মুঠোফোনের অ্যাপস এখন কেবল একেকটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারই নয়, অ্যাপস এখন বন্ধু। মুঠোফোন অ্যাপগুলো এখন তরুণদের বন্ধুসম। মানুষ বন্ধুরা যেমন থাকে হূদয়ে, অ্যাপস থাকে মুঠোফোনের হূদয়—মেমোরিতে।মুঠোফোনে ইন্টারনেট আছে অথচ ফেসবুক অ্যাপটি নেই, এমন তরুণ মুঠোফোন-মালিক খুঁজে বের করুন তো। জানি, খুঁজে পাওয়া কঠিন হবে। ফেসবুকের সঙ্গে সঙ্গে টুইটার কিংবা ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিও বিপুল জনপ্রিয়। মুঠোফোনের পর্দায় বড় এবং ভারী ভারী সাইট খোলার জন্য দারুণ কার্যকর অপেরা মিনি। মুঠোফোনের অঙ্গই হয়ে গেছে এটি। আর অ্যাংরি বার্ডস! সে তো জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙ্গেই ফেলেছে। খ্যাপাটে সব পাখি দিয়ে ঠাসঠুস গুলতি মারার এই গেম তরুণদের প্রিয় খেলার তালিকায় ঢুকে গেছে এরই মাঝে। ছবি তুলে প্রিন্ট করে তারপর অ্যালবামে ভরে রাখার দিন শেষ। অ্যালবাম বিক্রেতাদের বাজার মন্দা ফেসবুকের অ্যালবাম আর ইনস্টাগ্রাম নামের অ্যাপটির কারণে! ছবি তুলে সঙ্গে সঙ্গে ‘আপ’! এমন সহজ-সাবলীল অ্যাপ থাকলে কে যায় অত হুজ্জতে!ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী তানজিকা রহমানের কাছে মুঠোফোন অ্যাপ হলো তাঁর না-মানুষ খাঁটি বন্ধু! কারণ, বিপদ-আপদে এবং বিনোদনের জন্য তো অ্যাপসেই ভরসা, ‘ফেসবুক বা অন্য অ্যাপসের কথা বাদই দিলাম। ধরুন, হঠাৎ একটা ইংরেজি শব্দ পেয়ে গেলাম যেটার মানে জানি না, হাতের কাছে কোনো অভিধানও নেই। তখন মুঠোফোনের ডিকশনারি অ্যাপটাতেই সমাধান মিলে যায়। তো এই অ্যাপটাকে বন্ধু না মেনে উপায় আছে!’কেবল বন্ধু হয়েই নয়, অ্যাপগুলো কাছে এনে দেয় মানুষ বন্ধুদের। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যাপ স্কাইপ। কেবল কথাই নয়, এটা দিয়ে দেখা যায় যোজন যোজন দূরে বসে থাকা কাছের মানুষের ‘লাইভ’ মুখচ্ছবি। ব্রণ কিংবা অ্যালার্জির সমস্যা হলে তরুণেরা এখন মুঠোফোনের হোম রেমিডিস অ্যাপটি খুলে বসেন। সেখানেই মেলে এমন টুকটাক রোগ-বালাই-সমস্যার জুতসই আয়ুর্বেদিক দাওয়াই। তরুণদের এখন কত কিছু মনে রাখতে হয়! সবকিছু কি আর মাথায় রাখা যায়? যায় না। তাই তাঁদের ভরসা এভারনোট নামের অ্যাপ। যেকোনো তথ্য সহজে মনে রাখার জন্য খুবই কেজো এই অ্যাপসে সংরক্ষণ করে রাখা যায় নোট, ছবি, শব্দসহ যেকোনো ওয়েবসাইট। এমনই আরেকটি অ্যাপ হলো জেডডিবক্স। মুঠোফোনে কয়টি অ্যাপ চালু আছে, কতটুকু ইন্টারনেট ব্যবহূত হলো, অ্যাপস মুছে ফেলা বা লক করাসহ ব্যাটারির চার্জ বাঁচানোর মতো কাজগুলো করে দেয় জেডডিবক্স। ব্যাটারি বাঁচানোর আরেকটি অ্যাপের দেখা মেলে তরুণদের মুঠোফোনে; নাম ব্যাটারি সেভার। সেটাও দারুণ জনপ্রিয়। অ্যাপস লক নামের আরেকটি অ্যাপ আছে, যেটা দিয়ে লুকিয়ে রাখা যায় যেকোনো অ্যাপ। একজনের মুঠোফোন আরেকজন ঘাঁটাঘাঁটির সময় লুকিয়ে রাখা অ্যাপগুলো থাকে একদম গোপন। অ্যান্ড্রয়েডচালিত মুঠোফোনগুলোতে পাওয়া যায় ফ্রিং নামের অ্যাপটি। বিনা পয়সায় কথা বলার সফটওয়্যার এটি। তরুণদের পছন্দ না হয়ে কোথায় যাবে!মায়াবী নামের এক অ্যাপ দিয়ে মুঠোফোনে সহজেই বাংলা লিখছেন তরুণেরা। নিমবাজ, ই-বাডির মতো অ্যাপস খুললেই দেখা মেলে অনলাইনে থাকা বন্ধুদের। মুহূর্তেই দূরের বন্ধু চলে আসে একদম কাছে। তাই এসব অ্যাপ দখল করে আছে তরুণদের মুঠোফোন মেমোরির অনেকটুকু জায়গা। আইটিউনস, মিউজিক আনলিমিটেড কিংবা গুগল প্লে মিউজিক অ্যাপগুলো জোগান দেয় বিশ্বের প্রায় যাবতীয় সংগীত। ইএসপিএন লাইভ ক্রিকেট স্কোর কিংবা বিপিএল নামের অ্যাপগুলো তরুণদের কাছে ভীষণ জরুরি। কল রেকর্ডার, গুগল ট্রান্সলেট বা আইএমওডটআইএম অ্যাপসগুলোও দারুণ তরুণবান্ধব। কিছু বললেই হুবহু নকল করে শোনায় এমন বিড়ালওয়ালা অ্যাপ হলো টকিং টম ক্যাট। অধিকাংশ তরুণের মুঠোফোনেই আছে এমন আজব বিড়াল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগে পড়াশোনা করছেন আশিকুর রহমান। এই তরুণ শোনালেন বন্ধুদের জন্মদিন উদ্যাপনে মুঠোফোন অ্যাপ ব্যবহারের কথা, ‘কেক কাটার আগে মোমবাতি নেভানোর নিয়ম। সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রম এসেছে মোমবাতিতে। আমরা এখন কারও জন্মদিনে মোমের মোমবাতি ব্যবহার করি না। ক্যান্ডেল ফ্রি নামের একটা অ্যাপ আছে। সেটাতে ঘষা দিলেই জ্বলে ওঠে মোমবাতি। ফুঁ দিলেই নিভে যায়, আমরা চিৎকার করে উঠি—হ্যাপি বার্থ ডে...!’