বন্ধুরা, এই লেখাটি পড়ুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বন্ধু নেই তো দুনিয়ার সব পথঘাট বন্ধুর, মানে প্রতিকূল! তাই বলে যাকে-তাকে বন্ধু বানিয়ে ফেললে কিন্তু চলবে না! বন্ধু নির্বাচন করতে হবে বেছে বেছে। বন্ধু নির্বাচনের সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে, সেটাই জানাচ্ছেন আমাদের সর্ব বিশেষজ্ঞ বন্ধু ইকবাল খন্দকার
 আপনি যাকে বন্ধু বানাবেন, তার উচ্চতা যেন অবশ্যই আপনার উচ্চতার সমান হয়। নইলে দেখা যাবে আপনি যে সাইজের কাপড় পরছেন, সে সেই সাইজের কাপড় পরছে না। এতে হবে কি, কোথাও যাওয়ার সময় আপনি তার জামাকাপড় ধার করতে পারবেন না। একদম লস হয়ে যাবে।
 শুধু উচ্চতার বিষয়টা বিবেচনা করলেই চলবে না, শরীরের সাইজের কথাও বিবেচনা করতে হবে। ধরা যাক, আপনার কোমর বত্রিশ। কিন্তু যার সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছেন, তার কোমর আটত্রিশ। এবার বলুন, আপনি কি কখনো তার প্যান্ট ধার করে পরতে পারবেন? খুলে পড়ে যাবে না? অতএব চিন্তা করে দেখেন, তাকে বন্ধু বানানো উচিত কি না।
 যাকে বন্ধু বানাবেন, তার রুচি কেমন সেটা অবশ্যই দেখতে হবে। রুচি বলতে খেতে বসে আট-দশ প্লেট খাওয়ার পরও এমনটা বলে কি না, ‘নাহ্, একদম খাওয়ার রুচি নাই!’ যদি তার রুচি এই পর্যায়ের হয়ে থাকে, তাহলে তাকে বাদ দিন। কারণ, বন্ধু বানানোর পর তাকে যদি দাওয়াত করেন, খেয়ে সব সাফ করে ফেলবে!

 যাকে বন্ধু বানানোর চিন্তাভাবনা করছেন, মোবাইল ফোন কোম্পানির সঙ্গে কথা বলে তার কমপক্ষে এক বছরের কল হিস্টরি সংগ্রহ করুন। যদি দেখেন তার মিসড কল দেওয়ার খাসলত আছে, তাহলে বাদ দিন। কারণ, চার আনা, আট আনার এই কলরেটের যুগে যে মানুষকে মিসড কল দিতে পারে, সে নিশ্চিত মহা মহা মহা কঞ্জুস।

 বন্ধুত্ব পাতার আগে এক রাতের জন্য তাকে আপনার বাসায় আনুন অথবা আপনি তার বাসায় যান। তারপর সে যখন ঘুমাবে, তখন খেয়াল করুন নাক ডাকছে কি না। যদি নাক ডাকে, তাহলে তার সঙ্গে চূড়ান্ত বন্ধুত্বে না যাওয়াই ভালো। কারণ, বন্ধুত্ব হওয়ার পর তার সঙ্গে কোথাও বেড়াতে গেলে সে আপনার ঘুম হারাম করে ছাড়বে।

 কাউকে বন্ধু বানানোর আগে নাতিদীর্ঘ একটি দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করে নিন, তার স্পিড ভালো কি না। স্পিড ভালো না হলে তাকে বন্ধু না বানানোই ভালো। কারণ, পুলিশের ডান্ডার বাড়ি কিংবা ছিনতাইকারীদের ক্ষুরের ভয়ে যখন দুজন একসঙ্গে দৌড় দেবেন, তখন বন্ধুটি দ্রুত দৌড়াতে না পারলে আপনার সঙ্গে তাল মেলাতে পারবে না। তাহলে কিন্তু তার জন্য আপনাকেও ধরা পড়তে হবে।

 ফাইনাল সিদ্ধান্তে যাওয়ার আগে দুজন পাশাপাশি আয়নার সামনে দাঁড়ান। একটু খুঁটিয়ে দেখুন, তার চেহারার তুলনায় আপনার চেহারা কেমন। যদি দেখেন, তার চেহারার কাছে আপনার চেহারা মার খেয়ে যাচ্ছে, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করা থেকে বিরত থাকুন। কারণ, তার সঙ্গে কোথাও বের হলে কোনো মেয়ে বা ছেলে আপনার দিকে না তাকিয়ে কেবল তার দিকেই তাকাবে!