বন্ধুসভা এখন জাপানে

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের উপস্থিতিতে জাপানের রাজধানীতে ৩০ নভেম্বর আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে প্রথম আলো জাপান বন্ধুসভা। রোববার সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে একাধিক অনুষ্ঠান থাকা সত্ত্বেও বন্ধুসভার আহ্বানে সাড়া দিয়ে জনা পঞ্চাশেক প্রবাসী সেদিন সমবেত হয়েছিলেন বাংলাদেশের দুই বিখ্যাত সাংবাদিকের বক্তব্য শোনার পাশাপাশি নবগঠিত বন্ধুসভাকে স্বাগত জানাতে।
সলিমুল্লাহ কাজলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুরুতে মঞ্চে অতিথিদের আহ্বান জানানো হয়। উদ্বোধনী বক্তব্যে প্রথম আলোর জাপান প্রতিনিধি সমবেত অতিথিদের স্বাগত জানিয়ে বিদেশে বন্ধুসভা গঠনের সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন। ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম প্রথম আলোর সঙ্গে তাঁর ইংরেজি দৈনিকের ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করে জাপানে বন্ধুসভা গঠিত হওয়াকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের মতো বিদেশেও প্রথম আলো যে পাঠক প্রিয়তায় সবচেয়ে এগিয়ে, টোকিওর বন্ধুসভা সেই প্রমাণ তুলে ধরছে।’ প্রথম আলোর পাঠক-শুভানুধ্যায়ীদের এই সংগঠনের সাফল্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে প্রথম আলোর ভালো বিভিন্ন কাজের সঙ্গে জাপানপ্রবাসীদের সম্পৃক্ত করায় বন্ধুসভা অবদান রাখবে।

সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যের শুরুতে সমবেত অতিথিদের কাছে জানতে চান তাঁদের কোনো মন্তব্য কিংবা পর্যবেক্ষণ আছে কি না। এই আহ্বানে সাড়া দিয়ে কয়েকজন প্রবাসী প্রথম আলোর কাছ থেকে আরও কী প্রত্যাশা করছেন, তার বর্ণনা দেন। প্রথম আলো সম্পাদক তাঁদের সবার অভিমত ও বক্তব্য শুনে বলেন যে প্রথম আলো যে দৈনিক পত্রিকার চেয়ে একটু বেশি বলে নিজেকে দাবি করে, সেই বেশিটুকুর সঙ্গে বন্ধুসভার রয়েছে নিবিড় সম্পর্ক। তিনি উল্লেখ করেন যে অ্যাসিডদগ্ধ নারীদের চিকিৎসা সহায়তা প্রদান ও সমাজে তাঁদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ তৎপরতা চালানো পর্যন্ত নানা রকম সামাজিক কর্মকাণ্ডে প্রথম আলো জড়িত হচ্ছে, বন্ধুসভার কল্যাণে সেই কাজ অনেকটা সহজ হয়ে উঠছে। প্রথম আলোর জাপানপ্রবাসী পাঠকদের প্রতি বন্ধুসভায় যোগদানের আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন যে জাপানে বন্ধুসভার সমাবেশে বেশ কয়েকজন জাপানির উপস্থিতি এ কারণে তাঁকে আনন্দ দিচ্ছে যে তিনি বুঝতে পারছেন বাংলাদেশিদের পাশাপাশি যেসব জাপানি নাগরিক বাংলা ভাষার চর্চা করছেন, প্রথম আলো তাঁদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছে।
সবশেষে তিনি বন্ধুসভার কমিটি গঠনের ঘোষণা দেন। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাপানপ্রবাসী কবি মোতালেব শাহ আইয়ুব। সলিমুল্লাহ কাজল থাকছেন সহসভাপতি হিসেবে এবং সম্পাদকের দায়িত্ব পালন করবেন খন্দকার আনিসুর রহমান। উল্লেখ্য কমিটিতে তিনজন জাপানিও রয়েছেন।