
শামীম ওসমান: আজকে নারায়ণগঞ্জে চল, দেখাইতাছি...!
সেলিনা হায়াৎ আইভী: চল, কী করবি?

ওপরের কথোপকথন থেকে বোঝা যাচ্ছে, শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী খুব ভালো বন্ধু। তাঁদের মধ্যে তুই–তোকারি সম্পর্ক। খুব ভালো বন্ধু না হলে কেউ কাউকে ‘তুই’ বলে সম্বোধন করে না। ১২ আগস্টের কথা। একটি বেসরকারি টিভি চ্যানেলের সন্ধ্যাকালীন টক শোর পর শামীম ওসমান এভাবেই বন্ধু আইভীকে নারায়ণগঞ্জ শহর ঘুরে দেখানোর আমন্ত্রণ জানান বলে শোনা গেছে। আমন্ত্রণ পেয়ে আইভী তো যারপরনাই খুশি! নারায়ণগঞ্জে গিয়ে কী করবেন, সেটাও জানতে চেয়েছেন সঙ্গে সঙ্গে। রাজনীতির ময়দানে এমন হৃদ্যতা খুব কমই দেখা যায় আজকাল!
সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জের কোন কোন জায়গা ঘুরিয়ে দেখাতে পারেন শামীম ওসমান? নারায়ণগঞ্জে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাংলার তাজমহল, চার শ বছরের পুরোনো পানাম নগর, আছে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আছে শতবর্ষী পুরোনো রাজবাড়ি। রাজবাড়িতে রাজাদের ব্যবহৃত নানা রকম জিনিসপত্রও রয়েছে। রূপগঞ্জে আরও আছে জামদানিপল্লি। ঢাকার তুলনায় সেখানে কম দামে জামদানি শাড়ি পাওয়া যায়। আইভীকে নারায়ণগঞ্জ শহর ঘুরে দেখানোর পাশাপাশি শামীম তাঁর বন্ধুকে জামদানি শাড়ি কিনে দেবেন কি না, তা অবশ্য আমরা বলতে পারছি না! এ ছাড়া হাজীগঞ্জ দুর্গ, কদমরসুল দরগা, রাসেল পার্ক ও জিন্দা পার্কও হতে পারে তাঁদের নারায়ণগঞ্জ সফরের অন্যতম গন্তব্য।
বাংলাদেশের রাজনীতির এই দুই গুরুত্বপূর্ণ নেতার বন্ধুত্বপূর্ণ নারায়ণগঞ্জ সফর সফল হোক। তবে একটাই কথা, সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে শামীম ওসমান হাঁটতে হাঁটতে আবার শীতলক্ষ্যা নদীর তীরে চলে যাবেন না তো? জায়গাটা কিন্তু মোটেও নিরাপদ নয়!