মস্ত একটা চাঁদ আকাশে। সে চাঁদের আলো কাবু করেছে থমথমে রাতের আঁধারকে। এখন তাই চারপাশের সবকিছু ঠাওর করা যাচ্ছে সহজেই। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে ৩০ বছর বয়সী নারী কুমি। চোখে রাজ্যের ঘুম। মশার বড় উৎপাত বোর্নিওর এ জঙ্গলে। সে সঙ্গে আছে সাপের ভয়। কুমির পাশেই শুয়ে ঘুমাচ্ছে কয়েকটি ওরাংওটাং। বড় প্লাস্টিকের ঝুড়ির ভেতর করা হয়েছে তাদের ঘুমানোর ব্যবস্থা। সঙ্গে দেওয়া হয়েছে বালিশ আর কম্বল। অল্প বয়সী ওরাংওটাংগুলোকে দেখভালের দায়িত্ব পড়েছে কুমির ওপর। এ কাজটা সে ভালোভাবেই করছে। পরম মমতা আর ভালোবাসার ছোঁয়ায় যাতে বেড়ে ওঠে এ প্রাণীগুলো তার সবটুকু চেষ্টা করে যাচ্ছে কুমি। বছর কয়েক আগে অবশ্য পরিস্থিতি এমন ছিল না। বোর্নিওর অধিবাসীরা তখন ওরাংওটাংকে শত্রু মনে করত। তাদের আক্রমণাত্মক স্বভাবের জন্য সবাই ছিল ভীত। প্রায়ই এ প্রাণীগুলো হামলা চালাত লোকালয়ে। নষ্ট করত শস্য। আর তাই ওরাংওটাং দেখলেই হয় তাদের মেরে ফেলা হতো অথবা বন্দী করে পাচার করে দেওয়া হতো পাশের দেশে। ওরাংওটাং সম্পর্কে মানুষের বিরূপ ধারণা বদলানোর জন্য এগিয়ে আসে নায়ারু মেনতেং ফাউন্ডেশন। কুমির মতো অনেকেই কাজ শুরু করে এ প্রতিষ্ঠানটিতে। ওরাংওটাংদের নিরাপদে বেড়ে ওঠা এবং বেঁচে থাকার সব সুযোগ-সুবিধা প্রদানই এ প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য। এখানে কাজ করতে এসে ওরাংওটাংগুলো এখন কুমির বন্ধু হয়ে উঠেছে। আর বন্ধুর ভালোর জন্য রাত জাগতে আপত্তি নেই তাঁর। কুমি আর কুমির মতো রাত-জাগা এমন অনেক মানুষের সঙ্গে ওরাংওটাংয়ের বন্ধুত্ব এবং নায়ারু মেনতেং ফাউন্ডেশনে একসঙ্গে কাটানো দিনগুলোর কথাই শুনব আমরা। বোর্নিওর জঙ্গলেপ্রায় ৪০ হাজার ওরাংওটাংয়ের বাস বোর্নিওর জঙ্গলে। নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে এ প্রাণীগুলো হয়ে পড়েছে আশ্রয়হীন। খাবারের অভাবে ক্ষুধার্ত ওরাংওটাংগুলো প্রায়ই চলে আসে লোকালয়ে। এলাকার অধিবাসীরা তখন তাদের গুলি করে মেরে ফেলে অথবা গায়ে আগুন ধরিয়ে দেয়। ১৯৯৯ সালে এ অঞ্চলে কাজ শুরু করে নায়ারু মেনতেং ফাউন্ডেশন। এলাকার বেকার মানুষগুলোকে চাকরি করার সুযোগ দেওয়া হয় এ প্রতিষ্ঠানে। এ জায়গার ‘দিন আনি দিন খাই’ মানুষগুলোর কাছে চাকরি পাওয়া সহজ কথা নয়। জীবনের নিরাপত্তা আর একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য লুফে নেয় এ সুযোগ। ওরাংওটাংদের লালন-পালনের ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করে তারা। আশ্রয়হীন,আহত ওরাংওটাংদের জায়গা দেওয়া হয় এ প্রতিষ্ঠানে। পুষ্টিকর খাবার সরবরাহ, চিকিৎসাসেবা , জঙ্গলে সঠিকভাবে বেঁচে থাকার উপায় শেখানো এবং পাচারকারীদের হাত থেকে প্রাণীগুলোকে উদ্ধার করে জঙ্গলের সুন্দর পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ শুরু করে প্রতিষ্ঠানটির ১২০ জন কর্মী। ‘ প্রশিক্ষণের সময় আমাদের বলা হয়, মানুষের সঙ্গে এই প্রাণীগুলোর ডিএনএর রয়েছে অনেক মিল। তাদের বাঁচিয়ে রাখাটা আমাদের দায়িত্ব। একসময়ে যাদের শত্রু মনে করতাম তারা এখন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। এই আদুরে প্রাণীগুলোর সঙ্গে সময় কাটানোর মতো আনন্দ আর কিছুতেই পাই না আমি।’ বলছিলেন এখানকার কর্মী আরিয়ানি। অসহায় ওরাংওটাংগুলোও মানুষের সঙ্গ পেয়ে এখন দারুণ খুশি। মানুষকে আর ভয় না পেয়ে হাসি হাসি মুখ আর গভীর কালো চোখের আদুরে, নিষ্পাপ চাহনি দিয়ে ভালোবাসা আদায় করার কৌশল এ প্রতিষ্ঠানে এসে তারা ভালোভাবেই রপ্ত করেছে বলে মনে হয়।জঙ্গলে মঙ্গল‘আমাদের প্রতিষ্ঠানকে সব রকমের সাহায্য দেওয়ার জন্য এগিয়ে এসেছে বোর্নিও ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশন। এক বছরে পাচারকারীদের হাত থেকে রক্ষা করা হয়েছে ২২৯টি ওরাংওটাং। ওরাংওটাং বাঁচানোর জন্য সচেতন হয়ে উঠেছে এলাকার মানুষ। এভাবে চলতে থাকে ওরাংওটাংদের জন্য পুরোপুরি নিরাপদ হয়ে উঠবে এ জঙ্গল, এতে সন্দেহ নেই কোনো।’ নিজেদের ফাউন্ডেশন আর ওরাংওটাংদের দেখভাল নিয়ে নিজের ভাবনার কথা এভাবেই জানায় কুমি। ৬৫০টি ওরাংওটাং রয়েছে এ প্রতিষ্ঠানে আর তাদের লালন-পালনের জন্য আছে ৪৭ জন নারী কর্মী। বয়সভেদে ওরাংওটাংগুলোকে রাখা হয়েছে আলাদা আলাদা জায়গায়। অল্প বয়সীদের জন্য ব্যবস্থা করা হয়েছে পুষ্টিকর এবং হালকা খাবারের। পেঁপের জুসসহ নানা ফল খেতে দেওয়া হয় তাদের। শেখানো হয় গাছে ওঠা, ফলমূল সংগ্রহ করা, মশা, ম্যালেরিয়া ও সাপের হাত থেকে বাঁচার উপায়। এখানকার জীবন শেষে জঙ্গলে ফিরে গিয়ে যাতে কোনো বিপদে না পড়তে হয়, তাই করা হয়েছে এমন শেখানোর ব্যবস্থা। প্রচণ্ড আত্মবিশ্বাসী এই ওরাংওটাংগুলো অল্পতেই শিখতে পারে। মানুষের সঙ্গে বন্ধুত্ব করতেও দেরি হয় না তাদের। বোর্নিওর অধিবাসীরা আর ওরাংওটাংগুলোর মধ্যকার দূরত্ব ঘুচে গিয়েছে এখন। ওরাংওটাং দেখলে বন্দুক নিয়ে তেড়ে যায় না এখন আর কেউ। বন্দুকের বদলে বরং বাড়িয়ে দেয় সাহায্যের হাত।ঝা চকচকে একটা দিন। রোদ এখনো তেতে ওঠেনি তেমন একটা। মোটা সোটা বিশাল শরীর নিয়ে থপথপ করে হেলেদুলে কুমির দিকে এগিয়ে আসছে একটা ওরাংওটাং। এই ওরাংওটাংটা বড্ড আদরপাগল আর অভিমানী। কুমি অন্য কোনো ওরাংওটাংকে আদর করলে কিংবা তার কোলে মাথা রেখে ঘুমোতে দিলেই রাগ হয় তার। ওরাংওটাংটার এমন রাগ দেখে হাসি পায় কুমির। বড় আদর লাগে তখন। পরম মমতায় সে কাছে টেনে নেয় ওরাংওটাংটাকে। মাথায় হাত বুলিয়ে পাড়িয়ে দেয় ঘুম। কিছুদিন পরেই জঙ্গলের জীবনে ফিরে যাবে এই ওরাংওটাংটি। তখন খুব মন খারাপ হবে কুমির। ওরাংওটাংগুলোকে ফিরিয়ে দিতে গেলেই খারাপ লাগে। তবে নিজেদের আপন, জঙ্গলের জীবনে ফিরে যাবে প্রাণীগুলো—এমন আশ্বাস আর আনন্দটুকুর কথা ভেবেই সামাল দেয় সে তার কষ্টগুলোকে। প্রতিবারই।কিঙ্কর আহ্সানসূত্র: রিডার্স ডাইজেস্ট