বন্ধুত্ব আর জীবন-বদলের পাঠ
আড্ডার আলোচনা ছিল মফস্বলআর রাজধানী নিয়ে। ‘একেবারে ভুলে গেলি কী করে? প্রথম বর্ষে ভর্তির সময় তোর উচ্চারণটা কেমন ছিল! আর পোশাকের কথা নাই বা বললাম।’ কামরুলকে বলল ঢাকায় বড় হওয়া লিখন। কামরুল এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ‘ও আর তুই! তুই তো নিজেকে চরম আধুনিক ভাবতিস। কথার মাঝে সব সময় ইংরেজি বলা চাই। আর ছেঁড়াফাটা শতচ্ছিন্ন পোশাক। কথার মাঝে ইংরেজি বলতে পারলেই কি মানুষ আধুনিক হয়?’ কামরুলের উত্তর।তর্ক চলছে কামরুল এবং ঢাকার লিখনের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওরা। প্রগাঢ় বন্ধুত্ব দুজনের মধ্যে। পোশাকের কথা আসতেই ওদের আরেক বন্ধু রাসেল বলল, পোশাক পরা উচিত নিজস্ব সংস্কৃতি এবং পরিবেশের কথা মাথায় রেখে। এবার কথা বলে ওঠে মুনিয়া। তার ঝাঁঝাল প্রশ্ন, তাহলে মেয়েরা ‘ফতুয়া পরলে কেন কটুকথা শুনতে হবে?’ নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মুনিয়া বলে, ‘ফতুয়া পরার কারণে এমন কথাও শুনতে হয়েছে, আমি নাকি আধুনিকতার বেশ ধরেছি।’ আড্ডাটা যখন তুঙ্গে, মোবাইলে ফেসবুকে চ্যাট করা বাদ দিয়ে সামিয়া বলে, একসময় তো কেউ বুঝতই না ইন্টারনেট কী? কিন্তু এখন আমার ফেসবুক বন্ধুদের অনেকেই মফস্বল এলাকার। শহর ও মফস্বলের দ্বন্দ্ব থেকে এখন আড্ডার বিষয় আধুনিকতা। উপস্থিত সবার উদ্দেশে নিতুর প্রশ্ন, আধুনিকতার সর্বজনীন কোনো সংজ্ঞা আছে কি? সবার মতে, আধুনিকতা হলো রুচিশীল পোশাক, শুদ্ধ বাচনভঙ্গি আর যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার স্বতঃস্ফূর্ত ক্ষমতা। মুঠোফোনে কথা বলতে থাকা সেতু মনোযোগ দেয় আড্ডায়। সে বলে, আধুনিক হতে হলে কথা বলায় পারদর্শিতার পাশাপাশি থাকতে হবে সুন্দর বাচনভঙ্গি। খানিকটা বিদ্রূপের স্বরে লিখন বলে ওঠে, তুই তো কথার রাজা। রংপুর থেকে যখন ঢাকায় এলি, তখন তুই ছিলি হাবাগোবা। আর এখন নাটক, আবৃত্তি, রাজনীতির সঙ্গে সঙ্গে মুঠোফোনে প্রেমালাপ ভালোই চলছে। জমজমাট এ আড্ডা চলছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি-সংলগ্ন নিমতলায়। এরই মধ্যে ঘড়ির কাঁটা ১১টার ঘর ছুঁয়েছে। ক্লাস করতে তাই ওরা তড়িঘড়ি করে ছুটল কলাভবনের দিকে।ঢাকার বাইরে থেকে এসে অনেককেই এই সমস্যায় পড়তে হয়। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে মফস্বলের শিক্ষার্থীদের একটা দ্বন্দ্ব চলতেই থাকে শুরুতে। ধীরে ধীরে সেই দুরত্ব কমতে থাকে।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমিও এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। কেননা, আমি এসেছিলাম একেবারে গ্রাম থেকে। তাই সংকোচটা আমারও ছিল। কিন্তু একসময় নিজে থেকেই এ জড়তা কাটিয়ে উঠেছি। গ্রাম বা শহরের পরিবেশের মধ্যে যে সীমাবদ্ধতা, তা কাটিয়ে উঠে সবার সঙ্গে মিশতে হবে। সে জন্য বাড়াতে হবে যোগাযোগ।শহরের সহপাঠীদের কাছ থেকে সহযোগিতা পেলে মফস্বলের শিক্ষার্থীরা অনেক বেশি সাবলীল হয়ে ওঠে। তাই উভয়ের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব না রেখে বন্ধুভাবাপন্ন মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন ভাষাবিজ্ঞানের শিক্ষক সৌরভ শিকদার। এ বিষয়ে মনোবিজ্ঞানী মেহতাব খানম বলেন, গ্রামের বা মফস্বলের শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। তাই আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। আমিও পারি, এমন বিশ্বাস তৈরি করতে হবে। তবেই সমস্যা মোকাবিলা করা যাবে। সবাই হবে এক অপরের বন্ধু। ক্লাস শেষে আবারও নিমতলায় সমাবেত লিখন, কামরুল, রাসেল, মুনিয়া, সামিয়া, ইভা, নিতু, শাওন আর সেতু। আবারও শুরু হয়েছে আড্ডা। আবারও জুড়ে দিয়েছে তর্ক। কারণ, ওরা যে বন্ধু, একে অপরের সুহূদ।