প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম শাখার আয়োজনে চলচ্চিত্র নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ‘মনেরও রঙে রাঙাবো’ শিরোনামের এ আয়োজনে ছিল বাংলা চলচ্চিত্রের গানের আসর ও চলচ্চিত্র প্রদর্শনী।
৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে বসে প্রথম দিনের আসর। এদিন বাংলা চলচ্চিত্রের গানের মূর্ছনায় হারিয়ে যান সবাই। চট্টগ্রাম বন্ধুসভার যোগাযোগবিষয়ক সম্পাদক মিনহাজ হোসাইনের সঞ্চালনায় আয়োজনের সূচনা হয় একক সংগীত পরিবেশনায়। শুরুতে মুহিবুল হাসান পরিবেশন করেন ‘কি ছিলে আমার’। এরপর মুহিবুল আরিফ মাত করেন ‘নিধুয়া পাথারে’ গানটি গেয়ে। এবার বাবুল চক্রবর্তীর কণ্ঠে ‘ভালো আছি ভালো থেকো’ ও নাজনিন আক্তারের কণ্ঠে ‘সোনারও পালঙ্কের ঘরে’ আসর জমিয়ে তোলে। এরপর ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘চিঠি এল জেলখানাতে’, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, ‘পৃথিবীর যত সুখ’, ‘হাওয়ায় হাওয়ায়’ ও ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানগুলোর পরিবেশনা অন্য রকম পরিবেশ তৈরি করে।
সবশেষে ১২টি বাংলা চলচ্চিত্রের গানের উল্লেখযোগ্য অংশ নিয়ে তৈরি একটি গান সমবেত কণ্ঠে পরিবেশন করেন বন্ধুরা। দ্বিতীয় দিনে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম আলো জবস মিলনায়তনে ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত।