বন্ধুত্বের বন্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাজারো বর্ণিল আলোকছটায় মনে হচ্ছে পৃথিবীটা তারুণ্য ও উচ্ছলতায় কত সুন্দর! উপলব্ধি করছি, সেই পুরোনো উন্মাদনাময় দিনগুলোতে ফিরে গেছি।’ মুখে প্রফুল্ল হাসি নিয়ে নুসরত জানান এ কথা। নুসরতের শিক্ষাজীবন শেষ হয়েছে গত বছর। এরই মধ্যে বহুজাতিক একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করছেন। তিনি আরও বলেন, ‘শত ব্যস্ততার মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা করা তো দূরে থাক, যোগাযোগ করাও হয়ে ওঠে না। বন্ধুদের কাছে পাওয়ার এ সুযোগটিই আইইউবি আমাদের করে দেয় প্রতিবছর এই উৎসবের মধ্য দিয়ে।’১৮ জুন ২০১২ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) নিয়মিত বার্ষিক আয়োজন ‘আইইউবি ফেস্ট ২০১২’। প্রতিবছর শিক্ষা সমাপনী এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে। নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের এ আয়োজন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইরশাদ কামাল খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রত্যেক শিক্ষার্থীর জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। সবাইকে আত্মবিশ্বাস নিয়ে বলতে শেখায়—আমিও পারি।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়-পরবর্তী জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আত্মবিশ্বাসই হতে পারে সব চ্যালেঞ্জকে জয় করার মূলমন্ত্র। বিশ্ববিদ্যালয়-জীবনের সব অর্জন তাই ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণা। অনুষ্ঠানের অপর বক্তা চট্টগ্রাম আইইউবির কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ বলেন, ‘আজকের বিদায়ী শিক্ষার্থীরা জীবনের একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, জীবনের পরবর্তী অধ্যায়টি দায়িত্ব গ্রহণ এবং তা পালনের।’ বিদায়ী শিক্ষার্থীদের সামনের দিনগুলোতে নিজের প্রতি, পরিবারের প্রতি এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতাচ্ছিল একে একে ইথার, এমটিভি ও শিল্পী মিনার। দেখলাম আমার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন সাদিক, যাঁকে অন্য দিনগুলোতে খুঁজে পাওয়াই দায়। এ রকম শত শত পুরোনো মুখের সন্ধান পেলাম এই আইইউবি ফেস্টে এসে। যাঁরা এসেছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কার সেই ছোঁয়াটুকু পেতে। এরই মধ্যে ভেসে এল ‘সময় গেলে সাধন হবে না’—লালনের গানের একটি কলি। মঞ্চ মাতাচ্ছে ফোক ফিউশনধর্মী ব্যান্ড ‘লালন’। ‘বসন্ত বাতাসে সইগো...বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’ রোমান্টিকতায় নিটোল আবহ ছড়িয়ে পড়ছিল সমগ্র মিলানায়তনে।‘চল যাই আনন্দের বাজারে’ গানটির কথার সঙ্গেই আশ্চর্য মিল যেন এই মিলনমেলার। রঙিন আলোয় মোহনীয়তা আর আনন্দের আতিশয্যে সবাই লুটোপুটি খেল। দেখলাম প্রাণের বন্ধুরা একে অপরের কাঁধে হাত রেখে নেচে বেড়াচ্ছে হলময়। এ যেন পরম আত্মীয়তার বন্ধন। দেখা হয়ে গেল আরও দুই বন্ধু তূর্য আর আরিফের সঙ্গে। দুজনেই অফিস সেরে ফিরেছে। দেখা হতেই কুশল বিনিময় হলো, এই বিনিময়ই আগামী দিনের চলার প্রেরণা জোগায়। মিলানায়তনে বাইরে গিয়ে দাঁড়াতেই অনেকের সঙ্গে কথা হলো। স্নাতক শেষ ব্যাচের রথি জানান, ‘স্যাররা অনেক সাহায্য করেছেন, জুনিয়র শিক্ষার্থীরাও অনেক সাহায্য করেছেন।’ পুশন বলেন, ‘যদিও আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বিদায় জানানো হচ্ছে, কারণ গ্র্যাজুয়েশন শেষ হলো আমাদের, কিন্তু আমাদের মধ্যে মোটেই সেই বিচ্ছেদের ভারটুকু নেই। এখানে শুধু উৎসবটুকুই উপভোগ করছি।’ বলেই একগাল হাসলেন। রথি আর পুশন একে অপরকে বললেন, ‘আমাদের বন্ধুত্ব হারাবে না কোনো দিন।’ ‘যদিও আগের ব্যাচেই আমার স্নাতক শেষ হয় কিন্তু আমি এই উৎসবেও যোগ দিয়েছি। কারণ, আমাদের মধ্যে কোনো সিনিয়রিটি-জুনিয়রিটি নেই। আইইউবিতে সবাই এই উৎসবে মিলিত হই, যার কারণে অনেক দিন পর এই ফেস্টে এসেও মনে হয় না আমরা একে অপরের কাছ থেকে দূরে রয়েছি। যেন আমাদের প্রাণ একই সূত্রে গাঁথা।’ এ অনুভূতি তন্নীর। এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন বিবিএ ২০০৮ ব্যাচের এস এম তানভীর, জয়নাল আবেদীন পারভেজ, মিসবাহুল আনোয়ার সনেট, মনিরুল এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ২০০৮ ব্যাচের ইমরান হোসাইন। এ ছাড়া শিক্ষক সৌমিত্র পালিতের দিকনির্দেশনা ছিল পুরো অনুষ্ঠানে। হঠাৎ কানে ভেসে এল ‘লেইস ফিতা লেইস’। মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন জেমস, সঙ্গে মিউজিক্যাল ব্যান্ড ‘নগর বাউল’, আইইউবিয়ানরা যেন এই মোক্ষম সময়েরই অপেক্ষায় ছিল। বাঁধ ভাঙা আনন্দে উপচে পড়ল। কেউ কেউ দলবেঁধে ঘুরে ঘুরে নাচছে, কেউ বা একা। সবার মুুখের হাসিই বলে দেয় এই আনন্দটুকুই জীবনের পরম প্রাপ্তি।