্ধু
চিন্তা করিস না, দোস্ত। আমি কথা বলব পাপড়ির সাথে। দে, ওর মোবাইল নম্বরটা দে। (হে হে, চান্স পাইছি এইবার।)

কথাবন্ধু (আরজে)
আপনি হতাশ হবেন না, বন্ধু। জীবনটা বিশাল বড়। একেবারে নদীর মতো। পাপড়ি গেলে পাতা আসবে, পাতা গেলে রেণু আসবে, রেণু গেলে কলি—এভাবেই চলবে যাওয়া আসার খেলা। খেলারাম খেলে যা। ডিয়ার লিসেনার্স, এখন আমরা শুনব, ‘একটাই কথা আছে বাংলাতে/ মুখ আর বুক বলে একসাথে/ সে হলো বন্ধু, বন্ধু আমার...’

মাস্তান বন্ধু
কী! কাইলকাই যদি ওরে ধইরা তোর সাথে বিয়া না দিছি, তাইলে আমার নাম চুইটকা বাবলু না।

কবি বন্ধু
আহা! পাপড়ি তুমি যেয়ো নাকো মোর বন্ধুকে ফেলে। কী হবে মোর বন্ধুটি এত ছ্যাঁকা খেলে!
প্রতিশোধপরায়ণ বন্ধু
দোস্ত, আজকেই বজলু ভাইয়ের ছাইপাঁশ ডট কমে ছাপিয়ে দে। ভিডিওসহ!
ফেসবুক বন্ধু
:(

মিথ্যেবাদী বন্ধু
আমি আগেই কইছিলাম, ওই মাইয়ার স্বভাব ভালা না। গত মাসেই দেখছিলাম ভিকারুননিসার এক পোলার লগে কফি ভিলেজে খিচুড়ি খাইতাছে!

নেশাখোর বন্ধু
গুড়্ড়্ড়্। ওসব পাপড়ি ফাপড়ি কিছু না, দোস্ত। ওনলি কল্কি ইজ রিয়েল। নে, একটা দম দে। গুড়্ড়্ড়্ড়্ড়্...
ভুলোমনা বন্ধু
পাপড়ি! ওর নাম না বুবলি ছিল?