বন্ধুত্বে ঈর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুত্ব এমনই হবে থাকবে না কোনো ঈর্ষা। ছবি: অধুনা
বন্ধুত্ব এমনই হবে থাকবে না কোনো ঈর্ষা। ছবি: অধুনা

বলা হয়ে থাকে, মানব মন বড়ই বিচিত্র। ক্রোধ, ভালোবাসা, আনন্দ কিংবা হিংসা—এমন অনেক আবেগের মিশ্রণ মানুষের এই মন। হয়তো কাছের বন্ধুটির জন্য আপনি সর্বদা এগিয়ে আসেন, তাঁর বিপদে-আপদে আপনিই তাঁর সবচেয়ে কাছের একজন। কিন্তু কখনো হয়তো নিজের অজান্তেই প্রিয় এই বন্ধুর জন্য আপনি ঈর্ষান্বিত হয়ে পড়ছেন! কেন এমন?

 ‘যাহ্! ও তো পড়ালেখায় আমার চেয়ে এগিয়ে গেল’, ‘ও কেন নতুন বন্ধুটির সঙ্গে মিশবে’, কিংবা কর্মস্থলের হেরফের—এমন বিভিন্ন কারণেই মনের কোণে হিংসা উঁকি দিতে পারে। আর ব্যাপারটি যে সব সময় একপক্ষীয় হবে এমনটি নয়। কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–ছাত্র কেন্দ্রের (টিএসসি) কাউন্সেলর ইয়েসিন হোসেইনের সঙ্গে। তিনি মনে করেন, সব মিলিয়েই একজন বন্ধু আরেকজনের প্রতি ঈর্ষান্বিত হতে পারে। এটা যেমন এক পক্ষ আরেক পক্ষকে করতে পারে, তেমনি দুজনই উভয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত রয়েছে যে শুধু মেয়েরাই একে অপরকে হিংসা করে। আসলে কিন্তু এমন নয়। অনেক ছেলেও তার মেয়েবন্ধুটিকে হিংসার চোখে দেখতে পারে।’

কোনো বিষয়ে এগিয়ে যাওয়া

দুজনই ভালো ছাত্র। একই সঙ্গে ক্লাস করা থেকে শুরু করে একই নোট শেয়ার করে পড়া। কিন্তু তারপরেও কেন অন্যজন এগিয়ে যাবে? সে কি তাহলে আমার থেকে কিছু লুকাল? পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষের শুরু কিন্তু এভাবেই। আর এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা এবং গবেষণা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসান। তিনি বলেন, ‘কাছের বন্ধুরাই যখন এমন করে, তখন ব্যাপারটা আসলেই খারাপ লাগে। বোঝাই যায় না যে প্রিয় বন্ধুটি পাল্টে যাচ্ছে।’

 এ তো গেল পড়াশোনার পরিধি। এমনটা হতে পারে কর্মস্থলেও। বস হয়তো একজনকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, অপরজন হয়তো সেই বসকে তেমন পছন্দ করেন না। ব্যস, শুরু হয়ে গেল দ্বন্দ্ব এবং একপর্যায়ে বন্ধুত্বটাই হয়ে পড়ে বালির বাঁধের মতো।

ইয়েসিন হোসেইন বলেন, ‘আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই এমন হয়ে থাকে। দেখা যায়, বন্ধুত্বের সময়কাল পাঁচ থেকে ছয় বছরের, কিন্তু হিংসা বোধটাও সঙ্গেই রয়েছে। শুধু পারিবারিক অবস্থানের কারণে। আবার অনেক ক্ষেত্রে, আপনি হয়তো তাকে আপনার ঘনিষ্ঠ বন্ধু মনে করছেন, কিন্তু সে হয়তো আপনাকে সেই চোখে দেখছে না। রয়েছে এমন হাজারো ব্যাপার।’

কী করবেন?

যখন বুঝতে পারবেন, আপনার এত দিনের প্রিয় বন্ধুটিই আপনার বিপক্ষে অবস্থান করছেন, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। হয়তো মুখ ফুটে সরাসরি কিছু বলতেও পারছেন না। কিন্তু ভেতরে ঠিকই একাকিত্ব বোধ করছেন। সে ক্ষেত্রে কাউন্সেলর ইয়েসিন হোসেইনের পরামর্শ হলো, ‘মনে রাখুন, আমাদের চলার পথটা কিন্তু দীর্ঘ। তেমনি এখানে পরিচয় হবে হাজারো মানুষের সঙ্গে। সেখান থেকেই চিনে নিন আপনার প্রকৃত বন্ধুকে। একজন বন্ধুর এমন পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।’

 এ ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

* আপনার বন্ধুটি আসলেই আপনার প্রকৃত বন্ধু তো? বিশ্বাস করে হয়তো তাঁকে অনেক কথাই বলে ফেললেন। কিন্তু আগে যাচাই করে নিন, বন্ধুটিও কি আপনাকে কাছের মনে করছেন কি না। এ ক্ষেত্রে আগে থেকেই কাউকে বিচার না করে বুঝতে শিখুন। সময় নিন।

* পরিবেশ, ঘটনা—সবকিছুই পরিবর্তনশীল। হয়তো এমন একটা পর্যায় এসেছে যে আপনার বন্ধুটি একটু বদলে গেছে। বদলে গেছে আপনাদের সম্পর্কটাও। দীর্ঘ দিনের বন্ধুই চলে গেছে বিপক্ষে। এমন হলে আপনি সরাসরি তাঁকে খুলে বলুন। কোনো কারণে সে কষ্ট পেয়েছে কি না জিজ্ঞেস করুন। প্রবাদ আছে, বিনা কথায় মেটে না কোনো ঝামেলা।

* এরপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে বন্ধুত্বের আয়ুকাল এই শেষ হলো বলে। একাকিত্ব কাটাতে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। হয়তো সময় লাগবে কিন্তু অপর একজন বন্ধু পেয়ে যাবেনই।

* একাকিত্বের সমস্যা দূর করতে চাইলে কাউন্সেলিং করতে পারেন।

* বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে তৃতীয় কোনো পক্ষকে না জানানোই ভালো।

* আর সবার আগে চেষ্টা করুন নিজেকে চিনতে। বন্ধুটিকে নিয়ে বলছেন? কিন্তু ভেবে দেখুন, আপনারও কোনো সমস্যা আছে কি না। হয়তো মফস্বল আর শহর থেকে আসা দুজন বন্ধুর মধ্যে একটা জটিলতা তৈরি হয়ে যেতেই পারে। সে ক্ষেত্রে ভেবে দেখুন, আপনার কোনো বিষয় বন্ধু মানুষটি মেনে নিতে পারেননি।

এবার তাহলে পারস্পরিক সমঝোতা করেই ফেলুন।