>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার বয়স ২৪। স্নাতক শেষ বর্ষে পড়ি। বিশ্ববিদ্যালয়-জীবনের শুরু থেকে আমার সহপাঠী একজন মেয়ের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। ওর সঙ্গে পরিচয় হওয়ার আগ পর্যন্ত বেশির ভাগ সময় আমি একাকী থাকতাম। এখনো ওকে ছাড়া আর কারও সঙ্গেই তেমন মিশতে পারি না। কিন্তু কিছুদিন ধরে একটি চিন্তা আমাকে পেয়ে বসেছে। স্নাতক শেষে আমাদের পড়াশোনার গতিপথ আলাদা হয়ে যাবে। ওর সঙ্গে নিয়মিত দেখা হবে না। বিষয়টি আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। সে মনেপ্রাণে চায় আমি সব চিন্তা বাদ দিয়ে নিজের পড়া আর ক্যারিয়ার নিয়ে ভাবি। আমিও এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমি আমার ক্যারিয়ার গড়ার চিন্তা থেকে এক চুলও সরব না। কিন্তু আমার তো একটা মন আছে। বন্ধু বলতে ওকেই শুধু বুঝি। ওর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। কিন্তু ওকে মিস করতে হবে ভাবলেই আমার সব গুলিয়ে যায়। প্রচুর কান্নাকাটি করি। তাকে এই কষ্টের কথা ছাড়া আর সবই বলি। কিন্তু আমি এখন কী করব? অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে আছি।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমাদের দুজনের একটি পরিচ্ছন্ন ও শ্রদ্ধাশীল বন্ধুত্ব সত্যিই খুব প্রশংসনীয়। আমাদের সমাজে বিপরীত লিঙ্গের এ ধরনের সুন্দর বন্ধুত্ব কিছুটা কম হয় বলে তোমার সম্পর্কটিকে অনেকেই হয়তো একটি ভালো উদাহরণ হিসেবে দেখবে। তবে তুমি যে স্নাতক পর্যায়ের আগে কারও সঙ্গে বন্ধুত্ব করোনি, সেটি একটি দুশ্চিন্তার বিষয়। সাধারণত বয়ঃসন্ধিতে মানুষ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করার কথা। এ ছাড়া শৈশব থেকে পরিবারের বাইরের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা ও বন্ধুত্ব করতে পারলে জীবন-দক্ষতাগুলো খুব ভালোভাবে তৈরি হয়। বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের কারণে বা খেলায় হারলে যে নেতিবাচক আবেগগুলোর ভেতর দিয়ে আমরা যাই, সেগুলো আমাদের ভবিষ্যতে পাওয়া কষ্টগুলো সামলানোর ক্ষেত্রে অনেক বড় একটি সহায়ক ভূমিকা রাখে।
বিশ্ববিদ্যালয়-জীবনে শুধু একজনের সঙ্গে মেশার ফলে তুমি ওর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছ। এটি খুব সুস্থতা নির্দেশ করে না। মেয়েটির কি তুমি ছাড়া আরও বন্ধু রয়েছে কি না, তা উল্লেখ করোনি। ও যদি অন্য কারও সঙ্গে বন্ধুত্ব করে থাকে, সেটি তোমাকে নিরাপত্তাহীনতা বোধ করাত কি না, সেটিও জানালে ভালো হতো। তোমার আর কোনো বন্ধু নেই বলে মেয়েটি যে তোমাকে অনেক বেশি সময় দিয়েছে, তাতে তোমার কতটুকু উপকার হয়েছে, সেটি ভেবে দেখার বিষয়। তুমি ক্যারিয়ার গড়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছ, সেটি খুব ভালো, তাতে সন্দেহ নেই। তবে শুধু সার্টিফিকেট এবং পুঁথিগত শিক্ষা কিন্তু আমাদের কর্মজগতে সফলতা দেয় না। তুমি যদি সেখানে ঢুকে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে না পারো, তাহলে হতাশায় ভুগবে এবং অন্যরাও তোমাকে ভালোভাবে গ্রহণ করতে চাইবে না। আমি বুঝতে পারছি, এই মুহূর্তে তুমি কতটা বিপর্যস্ত অবস্থায় রয়েছ। তবে এটিকে জীবন থেকে নেওয়া একটি বড় শিক্ষা হিসেবে দেখে তুমি আরও কিছু মানুষের সঙ্গে মিশতে শুরু করো। একই সঙ্গে খুব গভীরভাবে ভেবে বের করার চেষ্টা করো, কী কী কারণে তুমি কখনো অন্য কারও সঙ্গে মেশোনি। যেহেতু আমাদের সবাইকে সমাজে চলতে হয়, সামাজিক দক্ষতা না থাকলে নানা ধরনের মানসিকতাসম্পন্ন মানুষের সঙ্গে আমরা নিজেকে মানিয়ে নিতে পারি না।
আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আবেগ মোকাবিলা করে মেয়েটির কাছে সারাক্ষণ দুঃখ প্রকাশ না করে নতুন কিছু বন্ধু তৈরি করো। তোমার যেসব ভালো গুণ রয়েছে, সেগুলোকে আরও ধারালো করো এবং জীবন-দক্ষতাগুলো সম্পর্কে ইন্টারনেটে পড়ে সেগুলো চর্চা করো। আশা করছি, তুমি তোমার সামাজিক পরিধিটি প্রসারিত করে নিজেকে সমৃদ্ধ করতে উদ্যোগী হবে।