বন্ধুত্ব আর সম্প্রীতির সেতুবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের যুব প্রতিনিধিদলের একাংশ। ছবিটি ঢাকার ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের যুব প্রতিনিধিদলের একাংশ। ছবিটি ঢাকার ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

আমরা বাংলাদেশের ১০০ তরুণ ভারত সরকারের আমন্ত্রণে এখন রয়েছি ভারতে। ৪ অক্টোবর ঢাকা থেকে দিল্লি। সেদিনই ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শুরু আমাদের ভারত সফর। আমাদের ১০০ জনের দলে আছেন বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার আরও কয়েকজন। আমাদের দলে রয়েছেন ৫০ নারী ও সমানসংখ্যক ৫০ পুরুষ সদস্য। ভারত সরকার ২০১২ সাল থেকে এমন আমন্ত্রণ জানিয়ে দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ দিচ্ছে।
দিল্লি পৌঁছানোর পরদিনই আমাদের চোখে বিস্ময়ের অঞ্জন এঁকে দেয় ইন্ডিয়া গেট। এই দর্শনীয় দরজা দর্শন দিয়েই শুরু আমাদের ভারত-দর্শন। পরদিন আমাদের গন্তব্য ভারতের রাষ্ট্রপতি ভবন। ৬ অক্টোবর আমরা যখন রাষ্ট্রপতি ভবনে পা রাখি, তখন শুরুতেই আমাদের চমকে দিয়ে পরিষ্কার বাংলায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলে ওঠেন, ‘আমি কিন্তু নড়াইলের জামাই!’ তারপর মিষ্টি হেসে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন রয়েছে, তা দিনকে দিন গভীর থেকে গভীরতর হচ্ছে। বাংলাদেশ থেকে আসা এই শত তরুণের সফর সেই সম্প্রীতিরই বহিঃপ্রকাশ।’ এই সৌজন্য সাক্ষাতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাশে থাকার স্মৃতিচারণা করলেন। শিল্প-সংস্কৃতিতে ভারত ও বাংলাদেশ যে তাঁর কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, তা-ও বুঝিয়ে দিলেন। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে বললেন তরুণদের। তাঁর কথাগুলো নিঃসন্দেহে আমাদের সামনে চলার পথে অনুপ্রেরণা জোগাবে।
এরপরই শুরু সত্যিকারের ঘোরাঘুরি পর্ব। মূলত দিল্লি, আগ্রা, জয়পুর, রাজস্থান ও কলকাতার দর্শনীয় স্থান ভ্রমণ। ৭ অক্টোবর আমরা গেলাম আগ্রার জগদ্বিখ্যাত তাজমহল দেখতে। তাজমহলের সামনে দাঁড়িয়ে মনে হয়, এত পুরোনো তবু এত আধুনিক! চিরকালের বিস্ময়কর এ স্থাপনা কল্পনার চেয়েও ঢের সুন্দর! তাজমহল দেখার অপার মুগ্ধতা নিয়ে এরপর আমরা যাই দ্রোণাচার্য প্রকৌশল কলেজ দেখতে। সেটাও ছিল দারুণ এক অভিজ্ঞতা।
৮ অক্টোবর রাজস্থানে আমরা সাক্ষাৎ করি ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী গজেন্দ্র সিং খিসার সঙ্গে। তাঁর উষ্ণ অভ্যর্থনায় আমরা মুগ্ধ হই। এরপর উত্তর প্রদেশের ফতেপুর সিক্রিতে বুলন্দ দরজা দর্শন। সেখান থেকে আগ্রার লাল দুর্গ। বিস্ময় আর মুগ্ধতার ঘোর যেন কাটতে চায় না আমাদের। কিন্তু আমরা তখনো জানি না আমাদের সামনে আরও মুগ্ধতা নিয়ে অপেক্ষা করছে রাজস্থানের শ্রী বলরাম আদর্শ বিদ্যামন্দির। ৯ অক্টোবর আমরা দর্শন করি এই অপূর্ব স্থাপনাশৈলী।
দেখতে দেখতে সফরসূচি ফুরিয়ে এল প্রায়। এখন আমরা রয়েছি বাঙালির শহর কলকাতায়। আর মাত্র এক দিন। তারপরই ভারত ভ্রমণের অনিন্দ্যসুন্দর সব স্মৃতি বুকে নিয়ে ১২ অক্টোবর ফিরতে হবে প্রিয় স্বদেশে। প্রিয় বাংলাদেশে।