বন্ধু ভালোবাসি
সেদিন বন্ধু জয়িতার জন্মদিন। জয়িতা সব সময় বলে, গরিবদের বন্ধু থাকে না। তাদের জন্মদিনে কেক, কার্ড, উপহার তো দূরের কথা, সামান্য শুভেচ্ছা দেওয়ারও কেউ থাকে না।
এবার ঠিক করে ফেললাম, কিছুতেই ওর কথাগুলো সত্যি হতে দেওয়া যাবে না। একটা কিছু করতেই হবে। কী করা যায় ভাবতে ভাবতে মনে পড়ল, আজ মঙ্গলবার। এদিকের মার্কেটগুলোও বন্ধ। ভাবতে ভাবতে টেবিলে বসতে ই একটা পুরোনো বিয়ের কার্ড চোখে পড়ল। ইটরঙের একটা কার্ড, ভেতরে আলাদা কাগজ লাগানো। ভেতরের কাগজটি তুলে কার্ডের ওপরে একটি ছোট্ট প্রজাপতি এঁকে নিলাম। পাখাগুলো কেটে আরও একটু উঁচু করে দিলাম। কালার পেপারে ছোট ছোট ফুল কেটে কার্ডের ওপর লাগিয়ে ভেতরে লিখে দিলাম—শুভ জন্মদিন।
বিকেলে জয়িতার পছন্দের কিছু চকলেট নিয়ে হাজির হয়ে গেলাম ওর হলের সামনে। দেখা হতেই জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে কার্ডও হাতে ধরিয়ে দিলাম। আনন্দে আটখানা হয়ে জয়িতা বলল, ‘তুই পারিসও বটে!’
খালেদা ইয়াসমিন
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিেস্টমস বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়