
বন্ধু, শোন, কাল সুপ্তির বিয়ে। ওর বিয়ের ছবি তোলার পাশাপাশি আমার কয়েকটা ভালো ছবি তুলে দিবি। আমি কিন্তু সেজেগুজে আসব। এমন আবদার কেবল বন্ধুমহলেই করা চলে। আর এখন তো ডিএসএলআরের জমানা। যখন-তখন, যেখানে-সেখানে ক্লিক করলেই ঝকঝকে ছবি। সুন্দর ছবি তুলতে পারেন—এমন বন্ধু থাকলে অন্য বন্ধুরা তাঁর ক্যামেরাতেই ছবি তুলতে চান। আবার তাঁদের সেই আলোকচিত্রী বন্ধুও অন্য বন্ধুদের ছবি তুলে হাত পাকাতে চান। ফটোগ্রাফার-মডেল যদি বন্ধু হন, তবে ছবির মধ্যেই যেন সেই আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায়। কারণ, একজন বন্ধু আরেকজন বন্ধুর চেহারার যে অভিব্যক্তিগুলোকে তুলে ধরতে পারেন, অন্য কেউ হয়তো সেভাবে সেটা পারবেন না।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফাত। নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন। প্রায়ই তাঁর বন্ধুদের বলেন, ‘এই, তোরা কি ফ্রি আছিস? পারলে ক্যাম্পাসে চলে আয়৷ তোদের ছবি তুলে হাত পাকাব।’ রিফাতের বন্ধুরাও ফটোগ্রাফির কথা শুনে বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে এলেন৷ আর মনে মনে তৃপ্তির ঢেকুর, আহা! এবারে ফেসবুকে আপলোড করার জন্য কয়েকটা ভালো প্রোফাইল পিকচার হবে।
রিনা, আতিক, জুয়েল আর সোমা—চার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাঁদের মধ্যে আতিকের একটা ডিএসএলআর ক্যামেরা আছে, আর ছবিও দারুণ তোলেন। তাই যেকোনো উৎসবে বা বিয়েবাড়ির বাইরেও বন্ধুদের ছবি তোলেন তিনি৷ আতিকের বন্ধু রিনা বললেন, ‘আমার একবার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। বাসায় ছবি নেই। আশপাশে ভালো কোনো স্টুডিও নেই যে গিয়ে ছবি তুলে আসব। কী আর করা। আতিককে বললাম, ছবি তুলে দে। ও তো টেনশনে পড়ে গেল৷ কারণ, সে পাসপোর্ট আকারের ছবি কখনো তোলেনি। তারপরও কয়েকটা ক্লিক করেই একটা ভালো ছবি তুলে দিল। এখন তো সেটাই সব কাজে ব্যবহার করছি।’
বন্ধুর কাছে ছবি তোলা যেমন সুবিধার, তেমনি বন্ধুকে মডেল করারও সুবিধা আছে৷ শখের আলোকচিত্রী খুলনার অমিত মণ্ডল বললেন, বন্ধুকে মডেল বানালে অনেক সুবিধা। সবচেয়ে বড় সুবিধা হলো, ঘণ্টা হিসাবে টাকা দেওয়ার চিন্তা থাকে না। আবার বিভিন্ন রকম পোজ দিতে বললেও বন্ধুরা সচরাচর বিরক্ত হন না। বিভিন্ন ধরনের পোজ, অ্যাঙ্গেল, আলো-আঁধারের খেলাসহ ফটোগ্রাফির নানা ধরনের শিক্ষাদীক্ষার কাজ চলে৷
অনেকেরই টুকটাক মডেলিংয়ের শখ থাকে। কেউ আবার শুধু ফেসবুকে ছবি আপলোড করার কথা ভেবেই ছবি তোলান৷ তাই অসীম ধৈর্য নিয়ে তাঁরা হাসিমুখে ছবির মডেল হন৷ ইচ্ছেমতো ছবি তোলার কথা বন্ধুর কাছে ছাড়া কাকেইবা বলা যায়!
যে বন্ধুটা মডেল হলেন, তাঁরও কিন্তু সুবিধা আছে। পছন্দমতো ছবি না উঠলে বারবার বলা যায়—আরে, এভাবে না, ওইভাবে ছবিটা তুলে দে। বন্ধুর ক্যামেরায় ছবি তুললে একধরনের নিরাপত্তাও কাজ করে, নিজের মতামত আর অভিব্যক্তি বোঝানো সহজ হয়। ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বন্ধুর তোলা দারুণ ছবিগুলো দেখিয়ে অন্যদের মুগ্ধ করতে কার না ভালো লাগে! শখের আলোকচিত্রী অনেকেই এখন নিজের তোলা ছবি ফেসবুকে পেজ খুলে আপলোড দেন৷ সেখানে অন্যদের কমেন্ট ও লাইক দেখেই উৎসাহ পান তাঁরা৷ অনেকে আবার দলবলে বেরিয়ে পড়েন ভালো কোনো জায়গার খোঁজে৷ যেখানে থিম ধরে ছবি তুলতে সুবিধা হয়৷ ছবি তোলানোর বাতিক আছে—এমন একজন নুজহাত নাইম৷ বিশেষ কোনো দিন মানেই ছবি তোলা চাই ফেসবুকের জন্য৷ নুজহাত বলেন, ‘বিশেষ কোনো দিন, যেমন পয়লা ফাল্গুন, বৈশাখ বা বইমেলা৷ এমন দিনগুলোতে আগেই ছবি তুলে রাখি বন্ধুকে দিয়ে৷ এরপর দিন ধরে প্রাসঙ্গিক ছবি আপলোড করি ফেসবুকে৷ আমার আলোকচিত্রী বন্ধু সিফাতের কাছে তাই আমি কৃতজ্ঞ৷’ অবশ্য কথার ফাঁকে দুষ্টুমি করে বললেন, ‘যদিও মাঝেমধ্যে ছবি তুলে দেবার বদলে তাকে ভালো রেস্তোরাঁয় খাওয়াতে হয়৷’ তবে এসবের মাঝেও আনন্দ খুঁজে পাওয়ার কথা জানালেন অনেকে৷ বন্ধুর সঙ্গে এখন তাই শুধু আড্ডা আর বাইরে খাওয়ার বিষয় না, চলে আসে ছবি তোলার ব্যাপারটাও৷ যেখানে দুই পক্ষই খুশি থাকে ছবি তুলতে পেরে।