বন্ধু তোর লাইগারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু দিবসে আপনার ছোট্ট কোনো উপহারও বন্ধুকে খুশি করতে পারে। মডেল: অর্ণব, নীল ও তোর্সা। কৃতজ্ঞতা: রঙ বাংলাদেশ, ছবি: সুমন ইউসুফ
বন্ধু দিবসে আপনার ছোট্ট কোনো উপহারও বন্ধুকে খুশি করতে পারে। মডেল: অর্ণব, নীল ও তোর্সা। কৃতজ্ঞতা: রঙ বাংলাদেশ, ছবি: সুমন ইউসুফ

ছোটবেলায় স্কুলের টিফিন নিয়ে কাড়াকাড়ি। নিজের খাবার রেখে সহপাঠী বন্ধুর খাবারে ভাগ বসানো। সেসব নিয়ে খুনসুটি আর অভিমান। একটু একটু করে সেই অভিমান ঢেকে যায় নির্ভরতার দেয়ালে। গায়ে জ্বালা ধরানো সহপাঠীও কখন যেন হয়ে ওঠে পরম বন্ধু। বিপদে বা সুখে সবার আগে তাকেই মনে পড়ে।

বিশেষ এই মানুষের জন্য বিশেষ দিন আগস্ট মাসের প্রথম রোববার—বন্ধু দিবস। বর্ষপঞ্জীর হিসাব অনুযায়ী এবার ৬ আগস্ট। প্রতিটি ক্ষণ যার উপস্থিতি মনের গভীরে, তাকে কি আর একটি দিবস দিয়ে উদ্‌যাপন করা যায়?

স্কুলের টিফিন ভাগাভাগি করে খাওয়া দিয়েই শুরু হতে পারে বন্ধুত্ব। মডেল: ঋষি ও রাই
স্কুলের টিফিন ভাগাভাগি করে খাওয়া দিয়েই শুরু হতে পারে বন্ধুত্ব। মডেল: ঋষি ও রাই

রঙ বাংলাদেশের প্রধান ডিজাইনার সৌমিক দাসের সোজাসাপ্টা জবাব, ‘অন্য দিবসগুলোর মতো বন্ধু দিবস নিয়েও এই প্রশ্ন সামনে আসে। একটা দিন বেঁধে দেওয়া মানে শুধু যে সেদিনই বন্ধুকে মনে করবে তেমন নয়; তবে এই দিনটিকে বন্ধুর জন্য বিশেষভাবে রাখার মানে তো সম্পর্কটাকে (বন্ধুকে) সম্মানিত করা।’

বিশেষ দিন, তাই উদ্‌যাপন নিয়েও সবাই করতে চান বিশেষ পরিকল্পনা। বন্ধুর জন্য ‘ইউনিক’ কোনো উপহার বা আয়োজন করেন অনেকে। চমকে দিতে চান বন্ধুকে। বেশ কয়েকটি ফ্যাশন হাউসে দেখা গেল বন্ধু দিবসের জন্য বিশেষ টি-শার্ট। সেসব টি-শার্টের ভাবনায় আছে আড্ডা, গল্প, যোগাযোগ ইত্যাদি।

ই-মেইলের ফরম্যাট বসিয়ে বা চিঠির খাম দিয়ে নকশা করা টি-শার্ট আছে বাজারে। আছে বন্ধুদের উচ্ছলতার ছায়ার নকশা।

বন্ধু দিবসে অনেকেই বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেন ফেসবুকে
বন্ধু দিবসে অনেকেই বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেন ফেসবুকে

রিস্টব্যান্ড হাউস লিমিটেডের ব্যবসা উন্নয়ন ও মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাকলায়েন আহমেদ জানালেন, তরুণেরা বন্ধুকে উপহার হিসেবে দিতে পারেন রিস্টব্যান্ড। চাইলে ফরমাশ দিয়ে তৈরি করে নিতে পারেন বিশেষ কোনো লেখা বা চিহ্নসহ রিস্টব্যান্ড। এ ছাড়া বন্ধুর ছবি বা তার পছন্দের কোনো ক্লাব বা সংগঠনের লোগো বসিয়ে দিতে পারেন মগে।

বন্ধুকে দেওয়ার মতো আড়ংয়ে রয়েছে নানা ধরনের উপহার সামগ্রী। প্রতি সপ্তাহেই নতুন নতুন সামগ্রী যোগ হচ্ছে সেখানে। বন্ধুর রুচি বুঝে পোশাক, গয়না বা ঘর সাজানোর জিনিসপত্র দিতে পারেন।

যতই হোক শক্তির লড়াই, বন্ধু তো বন্ধুই
যতই হোক শক্তির লড়াই, বন্ধু তো বন্ধুই

আরও যা হতে পারে

বন্ধুকে উপহার দিতে পারেন এক গোছা চুড়ি, হাতে আঁকা একটা গয়নার বাক্স, ধাতবে তৈরি ফুল (দেয়ালে টাঙানো যায়), ইলেকট্রিক মোমবাতি, ব্যাগে ব্যবহারের জন্য পিনব্যাজ, বন্ধু যদি বেকিং পছন্দ করেন, একটা বেকিং সেট বা কেকের ট্রে উপহার দিতে পারেন তাঁকে। উপহার উপকরণ হতে পারে ফটোফ্রেম, আলাদা করতে যেটা আর্ট করিয়ে নিতে পারেন। অনলাইন ও অফলাইনের অনেক দোকান আজকাল রিকশাচিত্র আঁকে। সেখানে আঁকিয়ে নিতে পারেন কাচের বোতল, চায়ের কেটলি, হেলমেট, বাসার দেয়ালের কি-হোল্ডার, গয়নার বাক্স, বসার মোড়া বা টুল, মুঠোফোন রাখার দানি, মোম ইত্যাদি।

আগেভাগে সময় বের করে রেখে বন্ধুকে নিয়ে ঘুরে আসতে পারেন কাছে বা দূরে। রান্না করে চমকে দিতে পারেন তাঁর পছন্দের কোনো পদ অথবা প্রিয় রেস্তোরাঁয় একবেলা খেয়ে এলেন দুজনে মিলে। অনেকের বন্ধুই পছন্দ করেন হাতঘড়ি, জুতা বা রোদচশমা। আপনার বন্ধুর পছন্দ জানা থাকলে সেই সবও দিতে পারেন বন্ধু দিবসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা ইনস্টাগ্রামে বন্ধুকে নিয়ে কোনো বিশেষ ছবি বা লেখা আপলোড করতে পারেন।

বন্ধুকে নিয়ে গান-কবিতা তো কম হয়নি। নিজের (হেঁড়ে) গলায় না-হয় বন্ধুর জন্য গাইলেন দুই লাইন, ‘বন্ধু তোর লাইগা রে...’।