বন্ধুরা মিলে করি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বন্ধু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লেকসাইড স্কুলে পড়তেন তাঁরা। সহপাঠী বন্ধুরা যখন ফুটবল খেলায় ব্যস্ত, দুই বন্ধু ব্যস্ত কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। প্রোগ্রামিংটাও যে দুজনের কাছে ‘খেলা’র মতোই মনে হয়! তো এই প্রোগ্রামিং ‘খেলতে খেলতে’ই তাঁরা ভাবলেন, একটা সফটওয়্যার ফার্ম খুলে ফেললে কেমন হয়? ১৯৭৫ সালের কথা, দুজনের প্রচেষ্টায় দাঁড়িয়ে গেল একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। নাম? মাইক্রোসফট! আর সেই দুই বন্ধু—বিল গেটস ও পল অ্যালেন!বন্ধুদের প্রচেষ্টায় দাঁড়িয়ে গেছে, এমন বিখ্যাত প্রতিষ্ঠানের উদাহরণ বিশ্বে আরও বহু আছে। পড়ার টেবিলে যদি দুজনের সমঝোতাটা দারুণ হয়, অফিসের টেবিলে সেটা থাকবে না কেন? তাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে কর্মজীবন পর্যন্ত বন্ধুত্বটাকে কাজে লাগিয়ে নিতে চান অনেকেই। বাংলাদেশেও এমন অসংখ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে, হচ্ছে। ছাত্রজীবনেই হয়তো ক্যানটিনে বসে আড্ডার ছলে জমজমাট একটা ব্যবসার ‘নকশা’ এঁকে ফেলেন কেউ কেউ। কারও কারও সেই নকশা কেবল কাগজে-কলমে থেকে যায়। তবে অনেকেই পরিকল্পনাটাকে বাস্তব করে ছাড়েন। বন্ধুত্বের হাত ধরেই জন্ম নেয় বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, স্থাপত্য, সফটওয়্যার প্রতিষ্ঠান...।আহসানউল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের ছয় বন্ধু জাহ্রা জাহান, কাজী সমুদ্র, নিরুপমা সাহা, বিক্রম দাস, শ্যামলী রায় ও সাব্বির আহমেদ। পড়া শেষ করে অন্য বন্ধুরা যখন বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি নিয়ে ব্যস্ত, এই ছয় বন্ধু তখনো ‘রীতিমতো বেকার’। সপ্তাহে তিন দিন বেসিসে প্রশিক্ষণ নিয়ে আর টিএসসিতে আড্ডা দিয়েই সময় কাটছিল তাঁদের। একদিন হঠাৎ ভাবলেন, ‘অন্য যেসব কোম্পানি বিভিন্ন সফটওয়্যার তৈরির কাজ করছে, তারা তো কোনো না কোনোভাবে কাজ পায়। আমরা নিজেরাই চেষ্টা করি না কেন?’ প্রথম দিকে এর বাসায় ওর বাসায় সবাই মিলে বসে দু-একটা এনড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করলেন। তিন মাসের মাথায় খুলে ফেললেন একটা সফটওয়্যার ফার্ম। এখন পাওয়ার গ্রুপ বিডির অফিসে গেলেই দেখা পাবেন এই ছয় বন্ধুর।বন্ধুদের প্রতিষ্ঠান, মিটিংয়ে বসে কাজের কথার চেয়ে আড্ডাটাই বেশি হয়ে যায় না তো? জাহ্রা জাহান বললেন, ‘উঁহু। কাজের সময় আমরা একদম সিরিয়াস। কাজের চাপ কম থাকলে অবশ্য জমিয়ে আড্ডা দিই।’জাহ্রাদের পাওয়ার গ্রুপ বিডির বয়স খুব বেশি নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বন্ধুদের প্রতিষ্ঠানে নানা কারণে মনোমালিন্য সৃষ্টি হয়, একসঙ্গে থাকা হয় না। সে ক্ষেত্রে জাহ্রা জাহানেরা অনুপ্রেরণা পেতে পারেন বিজ্ঞাপনী সংস্থা জানালা বাংলাদেশের কাছ থেকে। জানালা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক এবং চেয়ারম্যান এন এম মোবাশ্বের হুসেইন। সেন্ট যোসেফ স্কুলে দুজন একসঙ্গে পড়তেন। জানালা বাংলাদেশের বয়স এক যুগ পেরিয়ে গেছে, দুজন এখনো একসঙ্গে তাঁদের স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করছেন। তামজিদ সিদ্দিক বললেন, ‘প্রথম দিকের সময়টা খুবই কঠিন। একটা প্রতিষ্ঠান শুরু করলেই তো আর টাকাপয়সা আসতে থাকে না। আমরা ধৈর্য ধরে পরিশ্রম করেছি। নিজেদের কাজগুলো ভাগ করে নিয়েছি।’বেশির ভাগ সময়ই দেখা যায়, বন্ধুদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা তৈরি হয়। তাই আর্থিক ব্যাপারগুলোতে একেবারে স্বচ্ছ থাকতে চেষ্টা করতে হবে। যেকোনো সমস্যায় সরাসরি কথা বলতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন উন্নতির লক্ষ্যে একাত্ম থাকা। একেকজন কোম্পানিকে একেক জায়গায় দেখতে চাইলে সমস্যা। নিজেরা কথা বলে সেটা সমাধান করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, বন্ধুরা মিলে কাজ করতে গেলে পারস্পরিক বিশ্বাস থাকতে হবে। বন্ধুদের নিজেদের মধ্যে বিশ্বাস ঠিক থাকলে অবশ্যই সফলতা আসবে।