বন্ধুত্ব যখন নেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বা, স্বপন, নীল ও রুশা। খুবই ভালো বন্ধুত্ব চারজনের। দুর্বা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। থাকেন যাত্রাবাড়ীতে। স্বপন পড়ছেন তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীতে।ধানমন্ডির এক মেসে থেকে পড়াশোনা করছেন তিনি। অন্যদিকে নীল থাকেন দিনাজপুরে। তিনি পড়ছেন দিনাজপুর মেডিকেল কলেজে শেষ বর্ষে। আর রুশা ইডেন কলেজ থেকে পড়াশোনার পাট চুকিয়ে একটা চাকরির পেছনে ছুটছেন। বয়সের ব্যবধান, পড়াশোনা কিংবা কাজের ক্ষেত্রের ভিন্নতা তাঁদের বন্ধুত্বে একটুও ছেদ পড়তে দেয়নি। বিশেষ কোনো দিনে বা সবার একসঙ্গে ছুটি মিললেই ওরা আড্ডা দিতে যান ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে। দূরে থাকলেও সেই দিনাজপুর থেকে নীলাকাশও বন্ধুত্বের টানে ছুটে আসেন সুযোগ পেলেই। কিন্তু কীভাবে হলো তাঁদের এই বন্ধুত্ব? উত্তর একটাই। ইন্টারনেট।তাঁরা সবাই একে অপরের নেট-বন্ধু। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা আশপাশের জগৎ ছাড়িয়ে বন্ধুত্বের আরেক দুনিয়া এখন ইন্টারনেট। স্বপনের মুখে শোনা গেল, তাঁদের এই বন্ধুত্বের শুরুর কথা। ২০০৮ সালের শেষ দিকের ঘটনা। ফেসবুক চালু হলেও বাংলাদেশে তখনো তেমন জমে ওঠেনি। মফস্বল থেকে পড়াশোনা করতে আসা স্বপনের ঢাকায় তেমন বন্ধু না থাকায় মোবাইল ফোন নিয়ে কাটত তাঁর অবসর। সে সময় মোবাইল ফোনে ইন্টারনেট-সুবিধা চালু হওয়ায় নিজের মোবাইল দিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করাও এক-আধটু শিখে ফেললেন স্বপন। একদিন সকালে পত্রিকার কম্পিউটারবিষয়ক পাতায় ‘সেল আড্ডা’ নামের একটি সাইটের ঠিকানা তাঁর চোখে পড়ল। এটি ছিল বন্ধুত্বের একটি সাইট।যেটা মোবাইল ফোনেও খোলা যায়। আগ্রহ থেকেই সেল আড্ডা নামের সাইটটিতে নিবন্ধন করলেন তিনি। নিজেকে বন্ধুত্বের এক নতুন জগতে আবিষ্কার করলেন। খুঁজে পেলেন নতুন নতুন অনলাইন বন্ধু। একে একে দুর্বা, নীল, রুশার মতো বন্ধুদেরও খুঁজে পেলেন সেখানেই। আর এভাবেই শুরু তাঁদের এই নেট-বন্ধুত্বের। এই কাহিনি শুধু স্বপনের নয়; অনলাইন বা নেট-বন্ধুত্বের প্রায় সব কাহিনিই এ রকম।ইন্টারনেটে বন্ধুত্বকে খুব সহজ করে দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটগুলো। বর্তমানে ফেসবুক, টুইটার কিংবা গুগল প্লাসের মতো জনপ্রিয় সাইটগুলো দিয়ে খুব সহজেই বন্ধুত্ব করা গেলেও বাংলাদেশে মোবাইল কমিউনিটি সাইটগুলোর ভালো ভূমিকা ছিল শুরুর দিকে।ইন্টারনেট-সমর্থিত যেকোনো মোবাইল ফোনসেট দিয়ে এসব সাইটে খুব সহজেই প্রবেশ করা যায় এবং খরচও কম। যারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এসব মোবাইল কমিউনিটি সাইট খুবই উপযুক্ত। বেশ কিছু জনপ্রিয় মোবাইল কমিউনিটি সাইট চালু রয়েছে বাংলাদেশে। বন্ধুত্বকে মুখ্য করেই গড়ে উঠেছে এসব সাইট।বাংলাদেশে মোবাইল ফোরাম বা কমিউনিটি সাইটের শুরুটা বিডিফোরামের হাত ধরে। এর ঠিকানা http://bdforum.net। বর্তমানে বিডিফোরামের সদস্যসংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। বিডিফোরামের অন্যতম জ্যেষ্ঠ প্রশাসক এনামুল হক বলেন, ২০০৫ সালের শেষের দিকে যাত্রা শুরু বিডিফোরামের। সে সময় বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়ে যায়। তাই একটি কমিউনিটি সাইট খোলা সময়ের প্রয়োজন হয়ে দাঁড়ায়। বিডিফোরাম সেই সূচনা করে দেয়।বিডিফোরামের পথ ধরেই এরপর একে একে সেলআড্ডা, উপহারবিডি, ডিবাংলা, বন্ধুআড্ডা, পিবিআড্ডা, ফ্রেন্ডসডায়েরি, ফ্রেন্ডসবিডি, ফ্রেন্ডসফেয়ারের মতো সাইটগুলোর আত্মপ্রকাশ ঘটে। তবে এদের মধ্যে কিছু সাইট বিভিন্ন কারণে বন্ধ হলেও বর্তমানে চালু রয়েছে বেশ কিছু ভালো মোবাইল কমিউনিটি সাইট। এদের প্রত্যেকেই গড়ে তুলেছে নিজস্ব কমিউনিটি। মোবাইল কমিউনিটিগুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় সাইট সেলআড্ডা। ২০০৬ সালে শুরু করা সেলআড্ডা বিভিন্ন সময় হ্যাকারদের আক্রমণের শিকার হলেও সাইটটিকে এখনো ভালো অবস্থানে ধরে রেখেছেন সেলআড্ডার প্রতিষ্ঠাতা মুকতার হোসেইন। এর ঠিকানা http://forum.celladda.com।আরেকটি জনপ্রিয় কমিউনিটি সাইট ফ্রেন্ডসবিডি (http://friendsbd.net)। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই প্রোগ্রামার বন্ধু জে আর চৌধুরী ও সুমন সেলিম মিলে তৈরি করেছেন এই সাইটটি। কলেজপড়ুয়া ছাত্র শাওন প্রিন্স বন্ধুদের নিয়ে ২০০৯ সালে খুলেছিলেন ফেন্ডসফেয়ার নামের সাইটটি। http://friendsfair.com এই ঠিকানার সাইটটিতে এখন যেন বন্ধুত্বের মেলা বসেছে।রিফাত খুলেছেন বন্ধুত্বের সাইট বিডিআড্ডা২৪। এর ঠিকানা http://bdadda24.com। অন্যদিকে রাজশাহীর দুই বন্ধু আরিফ ও সাজ্জাদ মিলে খুলেছেন মোবাইল কমিউনিটি সাইট http://twittercafe.net। এ রকম আরও কিছু সাইটের ঠিকানা হলো www.upahar.org,http://bondhuadda.com,http://chat.pbadda.com, http://friendsdunya.nethttp://bdonline24.info, http://tufanbd.net ,http://hdadda.com ইত্যাদি। সম্প্রতি ব্রিটেনের দাতব্য সংস্থা সিস্টিক ফিব্রোসিস ট্রাস্ট পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, বাস্তব জীবনের তুলনায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে মানুষের বন্ধুর সংখ্যা বেশি। এতে আরও দেখা যায়, ১০ জনে একজন অনলাইনে তাদের সবচেয়ে ভালো বন্ধুর সন্ধান পায়। ব্রিটেনের একটি দৈনিকের জরিপে অনুযায়ী অনলাইনের এসব বন্ধু বাস্তবের বন্ধুর চেয়ে বেশি সৎ হয়। তবুও অনলাইন বা নেট-বন্ধুত্ব নিয়ে একেকজনের একেক মতামত রয়েছে। তবে সে যদি সত্যিকারের ভালো বন্ধু হয়, তাহলে সে বাস্তব জীবনেরই বন্ধু হোক অথবা অনলাইনের বন্ধু হোক তাতে কোনো পার্থক্য থাকে না।আগস্ট মাসের প্রথম রোববার বিশ্ব বন্ধু দিবস পালন করা হবে। জয় হোক বন্ধুত্বের।