বন্ধু মিশুকের জন্য শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয়ে একটা পঙ্গুত্বের ভাব নিয়ে মিশুকের কথা লিখছি। ৩৪টি বছর যে মিশুকের সঙ্গে প্রগাঢ় বন্ধুত্ব, তাকে নিয়ে এই লেখাটি লিখতে হবে কখনো স্বপ্নেও ভাবিনি। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার বন্ধু, ছাত্রছাত্রী, অনুরাগীদের বিষণ্নতা আর কান্নায় সিক্ত হয়ে বারবার এ প্রশ্নটি ফিরে ফিরে আসে, ‘এ কেমন চলে যাওয়া, মিশুক?’ আমরা যে কেউ মানতে পারছি না, কেউ বিশ্বাস করতে পারছি না। ফেসবুকে রীয়াজের আর্ত অনুরোধ ‘কেউ আমাকে বলবে, খবরটি মিথ্যে ছিল?’ আমি জানি ও কাঁদছিল। কাঁদছিল সবাই। গেল দুদিন যতবার কম্পিউটারের সামনে বসেছি, ঝাপসা হয়ে গেছে কম্পিউটার। মিশুক তুই এভাবে চলে গেলি কেন?মনে পড়ে ১৯৭৭ সালে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় প্রথম বর্ষে ভর্তি হয়েছি। মিশুক আমাদেরই একজন। কিন্তু তারপরও ও আমাদের থেকে একটু আলাদা। ওর এলোমেলো ঝাঁকড়া চুল, দীর্ঘ ঋজু কিন্তু উদাসীন নিরহংকার চেহারা ওকে এমন বিশিষ্টতা দিয়েছে, যা আমাদের কারও নেই। না, সেই উদাসীনতা কষ্টারোপিত নয়, একেবারেই স্বভাবগত। আর নিরহংকার শব্দটিও বোধ হয় ঠিক হলো না। ও তো জানতই না অহংকার কাকে বলে। ওই নির্ভেজাল মিশুককে আমরা ভালোবাসতাম, সবাই ভালোবাসতাম।মিশুক নিয়মিত ক্লাসে আসত না। ওর আশৈশব নেশা ক্যামেরায় আর পরকৃতিত্বে। মনে পড়ে আহমদ শরীফ স্যারের ক্লাসে রিমেডিয়াল বাংলা পড়তাম আমরা কজন। মিশুক তাদের একজন। মিশুক কোনো দিন ক্লাসে আসেনি। ঠিক পরীক্ষার দিন এসে হাজির। আহমদ শরীফ স্যার চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, ‘তুমি কে?’ মিশুক আমাদের দিকে চোখ বুলিয়ে নিশ্চিত হলো ঠিক ক্লাসেই ঢুকেছে। স্যার, আমি এই ক্লাসের ছাত্র, আজকে নাকি একটা পরীক্ষা... কথা শেষ করার আগেই ফেটে পড়লেন আহমদ শরীফ স্যার, ‘আমি তোমাকে পরীক্ষা দিতে দেব না।’ কিন্তু সে মুহূর্তমাত্র। অভিজ্ঞ শরীফ স্যার বুঝলেন, এই ছেলে যে শেষ অবদি পরীক্ষা দিতে এসেছে এই যথেষ্ট। মিশুকের প্রতি কেউ কখনো নির্দয় হতে পারে?ও ক্লাসে সবসময় আসত না বটে, কিন্তু ওর অন্তর্গত বোধ আর সহজাত মেধার এমন একটা শক্তি ছিল যে ও পরীক্ষায় কখনো খারাপ করত না। অনার্স কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পেপারে প্রচলিত উন্নয়ন প্রক্রিয়ার অমানবিকীকরণের দিকটি নিয়ে খুবই অপরাগত, কিন্তু অসম্ভব ভালো কিছু একটা লিখেছিল মিশুক, যা পরে মুগ্ধ হয়ে বর্তমান উপাচার্য আরেফিন স্যার সবার কাছে গল্প করেছিলেন। প্রথাগত ভালো ছাত্রদের পারস্পরিক ঈর্ষা, প্রায় অসুস্থ প্রতিযোগিতা মিশুককে কখনো স্পর্শ করেনি। ও ছিল আলাদা। ভীষণই আলাদা। রাজহাঁসের মতো। জলে থাকে, জল লাগে না গায়ে।বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় মিশুক আর আমি একই অফিসে বসতাম। লেকচার থিয়েটার ৩০৯-এ। মিশুক আগেরই মতো ক্যামেরায় ছবি বানানো নিয়ে যথারীতি ব্যস্ত। ছাত্রছাত্রীরা এসে মাঝে মাঝেই ফিরে যায়। মিশুক যে ধরাবাঁধা নিয়মে বাধা পড়ে থাকার মানুষ নয়, তা তারা জানে। ওই মিশুক স্যারকেই তারা ভালোবাসে। কত যে ভালোবাসে সে গল্প আমি অনেকবার শুনেছি ছাত্রছাত্রীদের কাছ থেকেই।শিক্ষক মিশুককে নিয়ে ভুল বোঝার অবকাশ ছিল। আসলে প্রথাগত শিক্ষকতায় ওর আগ্রহ ছিল না। যারা পাঁচটা, দশটা বই ঘেঁটে একটা নিখুঁত নোট তৈরি করে, সুন্দর শব্দচয়নে, ললিত বাকভঙ্গিতে তা উপস্থাপন করে অন্তর্গত হাততালিতে মুগ্ধ, মিশুক তাদের দলে নয়। ওর শিক্ষকতায় কোনো আড়ম্বর ছিল না। প্রত্যক্ষ কাজের সঙ্গে পেশাগত শিক্ষণের মেলবন্ধন ঘটানোতেই ওর অকৃত্রিম আগ্রহ। ইলেকট্রনিক মিডিয়াতে এসে মিশুক সেই কাজটিই করছিল পরম নিষ্ঠায়, গভীর মমতায় এক অন্তর্গত ভালোবাসার টানে। ওর অমিত সম্ভাবনার সবটুকু পেল না এই পোড়ার দেশ।মিশুকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর আনন্দই ছিল অন্য রকম। পাহাড় মিশুককে টানত। তামিলনাড়ুর নীলগিরি, ভুটান, সিকিম, দার্জিলিংয়ের পাহাড়ে পাহাড়ে ওর সঙ্গে ঘুরে বেড়িয়েছি কতবার। এমন যে বহেমিয়ান, কিন্তু বিভাগের শিক্ষাসফরগুলোর তো সব ব্যবস্থা করত মিশুক আর গোলাম রহমান স্যার। বেড়াতেও ভীষণ ভালোবাসত। আর ভালোবাসত আড্ডা। শাহেদ কামাল স্যারের বাসার ছাদে আমাদের আড্ডার প্রধান প্রাণপুরুষ ছিল মিশুক। সেই আড্ডায় আমাদের আরও কত বেড়ানোর পরিকল্পনা হয়েছিল একসঙ্গে। আজ সেই মিশুক নেই। মিশুকহীন ওই আড্ডা হয়তো আর কোনো দিন হবে না।মিশুক ভালোবাসত বন্ধুদের। বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল বন্ধু ফয়সাল। চিকিৎসার জন্য তাকে নিয়ে আগেভাগেই দেশে ফিরে আসল মিশুক। শিক্ষাসফরে গিয়ে ট্রেন ফেল করেছে রীনা সুলতানা। সবাইকে পাঠিয়ে দিয়ে মিশুক রয়ে গেল ওর জন্য। ভুটানে গিয়ে পারো থেকে থিম্পু যেতেই আমার প্রাণ ওষ্ঠাগত। পরের দিন পর্যন্ত চূড়ায় যাওয়ার আর সামর্থ্য নেই আমার। সবাইকে পাঠিয়ে মিশুক রয়ে গেল আমার দেখভাল করার জন্য। এমনই বন্ধুবৎসল ছিল মিশুক। দীর্ঘদিন পর দেখা হলো কানাডা থেকে ফেরার পর। প্রথম উচ্চারণ ‘দোস্ত, কই আসিলি?’ ওর অকৃত্রিম উচ্চারণে বাঙ্ময় হয়ে ওঠে নির্ভেজাল ভালোবাসা। এত ভালোবাসা নিয়ে মিশুক তুই কেন এভাবে চলে গেলি? আমরা সবাই খুব কষ্টে আছি মিশুক।সুব্রত শংকরঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশ্বব্যাংকের শিক্ষাবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা।