বন্ধু যখন তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা বন্ধুর ভক্ত থাকবেই। মডেল: সাদ, সুজন, ফারহানা, ফায়ান, িরতা, রাফি ও ইমরান, ছবি: অধুনা
তারকা বন্ধুর ভক্ত থাকবেই। মডেল: সাদ, সুজন, ফারহানা, ফায়ান, িরতা, রাফি ও ইমরান, ছবি: অধুনা

সাম্প্রতিক সময়ের দারুণ জনপ্রিয় এক অভিনয়শিল্পী দম্পতির বন্ধু নেহরিন খান (ছদ্মনাম)। একই স্কুলে পড়েছেন বলে অভিনেত্রী বান্ধবীর সঙ্গে সখ্য একটু বেশিই নেহরিনের। বন্ধু যখন তারকা হয়ে উঠলেন, তখন মাঝেমধ্যেই বেশ বিপত্তিতে পড়েন তিনি। অনলাইন সংবাদমাধ্যমে উল্টোপাল্টা সংবাদ-ছবি নিয়ে মাঝেমধ্যেই অফিসের সহকর্মীদের কথা শোনেন। আবার তারকা বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে অন্যদের কটু কথাও শুনতে হয় কমেন্টে।

তারকা বন্ধুকে নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে ব্যক্তিগত তথ্যের গুরুত্ব বিবেচনা করে কিছুই জানান না নেহরিন। চুপ থাকেন বলে অন্যরাও নেহরিনকে এক হাত দেখিয়ে দেন প্রায়ই। তারকা বন্ধুই কোনো কোনো ক্ষেত্রে গলার কাঁটা হয়ে ওঠেন নেহরিনের জীবনে। বন্ধু যখন তারকা হয়ে ওঠেন, তখন আমরা মাঝেমধ্যেই নেহরিনের মতো পরিস্থিতিতে পড়ি। তারকা বন্ধুর কথা শুনতে যেমন ভালো লাগে, তেমনি মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। বন্ধুকেও কিছু বলা যায় না, আমার মন খারাপও হয়—দোটানা না?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাহমিনা হক বলেন, তারকারা যখন বন্ধু হন, তখন একটু তো ঝামেলা হতেই পারে। আমার যেমন এক তারকা গায়ক বন্ধু আছেন, যাঁর জন্য মাঝেমধ্যেই লোকেরা কথা শোনানোর সুযোগ ছাড়েন না। খুব বেশি নেতিবাচক আচরণের কারণে কথাগুলো কানে না নিলেও তো মানসিক চাপ থাকেই। বন্ধুর নামে বাজে কথা, কিংবা সমালোচনা শুনলে কারই-বা মন খারাপ হয় না?

মানুষ তারকাদের গসিপ-স্ক্যান্ডাল-প্রেম নিয়ে কথা বলতে পছন্দ করেন, তাই তারকাদের কাছের বন্ধুর খোঁজ পেলেই অন্যদের আগ্রহ বেড়ে যায় বলে মনে করেন তাহমিনা হক। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও মনোবিদ অ্যানি বাড়ৈ বলেন, তারকাদের জীবন নিয়ে সবারই আগ্রহ থাকে। তাই বলে তারকাদের বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে এমন কোনো আচরণ করা উচিত নয়। সামাজিক মূল্যবোধে আঘাত হানে, এমন কোনো আচরণই কারও সঙ্গে করা উচিত না।

শুধু টেলিভিশন-সিনেমার তারকা নন, ক্রিকেটার, লেখক, করপোরেট দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের মন খারাপ হয় কিংবা মানসিক চাপ তৈরি হয়, এমন কোনো আচরণ করা ঠিক না বলে মনে করেন এই মনোবিদ।

তারকা বন্ধুর বন্ধুরা খেয়াল রাখুন

*জনসমক্ষে তারকা বন্ধুকে চেনেন-জানেন এমন ‘শো অফ’ করা থেকে বিরত থাকুন।

*   সংবাদমাধ্যমে কোনো ধরনের সংবাদ বা ছবি দেখে প্রতিক্রিয়া দেখানোর সময় দায়িত্বশীলতার পরিচয় দিন।

*   তারকা বন্ধুর নামে এমন কোনো গসিপ ছড়ানো ঠিক নয়, যা বন্ধুর পেশাজীবনকে প্রভাবিত করে।

*   ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বন্ধুর নামে নেতিবাচক পোস্ট, ছবি দেখলে পরিস্থিতি বুঝে দায়িত্বশীলতার পরিচয় দিন।

*   সাধারণত গসিপ বা উড়ো খবর তারকারা কানেই নেন না। আপনার বন্ধু কেমন মানুষ, তার ওপর নির্ভর করে উড়ো খবর নিয়ে তাঁর সঙ্গে গল্প করতে পারেন।

*   পারিবারিক আড্ডায় তারকা বন্ধুকে তারকা না ভেবে বন্ধুর মতো আচরণ করুন।

*   বন্ধুর ব্যক্তিগত তথ্য কেউ জানতে চাইলে না প্রকাশ করাই মঙ্গল।

*   কোনো সংবাদমাধ্যম বন্ধু সম্পর্কে তথ্য জানতে চাইলে দায়িত্বশীলতার পরিচয় দিন। এমন তথ্য দেবেন না, যেন বন্ধুর ওপর চাপ সৃষ্টি হয়।

*   বন্ধুর পারিবারিক-দাম্পত্য অবস্থান, ফেসবুক আইডি কিংবা ফোন নম্বর জনসমক্ষে কাউকে কখনোই জানানো ঠিক না।

*   তারকা বন্ধুর নামে কেউ খারাপ কথা বললে অযথা রাগ দেখানো কিংবা মেজাজ দেখাবেন না।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: হাফিংটন পোস্ট