বন্ধুর পথে বন্ধু হয়ে...
জীবনের পথে একসঙ্গে হাঁটবেন বলে শপথ করেছিলেন স্নিগ্ধা, অনু, রিতু, মিলু, ফেরদৌসী ও সঞ্জু। কিন্তু উচ্চমাধ্যমিকে এসে হোঁচট খেয়ে পড়ে গেলেন সঞ্জু। বাকিরা এগিয়ে গেলেন। তবে পেছন ফিরে তাকাতে ভুলে যাননি তাঁরা, বরং সঞ্জুর কাঁধে হাত রেখে বলেছেন, ‘দুঃখ কোরো না, বাঁচো...।’ বলেছেন, ‘হাল ছেড়ো না বন্ধু...’ জীবনটা এমনই। জীবনের পুরোটা পথে ফুল বিছানো থাকে না, থাকে কাঁটাও। তাই যেতে যেতে পথে হয় দেরি। হোঁচট খেয়েও পড়ে যেতে হয় কখনো-সখনো। এ জন্য যে সব সময় নিজের অবহেলা আর অসচেতনতাই দায়ী, এমন তো নয়। কখনো কখনো অনেক ভালো প্রস্তুতির পরও আসে না প্রত্যাশিত সাফল্য। দৃষ্টান্ত চান? কিছু দিন আগের এশিয়া কাপের ফাইনালের কথা ভাবুন। কী দুর্দান্ত পারফরম্যান্স নিয়েই না মাঠে নেমেছিলেন বাংলার বাঘেরা। খেলেছিলেনও ভালো। তবু বিজয়টা শেষমেশ অধরাই রইল। এ রকম পরিস্থিতিতে পাঁড় ভাগ্যবিদ্বেষীরও মুখ ফসকে বেরিয়ে যায়, ‘হায়, ভাগ্য!’ তবে এই তীরে এসে তরী ডোবাও নাকি জীবনের অংশ এবং একই সঙ্গে জীবনের অংশ বিপদে বন্ধুর হাতে হাত রাখতে পারাটাও। সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘সাফল্য যেহেতু সহজ পথে আসে না, সেহেতু সংগ্রাম করতেই হবে। মাথার ঘাম পায়ে ফেলতেই হবে। তার পরও কখনো কখনো অধরাই থেকে যাবে সাফল্য। তাই বলে হতাশ হলে চলবে না। তখন বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকুন। বন্ধুকে বোঝান, বেশির ভাগ ক্ষেত্রে যাঁরা সফল হয়েছেন, যাঁরা পৃথিবীকে কিছু দিয়েছেন তাঁদের কারও রেজাল্ট ভালো ছিল না। সুতরাং পরীক্ষার রেজাল্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার বন্ধুদের দিকে যদি তাকাই, যারা ভালো রেজাল্ট করেছে এবং যারা ভালো রেজাল্ট করেনি তারা প্রত্যেকেই এখন ভালো আছে। তারা ভালো আছে এ জন্য যে, তারা প্রত্যেকেই কোনো একটি কাজে নিজেকে দক্ষ করে গড়ে তুলেছে। তাই বন্ধুকে পরামর্শ দিন যেন সে রেজাল্টের কথা না ভেবে নিজেকে কোনো একটি বিষয়ে যোগ্য করে তৈরি করে। আর চাকরিদাতারা কখনো ভালো ছাত্রকে খোঁজে না, তারা খোঁজে দক্ষ লোককে।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার শোনালেন নিজ অভিজ্ঞতার কথা। ‘আমি যখন দলে ছিলাম, তখন দলের খেলোয়াড়েরা এতটা অভিজ্ঞ আর দক্ষ ছিল না। তাই প্রতিটি ম্যাচের আগেই আমরা কঠোর প্রস্তুতি নিতাম। অনেক ম্যাচে খেলতামও দুর্দান্ত। কিন্তু শেষমেশ দেখা যেত অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে বিজয়। তখন খুব হতাশ লাগত বটে, তবে ড্রেসিংরুমে এসে প্রত্যেকে প্রত্যেকের প্রশংসা করতাম। প্রতিজ্ঞা করতাম, খেলার মাঠে সবাই সবাইকে যেন এমনিভাবেই সমর্থন দিতে পারি।’ হ্যাঁ, জীবনের প্রতিটি সংকটকালে বন্ধুর পাশে থাকতে হয়, করতে হয় বন্ধুর ইতিবাচক সমালোচনা—এমনটাই অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক পারভীন হকের। তিনি বলেন, ‘অনেকের মানসিক গঠনটাই এমনভাবে তৈরি যে, সে সমালোচনা গ্রহণ করতে ভয় পায়। তাই ব্যক্তি মানুষের ব্যর্থতার সমালোচনা না করে তার ইতিবাচক দিক তুলে ধরুন। বন্ধু কোনো কাজে ব্যর্থ হয়েছে বলে তার কাছ থেকে দূরে সরে যাওয়াটা অন্যায়। বরং সেই সময় বন্ধুর কাছে থাকুন বেশি বেশি। কাঁধে হাত রেখে সাহস জোগান আর বুকে জড়িয়ে ধরে সান্ত্বনার কথা বলুন।’