বন্ধুদের ৯৬ আয়োজন

সারা দেশে সাড়া পড়ে গেছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে। আগামী ৪ নভেম্বর প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। তার মানে প্রথম আলো আর চার দিন পর ১৮ বছর পূর্ণ করছে। সে ক্ষেত্রে প্রথম আলো বন্ধুসভারও ১৮ বছর পূর্ণ হচ্ছে। বন্ধুসভা এখন ১৮ বছরের টগবগে তরুণ। সেই তারুণ্যের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বন্ধুসভাগুলোর মধ্যে। এই তারুণ্যের উদ্যম শক্তি দিয়েই আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই আমাদের ‘বন্ধুসভার একটি ভালো কাজ’ নামে একটি বিশেষ আয়োজন থাকে। এবারও সেটি বেশ জোরেশোরে হচ্ছে। এ বিষয়ে বন্ধুদের অগ্রিম ভাবনাচিন্তা দেখেই বোঝা গেছে। বিগত কয়েক বছরে আমরা রাস্তাঘাট সংস্কার, কৃষকের পাকা ধান কেটে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে কত ধরনের কাজই না করেছি। এবার আমরা ভালো কাজের মধ্যে বৈচিত্র্য আশা করছি। বৈচিত্র্যপূর্ণ কাজ বা সার্বিক বিবেচনায় যারা ভালো করবে, তাদের মধ্য থেকে ২০ সেরা বন্ধুসভাকে আমরা খুঁজে বের করব।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর। একেক এলাকায় একেক দিন। অনুষ্ঠান হবে মোট ৯৬ এলাকায় ৯৬টি বন্ধুসভার আয়োজনে। এবারই সর্বোচ্চসংখ্যক এলাকায় এই আয়োজন সম্পন্ন হবে।
ইতিমধ্যে অনেক বন্ধুসভা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের আয়োজনে কী কী থাকবে। আর বাকিদের মাথায় নানা ভাবনাচিন্তা ঘুরপাক খাচ্ছে, তারা কীভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করবে। ঢাকা থেকে বন্ধুসভাগুলোতে ব্যানারসহ অন্যান্য জিনিসপত্র পাঠানো হয়েছে।
আমাদের প্রতিনিধি/ নিজস্ব প্রতিবেদকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বন্ধুরা, কী করে অনুষ্ঠান সফল করা যায়।
বন্ধুসভার তারুণ্যের জয় হোক। তারুণ্য এগিয়ে নিক বাংলাদেশ।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।