বন্ধুসভার আয়োজনে বন্ধুতার জয়গান
‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে...’ গানের মতোই দুর্গম গিরি, দুস্তর পারাবারকে তুচ্ছ করেন তাঁরা বন্ধুতার আহ্বানে। চরম দুর্যোগে অসহায় মানুষের বন্ধু হয়ে পাশে থাকেন, মুক্তবুদ্ধিচর্চার যেকোনো আয়োজনে সরব তাঁরা। তাই বন্ধু দিবসেও কথা, নাচ আর গানে বন্ধুতার জয়গান গাইলেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে জমজমাট ‘বন্ধু আড্ডা’ অনুষ্ঠিত হয় ১ আগস্ট বিশ্ব বন্ধু দিবসে। নুরুল আবরারের প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতেই ছিল নাটিকা। পুলক দেবদাসের নির্দেশনায় বিজিএমইএ স্কুলের শিক্ষার্থীদের এ নাটিকা মুগ্ধ করে বন্ধুদের। বন্ধুসভা সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য আনন্দের ঢেউ তোলে মিলনায়তনে। আড্ডার আনন্দে ভাগ বসাতে হাজির হলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। গানের সুরে বন্ধুদের সঙ্গে উন্মাতাল নাচে যোগ দেন তিনিও। এরপর কথামালা। অতিথিদের নিয়ে মঞ্চে আসেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা জিন্নাহ চৌধুরী ও প্রথম আলোর সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার। কথা ও পঙিক্তমালায় বন্ধুতার রং ছড়ান জিন্নাহ চৌধুরী। বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘বন্ধু দিবসে যেহেতু আমার জন্মদিন সেহেতু বন্ধুত্ব আমার জন্মগত অধিকার। তাই সবার উদ্দেশে বলি বন্ধুতার ভালোবাসায় দেশের সব অন্ধকার দূর করতে হবে।’ আলাউদ্দিন খোকন বলেন, ‘নতুন দিনের নতুন স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন বন্ধুসভার সদস্যরা। যেকোনো ভালো কাজে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তাঁরা। প্রথম আলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসার। সেই ভালোবাসার শক্তিতে সামনে এগিয়ে যেতে চাই আমরা।’ এরপর ফারজানার নাচের সঙ্গে নাচলেন সবাই। একক গান করেন রিমঝিম আহমেদ, মুক্তা, তুষার, ফয়সাল ও আয়াজ মাহমুদ। ‘ছলছল কলকল নদী করে টলমল...’, ‘আকাশের ঐ মিটিমিটি তারা’ গানগুলো যেন বন্ধুদের মনের কথাই বলে। শেষে ‘সাধের লাউ...।’ সে গানে সুফিয়ানের কোমর দোলানো নাচ সবাইকে মাতিয়ে দেয়। বন্ধুত্বের শক্তিতে দেশকে বদলে দেওয়ার শপথে শেষ হয় জমজমাট আড্ডা।