বন্ধু বেইমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার ভালো বন্ধুদের মধ্যে শুভ ছিল একটু অন্য রকম। আস্তে আস্তে ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমাদের মধ্যে এতই ভালো সম্পর্ক ছিল যে ভালো বন্ধু হিসেবে আমাদের প্রায় সবাই চিনত। এটি আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আমাদের এই ভালো বন্ধুত্বকে কেউ সহ্য করতে পারত না। আমাদের এই সম্পর্ককে খারাপ করার জন্য সবাই কোমর বেঁধে লাগে। অনেকে আবার বাজি ধরেও আমাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছে। আমরা প্রায়ই মাঠে খেলতাম, একদিন খেলার সময় শুভ বল দিয়ে অনেক জোরে আমার মাথায় মারে। আমি ভেবেছিলাম, ও আমার সঙ্গে মজা করছে। তাই আমিও ওর সঙ্গে মজা করার জন্য বল দিয়ে ওর মাথায় মারি। তখন ও বলে, তুই আমার সম্পর্কে আজেবাজে কথা কেন বলছিস, বলে আমাকে জোরে থাপড় মারে। আমি কেন তোর সম্পর্কে আজেবাজে কথা বলব?কেউ ইচ্ছা করে আমার আর তোর সম্পর্ক খারাপ করার জন্য এসব আজেবাজে কথা বলছে। তখন ও আরও রাগ হয়ে আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে চলে যায়। আমি পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিই। এ ঘটনার পরদিন আমাকে হেড স্যার ডেকে পাঠান। সেখানে উপস্থিত হয়ে জানতে পারি, শুভ আমার নামে বিচার দিয়েছে। হেড স্যার জিজ্ঞেস করলেন, তুমি নাকি শুভকে আজেবাজে কথা বলেছ? ওকে নাকি বল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছ? আমি তখন বলি, স্যার, আমি এসব কিছু জানি না এবং আমি ওকে মজা করে বল দিয়ে মাথায় মেরেছি। সেও তো আমার মাথায় মেরেছে। তখন আমার সামনেই হেড স্যার শুভকেও ডেকে পাঠান। শুভ আসে এবং আমি দেখে অবাক হই যে সে তার মাথায় সাদা কাপড় পেঁচিয়ে এসেছে। এই যে দেখো, তুমি ওর মাথা ফাটিয়ে দিয়েছ এবং সঙ্গে সঙ্গে শুভও বলে স্যার ও আমাকে অনেক আজেবাজে কথা বলে। শুভর এসব মিথ্যে অভিনয় দেখে আমার কান্না পেয়ে যায়। হেড স্যার বলেন, আমি তোমাদের দুজনকে দুটি কাগজ দিচ্ছি। তোমরা যা যা করেছ সব এতে লিখো। তখন শুভ আমাকে বলে, চল আমরা একটা কাজ করি। তখন আমি ওকে বলি, কী করবি? শুভ বলে, তুই আমার সম্পর্কে আজেবাজে কথা বলবি না। আমিও তোর নামে কোনো আজেবাজে কথা বলব না।তুই লিখবি আমরা যা যা করেছি সব মজা করে করেছি। আমিও লিখব যে আমি তোকে মজা করে মেরেছি। এতে আমার দুজনই বেঁচে যেতে পারব। স্যার আমাদের মাফ করে দেবেন। আমি তখন ওর কথা শুনে সব কাজ করি। ঠিক তার পরের দিন স্যার আমাকে আবার তার রুমে ডাকেন এবং আমাকে আমার অভিভাবক নিয়ে স্যারের সঙ্গে দেখা করতে বলেন। আমার অভিভাবককে স্যার ডেকে অনেক আজেবাজে কথা বলে অপমান করেন। আমাকে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। আমি তখন স্যারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যতে এ রকম আর কোনো কাজের সঙ্গে লিপ্ত হব না। এক সপ্তাহ পর আমার আবার শুভর সঙ্গে দেখা হয়, তখন ও আমাকে বলে আমাকে মাফ করে দিস দোস্ত। আমি বললাম, কেন? ও বলল, আমি আসলে স্যারের কাছে তোর নামে লিখিতভাবে অভিযোগ করেছি। আমি বললাম, কী বলে অভিযোগ করেছিস? শুভ বলে, লিখেছিলাম তুই আমাকে সত্যি সত্যিই অনেক জোরে জোরে মেরেছিস এবং ব্যথা পেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। শুভর মুখে এসব শুনে কী বলব ভেবে পাই না। তখন মনে হয়েছে ও কি আসলেই আমার বন্ধু? শুভর সঙ্গে আর কোনো দিন দেখা হয়নি আমার। তাহজিব সেলিম আহমেদমোহাম্মদপুর, ঢাকা