বন্ধুকে কাছে পেয়ে...

কুয়াশাঢাকা সকালে সূর্যের দেখা মেলেনি তখনো। কনকনে হাওয়া গায়ে বিঁধছে। এর মধ্যেই চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস মুখর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে।
গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উচ্ছ্বাস-আনন্দে অন্য রকম দিন কাটে প্রাক্তন শিক্ষার্থীদের। চিটাগাং কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর বন্ধুর সঙ্গে আবার দেখা। আড্ডায় যেন সেই ক্লাসের দিনগুলোতে ফিরে যাওয়া। তাই মূল আয়োজন ছাপিয়ে আড্ডাই হয়ে উঠেছিল মুখ্য।
আনন্দ আয়োজনের প্রথম পর্বের আসর বসেছিল চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাশ্বতী দাশের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন। সভায় বিভাগের প্রবীণ শিক্ষক শামসুজ্জামান খান, সাধন চন্দ্র পাল, শের মুহাম্মদ, রঞ্জিত চক্রবর্তী, শামসুল আলম, আবু আহমেদ রশিদুল্লাহ ও মোস্তাক আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ভাটিয়ারি গলফ ক্লাব মিলনায়তনে। ছিল স্মতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনা। শীতের সন্ধ্যায় গানের সুরে মেতে ওঠে পুরো মিলনায়তন। এরপর ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ ও রাজীবের সুরের মূর্ছনায় শেষ হয় এ আনন্দ আয়োজন। গানের ফাঁকে ছিল মিউজিক্যাল কুইজ ও র্যা ফল ড্র।
৮৬ ব্যাচের শিক্ষার্থী প্রদীপ কুমার দাশ বলেন, ‘এখানে এসে মনে হচ্ছে না আমাদের বয়স বেড়েছে। ক্যাম্পাসের সেই দিনগুলো যেন ফিরে পেয়েছি।’