বন্ধুর পথের বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে সময় ভারতীয় হাইকমিশন ছিল ধানমন্ডিতে। ভিসা ফরম জমা দিতে হাজারো মানুষ ‘লাইন দিত’ সেখানে। ভারতে যাব বলে আমিও এক কাকডাকা ভোরে সেই লাইনে গিয়ে দাঁড়ালাম। ফটকের বাইরে ফুটপাতের সিমেন্টের স্ল্যাবের নিচে ছিল ড্রেন। স্ল্যাবগুলো ভেঙে গিয়ে জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছিল। প্রচণ্ড ভিড়ের কারণে পায়ের নিচের রাস্তার অবস্থা আমি খেয়াল করিনি। সময় হলে অফিসের ফটক খোলার সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকার জন্য সব মানুষ হুমড়ি খেয়ে পড়ল। লোকজনের ধাক্কায় তাল সামলাতে পারলাম না আমি। মুহূর্তে আমার বাম পা একটি গর্তে ঢুকে গেল। আর ডান পাটি ভাঁজ হয়ে গেলে আমি পুরো শরীর নিয়ে ফুটপাতে বসে পড়লাম। বাম পা লম্বা হয়ে ফুটপাতের নিচে ড্রেনের ওপর ঝুলতে থাকল। ব্যথায় তখন আমার সমস্ত শরীর অবশ। কারা যেন আমাকে ধরে মাটি থেকে তুলল। যাক, বন্ধুদের উদ্যোগে সেদিন আমার ফরমটি জমা পড়েছিল। পরদিন ভিসা নিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার লাইনে দাঁড়ালাম। তবে এবার আর বাইরে নয়, ফটকের ভেতরে। পাশাপাশি কয়েকটি লাইন। ডান পাশের লাইন থেকে হাসিমুখ এক তরুণ বলল, ‘কি, কেমন আছেন আপনি?’ আমি বললাম, ‘ভালো আছি। কিন্তু আপনাকে তো চিনলাম না।’ ‘তা এখন তো চিনবেনই না। গতকাল আমি না থাকলে আপনার পাটা গর্ত থেকে টেনে তুলত কে?’ তার নির্মল হাসি আর কণ্ঠের আন্তরিকতা আমাকে ছুঁয়ে গেল।সেবার দিল্লি যাচ্ছি। আমার পাশের আসনে বসেছে একটি মেয়ে। স্বামীর কাছে নিউইয়র্কে যাবে ও। মফস্বলের মেয়েটির জীবনে সেটাই ছিল প্রথম বিমানভ্রমণ। যাত্রাপথের বিষয়ে তার হাজারো আশঙ্কা, নানা প্রশ্ন। ওর সেসব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যদিও আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। একসময় আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বমি করে ফেললাম। সামনের আসনের পকেট থেকে পেপারব্যাগ বের করে অবস্থার কিছুটা সামাল দিলেও সবটা রক্ষা হয়নি। কিন্তু অনাত্মীয় স্বল্পপরিচিত মেয়েটি একটুও ঘৃণা না আমার পরিচর্যা করেছিল পরম মমতায়। তার যত্নে আমি অল্প সময়েই সুস্থ বোধ করেছিলাম। এবারের ঘটনাস্থল প্যারিস। পাতাল ট্রেন ধরব বলে সিঁড়ি দিয়ে নামছি। একা ছিলাম। সঙ্গে চাকাওয়ালা স্যুটকেস। ওটা নিয়ে সিঁড়ি ভাঙা সত্যিই কঠিন ছিল। টানাও যাচ্ছিল না, আবার হাতে ঝুলিয়ে নামতেও পারছিলাম না, সিঁড়িতে লেগে যাচ্ছিল। তাই আমি দুই হাতে সামনে উঁচু করে ধরে অদ্ভুতভাবে নামছিলাম। এত্ত এত্ত সিঁড়ি! কষ্টের চোটে ইচ্ছা হচ্ছিল ওটাকে নিচে ছুড়ে দিই। ভিড়ের মধ্যে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা অশোভন, তবু আর না পেরে দাঁড়িয়ে পড়লাম। এমন সময় কে যেন ছোঁ মেরে আমার হাত থেকে স্যুটকেসটি কেড়ে নিয়ে নিচে নামতে শুরু করল। এখানেও ছিনতাই হয়! ঘটনার আকস্মিকতায় হতভম্ব আমি ভিড় ঠেলে ছিনতাইকারীকে অনুসরণ করলাম, কিন্তু সে তখন নাগালের বাইরে। একসময় বেশ কয়েকটা লম্বা সিঁড়ি পেরিয়ে ট্রেনলাইনের পাশে এলে দেখলাম ছিনতাইকারী দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। আমি কাছাকাছি হতে কাউন্টারের সামনে স্যুটকেসটি রেখে একটি মিষ্টি হাসি ছুড়ে দিয়ে ভিড়ে মিলিয়ে গেল সে। এতক্ষণে আমি তার ‘ছিনতাই’য়ের উদ্দেশ্য বুঝলাম। বিদেশি তরুণটিকে আমার আর ‘ধন্যবাদ’ বলা হলো না।পথ চলতে এমন অনেক মানুষের সঙ্গেই আমার দেখা হয়েছে, যাদের বেশির ভাগেরই নাম-ঠিকানা জানা হয়নি, মনে গেঁথে নিতে পারিনি সে মুখগুলো। কি জানি, চলার পথে হয়তো তাদের সঙ্গে আমার আবারও দেখা হয়েছে, অথচ আমি তাদের চিনতে ব্যর্থ হয়েছি! চেহারা ভুলে গেছি সত্য, কিন্তু শ্রদ্ধা আর কৃতজ্ঞতার মোড়কে আবৃত হয়ে তারা সযত্নে আমার হূদয়ে আছে। একান্তে আমি প্রায়ই তাদের গান শোনাই, ‘বন্ধু রহো রহো সাথে, আজি এ সঘন শ্রাবণ প্রাতে/...কথা কও মোর হূদয়ে, হাত রাখো হাতে’। কেকা অধিকারী[email protected]