বন্ধুকে পাওয়ার আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক l সংগৃহীত
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক l সংগৃহীত

১৯৯৪ থেকে ২০১৭। মাঝখানে কেটে গেছে ২৩ বছর। সেই পুরোনো ক্যাম্পাসে আবার দেখা। উচ্ছ্বাসটাও ছিল বাঁধভাঙা। দেখা মাত্রই আলিঙ্গন। মুঠোফোনের সেলফিতে বন্ধুদের ফ্রেমবন্দী রাখতে ভুললেন না কেউ-ই।
এ চিত্র চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলার। গত ২৭ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী।
বিকেল চারটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উৎসব। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক। উদ্বোধন শেষে শুরু হয় স্মৃতিচারণা পর্ব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ পর্বে অতিথি ছিলেন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ রেজিয়া আক্তার, বিদ্যালয়ের সাবেক সহযোগী প্রধান শিক্ষক উপেন্দ্র লাল দাশ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক সত্যজিত ঘোষ, কাউন্সিলর হাসান মুরাদ এবং ওল্ড মিউনিসিপ্যাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেক হোসেন।
এ কে মাহমুদুল হক বলেন, ‘চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থীরা আজ অনেকেই দেশ-বিদেশে স্বমহিমায় সমুজ্জ্বল। ব্রিটিশবিরোধী আন্দোলন ও পরে মহান মুক্তিযুদ্ধে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল গৌরবময় অংশগ্রহণ।’

অনুষ্ঠানে দর্শক মাতান চৈতী মুৎসুদ্দী l সংগৃহীত
অনুষ্ঠানে দর্শক মাতান চৈতী মুৎসুদ্দী l সংগৃহীত

মিলন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণা পর্ব সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অঞ্জন দত্ত। স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব প্রণব চৌধুরী। এ ছাড়া স্মৃতিচারণা করেন শিপলু খাস্তগীর, মো. আবু বক্কর, শান্তনু বড়ুয়া, মো. আবু নাঈম ও রাজেশ চৌধুরী। স্মৃতিচারণা পর্ব শেষে শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আবু নাঈম ও প্রবাল চৌধুরীর সঞ্চালনায় এ পর্বে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ২৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজনের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাদু পরিবেশন করেন রাজীব বসাক। কৌতুক পরিবেশন করেন মীরাক্কেল তারকা আরমান। এ ছাড়া গান করেন সন্দীপন দাশ, চৈতী মুৎসুদ্দী, দীপেন চৌধুরী, সুইটি, আবু নাঈম এবং আঞ্চলিক গানের জনপ্রিয় জুটি প্রেমসুন্দর বৈঞ্চব ও নীলিমা দাশ।