>আজ আগস্টের প্রথম রোববার। আন্তর্জাতিক বন্ধু দিবস। দিবসটি উপলক্ষে আমাদের পাঠক, সারা দেশের বন্ধু, প্রবাসীবন্ধুসহ সবাইকে শুভেচ্ছা জানাই। এ উপলক্ষে বন্ধুদের দুটি লেখাও ছাপা হলো
বেশ কিছুকাল আগে, প্রায় দেড় যুগ হলো। সদ্য ভার্সিটিতে ঢুকে যেন হাওয়ায় ভাসছি। এই না হলে জীবন! সবখানে আনন্দ, রং আর রূপের বিপুল পসরা। আবাসিক হলে থাকি, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারি আর ক্লাসের ফাঁকে টুকটাক সমাজকর্ম। হঠাৎ সারা দেশে বন্যা হলো। চারদিক পানিতে টইটম্বুর। দেশ যেন ভাসছে, বন্যার জলে। আমরা ছাত্ররা লেগে গেলাম রুটি বানাতে। কারণ, প্রচুর মানুষ তখন বাস্তুহারা হয়ে ঢাকা শহরে ঠাঁই খুঁজছে। যে কখনো কিচেনে ঢোকেনি, সেও তখন পাক্কা রাঁধুনি। রুটি পুরোপুরি গোল হচ্ছে না বা ভাজতে গিয়ে পুড়ে যাচ্ছে। না হোক পুড়ুক খানিকটা, বানভাসি মানুষের জন্য হৃদয়ে ভালোবাসার কমতি ছিল না মোটেও।
রাতজাগা পাখির মতো নির্ঘুম জেগেছি আমরা, হাজারে হাজারে রুটি তৈরি হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়ায়। ভোর হলেই তুলে দেব বুভুক্ষু ছেলেমেয়ের মুখে। কী পরিতৃপ্তি নিয়ে ওরা খাচ্ছে! আর অপার আনন্দে ভরে উঠছে আমাদের বুক। ওদের দুই চোখের ভাষায় অনিঃশেষ কৃতজ্ঞতা। যেন বলছে, বন্ধু, এমনি করেই পাশে থেকো। চিরকাল।
নাহ্, কোনো গর্ব বা অহংবোধ তৈরি হয়নি। মানুষ তো মানুষেরই জন্য। রাজন কিংবা কিশোর—একটি ছেলে যখন নির্মম কশাঘাতে লাশ হয়, তখন এ প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে, কোথায় মানবতা! রুটি তৈরির কথা বলছিলাম, তখন একজন ছিল আমার সঙ্গে। বন্ধু, সহপাঠী কিংবা ঘনিষ্ঠ স্বজন। রুটি বানাতে বানাতে ঘুমে ঢুলছে, তাও কাছে বসে আছে, আমার খুব কাছে। আরও একবার তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল রাজধানী শহরে। আমি টিউশনি করে মাস চালাই। নিতান্ত দরকার হবে না ভেবে সেবার লেপ কেনা হয়নি। শীতে কাঁপছি ঠকঠক। ঠায় জমে যাচ্ছি প্রায়। জানতে চাইল, লেপ আছে কি নেই। আমি ‘না’সূচক উত্তর দিলাম। পরদিন কাকভোরে সে হলগেটে এসে হাজির। সঙ্গে শিমুল তুলোর লেপ। একদম আনকোরা। জানি, টিফিনের টাকা বাঁচিয়েই ওটা কেনা হয়েছে। লেপের ওম আমার সারা শরীরে অন্য রকম উষ্ণতা ছড়িয়ে দিল। মনে মনে বললাম, বন্ধু, কাছে থেকো। সে আছে বৈকি। নিত্য রুটি বানায়, আমাকে লেপে ঢেকে দেয় প্রতিটি পৌষে। সে আমার ঘরনি এখন।
ডা. তপতী।