বন্ধুসভার একুশে সংকলন সন্তরণের মোড়ক উন্মোচন

প্রকাশিত হলো প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভার একুশে সংকলন সন্তরণ। এ উপলক্ষে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি মিনহাজ হোসাইনের সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।
বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, হেড অব বিজনেস আবু ইউসুফ, আর্টল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল জিকো, বিএসআরএমের ক্রয় বিভাগের প্রধান আলী মাহবুব হোসাইন, সন্তরণ-এর সম্পাদক আলমগীর রুমি। তিনি সন্তরণ প্রকাশনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন। এরপর বড় পর্দায় প্রদর্শন করা হয় চট্টগ্রাম বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্যদের ছবি ও বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত একটি তথ্যচিত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এই ধরণনর প্রকাশনার মাধ্যমে তরুণ প্রজন্ম লেখনীর প্রতি আরও বেশি উৎসাহিত হবে। লিখতে হলে জানার বিকল্প নেই। এভাবেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ তরুণ প্রজন্ম। যারা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবে দেশকে।’আলোচনা সভা শেষে অতিথিরা সন্তরণ-এর মোড়ক উন্মোচন করেন।