বন্ধুত্বের সেতুবন্ধন

জিজ্ঞেস করলে একশ বন্ধুই স্বীকার করবেন, এ সফরটা আর পাঁচটা সফরের মতো নয়। কেন নয়? কারণ আছে। জীবনে প্রথম ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ, জীবনে প্রথম বিমান ভ্রমণ, জীবনে প্রথম অনেক দর্শনীয় স্থান দেখা, মাত্র আট দিনে ১৮টি জায়গায় ভ্রমণের সুযোগ। এরকম অনেক প্রাপ্তি যে একসঙ্গে মিলেছে এই সফরে।
ব্যাপরটা তাহলে খোলাসা করা যাক। ভারত সরকারের আমন্ত্রণে ১৩ অক্টোবর থেকে আট দিনের সফরে ভারত গিয়েছিলেন বাংলাদেশের একশ জন তরুণ। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছয় জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নয় জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পনের জন শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়াও এ দলে ছিলেন পনের জন তরুণ সাংবাদিক।
১৩ অক্টোবর ঢাকা থেকে দিল্লি, তারপর মুম্বাই। ঘোরাঘুরির পর্বটা শুরু হলো পরদিন থেকে। মুম্বাইয়ের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ, গেট অব ইন্ডিয়া, মুম্বাই ইউনিভার্সিটি... কত্তো কিছু মন ছুঁয়ে গেছে।
স্মরণীয় হয়ে আছে কালচারাল একচেঞ্জ প্রোগ্রাম। এই অনুষ্ঠান বন্ধুত্বের সুতোয় বেঁধে ফেলল বাংলাদেশি বন্ধুদের সঙ্গে মুম্বাই ইউনিভার্সিটির ৭০ জন বন্ধুকে। সেসব স্মৃতি কি ভোলা যায়! ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তানজিমা তাবাচ্ছুম বলেন, ‘মুম্বাই ইউনিভার্সিটি, রাষ্ট্রপতি ভবন সবকিছুই মন ছুঁয়ে গেছে।’
ওদিকে তরুণ ক্রিকেটার জিয়াউল হকের মন ছুঁয়ে গেছে অন্য এক অনুভূতি। তাঁর ভাষায়, বিদেশের মাটিতে এতজন বন্ধু মিলে জাতীয় সংগীত গাওয়ার স্মৃতিটা স্মরণীয় হযে থাকবে।’
রাজধানী দিল্লিতে দেখা হলো রেড ফোর্ট, কুতুব মিনারসহ আরো অনেক কিছু। এখানে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অশোকা হলে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। কত্থক নাটক, ভরত নাট্যমসহ বিভিন্ন পরিবেশনা উপহার দিয়েছিলেন ভারতের বন্ধুরা। বাংলাদেশি বন্ধুরা পরিবেশন করেছিলেন দেশাত্ববোধক-লোকজ গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো। কিন্তু সবাই মুখিয়ে ছিলেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। বেশি অপেক্ষা করতে হয়নি। ঐতিহাসিক দরবার হলে দেখা মিলল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। দরবার হলে ঢুকেই দু হাত উঁচু করে বাংলাদেশি তরুণদের অভিনন্দন জানালেন তিনি। এরপর তরুণদের উদ্দেশে ১৫ মিনিটের ভাষণ দিলেন। বললেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর পাশে থাকার স্মৃতি কথা। শিল্প-সংস্কৃতিতে ভারত ও বাংলাদেশ যে তার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ তাও বুঝিয়ে দিলেন। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে বললেন তরুণদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোশিন আনজুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাফিউর রহমান ও শেখ ছাব্বির, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইসরাত জাহান ও সাবরিনা রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুবায়ের আহমেদ ও সিদরাতুল মুনতাহা জানান, জীবনের সবচেয়ে বড় পাওয়া ভারতের রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ।
দিল্লি থেকে আগ্রা খুব দূরে নয়। তাই শেষ দিনে আগ্রার তাজমহল ভ্রমণও বাকি রইল না। এমন অপরুপ স্থাপত্য শৈলী দেখে প্রাণ জুড়িয়ে গেল সবার।
২০ অক্টোবর দেশে ফেরার পালা। সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুরে গেলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অতঃপর সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশে বিমানে ওঠে গত আট দিনের প্রাপ্তিগুলোকে মালা বানাতে লাগলেন চেনা-অচেনা ১০০ বন্ধু। চ্যানেল টুয়েন্টি ফোরের সাংবাদিক নাহিদ হোসেন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের শিমুল সালাউদ্দিন বলেন, এই সফরে ১০০ জন অচেনা মানুষ বন্ধু হয়ে গেল। এতকিছুর ভিড়ে এইতো সবচেয়ে বড় প্রাপ্তি।