বন্ধুসভা এনায়েত বাজার মহিলা কলেজ শাখার যাত্রা শুরু
মনমাতানো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বন্ধুসভা এনায়েত বাজার মহিলা কলেজ শাখার। এ উপলক্ষে ২৯ মার্চ আলোচনা ও আহ্বায়ক কমিটি গঠনসহ নানা আয়োজন করা হয় । অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, উপাধ্যক্ষ তহুরিন সবুর, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, বন্ধুসভা চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ। মাহমুদা খানম বলেন, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। এসিডদগ্ধদের সহায়তা করা, মাদক বিরোধী প্রচারণা, ঘূর্নিঝড়-বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, এমনকি সমাজ হিতৈষী কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে প্রথম আলো এবং বন্ধুসভা। আমার আজ খুব আনন্দ হচ্ছে এ জন্য যে—আমার ছাত্রীরা এ সব কাজে অংশ নেবে।’ বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘ছোট ছোট অঙ্গীকারই দেশটাকে বদলে দিতে পারে। প্রথম আলো দেশকে বদলে দেওয়ার ব্রতে নিয়োজিত আছে। তরুণ প্রজন্মকে সে সংগ্রামে শামিল হতে হবে।’ এরপর তিনি তাঁর ‘যেভাবে পরাজিত হয় আমাদের ইতিহাস’ শিরোনামে গল্প বলেন। মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত এ গল্প শিক্ষার্থীদের উজ্জীবিত করে স্বাধিকারের চেতনায়। আবু সুফিয়ান বলেন, ‘কিছু নেওয়ার জন্য নয়, বন্ধুসভায় এসেছি কিছু দেওয়ার জন্য। দিতে গিয়ে অনেক কিছু পেয়েও গেছি।’আলাউদ্দিন খোকন বলেন, ‘বন্ধুসভার মাধ্যমে আজ আমি পেয়েছি প্রায় ৫০ হাজার বন্ধু। আমরা নতুন বাংলাদেশ গড়ব। ভালোলাগা ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’ এরপর ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন আলাউদ্দিন খোকন। কমিটির আহ্বায়ক হলেন অধ্যাপক রহিমা আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রিপা মুৎসুদ্দি ও প্রিয়াঙ্কা চৌধুরী এবং সদস্যসচিব সাদিরা ইসলাম।